০২:০৬ পি.এম
বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়াল সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছেন অভিনেতা আমির খান। পরিচালক রাজকুমার হিরানি সিনেমাটির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। তিনি আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমিরকে চিত্রনাট্যের চূড়ান্ত সংস্করণ শোনাতে পারেন। সম্প্রতি সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই তথ্য জানান আমির।
সিক্যুয়েল নিয়ে কথা বলতে গিয়ে আমির বলেন, “আমি খুব বেশি কিছু বলতে পারব না। তবে এটুকু বলতে পারি, রাজু চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। আশা করছি, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমি ফিরে এলে তিনি আমাকে চূড়ান্ত সংস্করণটি শোনাবেন। দেখা যাক কী হয়।”
আমিরের এই বক্তব্যে ‘থ্রি ইডিয়টস’-এর নতুন কিস্তি নিয়ে দর্শকদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। তবে সিনেমাটির শুটিং শুরুর সময় কিংবা মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। আপাতত চিত্রনাট্য তৈরির কাজেই প্রকল্পটি এগোচ্ছে।
আরও পড়ুন: জয়ের বাবার সঙ্গে স্পিকারের পুরোনো ছবি, ভক্তদের মন্তব্য ‘এবার জমি নিশ্চিত’
গল্পে থাকবে ১৫-২০ বছর পরের জীবন
এর আগে ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে রাজকুমার হিরানি জানিয়েছিলেন, নতুন সিনেমায় আগের চরিত্রগুলোর জীবনের পরবর্তী অধ্যায় তুলে ধরার পরিকল্পনা রয়েছে। প্রথম সিনেমার মতো কলেজজীবন নয়, বরং ১৫ থেকে ২০ বছর পর চরিত্রগুলোর জীবনে কী ঘটেছে, তা নিয়েই এগোতে পারে গল্প।
হিরানির ভাষ্য অনুযায়ী, চরিত্রগুলো তত দিনে বিবাহিত এবং তাদের সন্তানও রয়েছে। জীবনের মধ্যবয়সে এসে নানা সংকটের মুখোমুখি হওয়ার বিষয়টিও গল্পে জায়গা পেতে পারে। তবে সিক্যুয়েলের পূর্ণাঙ্গ কাহিনি এখনো প্রকাশ করা হয়নি।
২০০৯ সালে মুক্তি পায় রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’। আমির খান, আর মাধবান, শারমান জোশি, কারিনা কাপুর খান ও বোমান ইরানি অভিনীত সিনেমাটি বন্ধুত্ব, শিক্ষাব্যবস্থা, পরিবারের প্রত্যাশা এবং নিজের পছন্দের পথে এগিয়ে যাওয়ার গল্প দিয়ে দর্শকদের মন জয় করে। সিনেমাটির সংলাপ ও চরিত্রগুলোও দীর্ঘদিন ধরে জনপ্রিয়।
আরও পড়ুন: আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে উৎসবের আয়োজন করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী
‘আন্দাজ আপনা আপনা’ নিয়েও নতুন কাজ
একই অনুষ্ঠানে আমির জানান, পরিচালক রাজকুমার সন্তোষী ‘আন্দাজ আপনা আপনা’ নিয়ে নতুন একটি কাজ করছেন। তবে সেটি ১৯৯৪ সালের জনপ্রিয় কমেডি সিনেমাটির সিক্যুয়েল কি না, তা নিশ্চিত করেননি তিনি। এ বিষয়ে বিস্তারিতও জানাননি অভিনেতা।
সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসরে আমিরের জন্য ছিল আরেকটি বিশেষ মুহূর্ত। সেখানে হংকংয়ের চলচ্চিত্র নির্মাতা পিটার চ্যান হো-সান তাকে ‘স্ক্রিন আইকন অ্যাওয়ার্ড’ প্রদান করেন। এ সম্মান পাওয়া প্রথম ভারতীয় অভিনেতা আমির খান।
আরও পড়ুন: তানজিন তিশার ক্ষোভ, ফ্যাশন ডিজাইনারের বিরুদ্ধে মামলার প্রেক্ষাপটে প্রশ্ন তুললেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন