০৭:৪৩ পি.এম
খুলনা, ৪ অক্টোবর, ২০২৬ : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উল্লেখ করেছেন যে, ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার।
মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচির আওতায় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এই কর্মসূচি উপজেলা, ইউনিয়ন এবং মাঠ পর্যায়েও বাস্তবায়িত হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুপারভিশন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ সকালে সচিবালয়ের নিজ দপ্তর থেকে অনলাইনে যুক্ত হয়ে খুলনা সিএসএস আভা সেন্টারে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়নাধীন কার্যক্রম অবহিতকরণ শীর্ষক খুলনা বিভাগীয় সেমিনারের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, জনবল বৃদ্ধি, যন্ত্রপাতি বাড়ানো এবং পদোন্নতির বিষয়ে কাজ চলছে। কিছু বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হয়েছে, তবে আরও অনেক কিছু দৃশ্যমান হতে হবে।
তিনি উল্লেখ করেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং হঠাৎ ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্কিত ঘটনার বিষয়ে দ্রুত সাড়া দেওয়ার জন্য সবাইকে আরও সচেতন ও উদ্যোগী হতে হবে।
মন্ত্রী বলেন, মানুষ যত আধুনিক ও উন্নত হচ্ছে, সমাজে তত ধরনের বিভিন্ন সমস্যা ও বৈষম্য সৃষ্টি হচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সমাজকল্যাণের কার্যক্রম পরিচালনা করতে হবে।
এছাড়া, স্বাভাবিক জনগণের পাশাপাশি প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া জনগণের জন্যও কাজ করার সুযোগ রয়েছে বলেও তিনি জানান।
আরও পড়ুন: ফ্যামিলি ও কৃষক কার্ড দারিদ্র্য নিরসন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ হিসেবে বিবেচিত
সেমিনারে খুলনা সিএসএস আভা সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।
বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়ের সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) মোহা. কামরুজ্জামান।
এতে খুলনা বিভাগের ১০ জেলার সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা অফিসার, উপজেলা সমাজসেবা অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: কমলনগরে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের দায়ে চারজনকে কারাদণ্ড ও জরিমানা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন