শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:২২ পি.এম
বাংলাদেশ পুলিশের জন্য একটি স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হচ্ছে, যা সাইবার অপরাধ মোকাবিলায় কাজ করবে। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) নেতৃত্বে, বিশেষ এই ইউনিটটি প্রাথমিকভাবে পুলিশের বর্তমান জনবল ও সরঞ্জাম ব্যবহার করে কার্যক্রম শুরু করবে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে ২১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। চিঠিটি মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ স্বাক্ষরিত, যেখানে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোয় বিশেষায়িত ও স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, পুলিশের বর্তমান জনবল ও সরঞ্জাম ব্যবহার করে একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে সাইবার পুলিশ ইউনিটের কার্যক্রম শুরু করার অনুমোদন দেওয়া হয়েছে। তবে ইউনিটটির পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো, নতুন পদের সংখ্যা, যানবাহন ও অন্যান্য লজিস্টিকস এখনও চূড়ান্ত হয়নি। এ কারণে প্রয়োজনীয় পদ সৃষ্টি এবং যানবাহন টিওঅ্যান্ডইভুক্তকরণসহ পূর্ণাঙ্গ প্রস্তাব তিন কার্যদিবসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে সাইবার অপরাধের তদন্ত, ডিজিটাল প্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণ এবং ডিজিটাল ফরেনসিক কার্যক্রম পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিটে ছড়িয়ে-ছিটিয়ে পরিচালিত হচ্ছে। অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ইউনিট এবং পুলিশের অন্যান্য সংশ্লিষ্ট শাখা আলাদাভাবে এসব কাজ করছে। নতুন ইউনিটের মাধ্যমে এসব সক্ষমতাকে একটি স্থায়ী ও সমন্বিত কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানায়, দেশে সাইবার অপরাধ বৃদ্ধি পাওয়ায় অপরাধের ধরনে ব্যাপক পরিবর্তন ঘটেছে। সাইবার অপরাধীদের ধরা ও নিয়ন্ত্রণে প্রশিক্ষিত পুলিশ সদস্য প্রয়োজন। এজন্য বিভিন্ন ইউনিটে থাকা সাইবার বিশেষজ্ঞ পুলিশ কর্মকর্তারা সাইবার পুলিশ ইউনিটে যুক্ত হবেন।
বর্তমানে সিআইডির অধীনে সাইবার পুলিশ সেন্টার ও ফরেনসিক বিভাগ রয়েছে। পুলিশের নিজস্ব তথ্য অনুযায়ী, সিআইডির ফরেনসিক বিভাগের আওতায় ডিজিটাল তদন্ত ও ফরেনসিক-সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রমও পরিচালিত হচ্ছে। সিআইডির বর্তমান সাংগঠনিক তথ্য অনুযায়ী ডিআইজি (সাইবার পুলিশ সেন্টার) পদও রয়েছে। সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের বর্তমান কাঠামো একেবারে শূন্য থেকে তৈরি হচ্ছে না। পূর্বে থাকা সক্ষমতাকে নতুনভাবে কাঠামোর মধ্যে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কাঠামোর মধ্যেও সাইবার অপরাধ সংক্রান্ত কর্মকর্তা রয়েছেন। ফলে নতুন ইউনিট গঠনের পর এসব ইউনিটের দায়িত্ব, এখতিয়ার ও জনবলের পুনর্বিন্যাস হবে।
২১ সেপ্টেম্বরের মন্ত্রণালয়ের চিঠিতে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা নেই। ফলে নতুন ইউনিট চালু হওয়ার পর সিআইডি, ডিএমপি ও অন্যান্য ইউনিটের সঙ্গে এর সম্পর্ক কী হবে, কোন ধরনের মামলা নতুন ইউনিট তদন্ত করবে এবং কোন পর্যায়ে স্থানীয় থানা বা জেলা পুলিশের ভূমিকা থাকবে- এসব বিষয় পরবর্তী সাংগঠনিক প্রস্তাবে স্পষ্ট হওয়ার কথা রয়েছে বলে মনে করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ গণমাধ্যমকে জানান, পুলিশের সাইবার ইউনিট গঠনের প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে। বর্তমান জনবল ও অবকাঠামোর মধ্যেই প্রাথমিকভাবে ইউনিটটির কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। পুলিশের প্রস্তাবিত কাঠামোতে প্রয়োজনীয় সংশোধন শেষে তা দ্রুত মন্ত্রণালয়ে পাঠানোর কাজ চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) আবারও একটি ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। পূর্বাঞ্চলীয় টাঙ্গানিকা হ্রদে শতাধিক যাত্রী ও মালামাল নিয়ে একটি নৌযান ডুবে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৪৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। খবরটি আল জাজিরা থেকে জানা যায়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে কঙ্গোর ম্যাপেরা গ্রামের কাছে টাঙ্গানিকা হ্রদে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় প্রশাসন জানায়, নৌকাটি তানজানিয়ার কিগোমা বন্দর থেকে যাত্রী ও মালামাল নিয়ে কঙ্গোর কালেমি শহরের দিকে যাচ্ছিল।
দুর্ঘটনার শিকার যাত্রী আনি ময়োনি জানান, রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ করে তাদের ঘুম ভেঙে যায়। এ সময় যাত্রীরা দেখতে পান নৌকাটি একদিকে প্রচণ্ডভাবে কাত হয়ে পড়েছে এবং মুহূর্তের মধ্যেই তা হ্রদের পানিতে তলিয়ে যায়।
নৌকাডুবির সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ডিআরসির তানগানিকা প্রদেশের পরিবহনমন্ত্রী নরিস মূলঙ্গোয়ী বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, নিখোঁজ যাত্রীদের সন্ধানে হ্রদে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ডিআরসিতে নৌযানগুলো প্রায়ই ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ও পণ্য বহন করে থাকে। অধিকাংশ নৌযানে লাইফ জ্যাকেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম না থাকার কারণে প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটে। সড়ক অবকাঠামোর দুর্বলতা কারণে ১০ কোটির বেশি জনসংখ্যার এই দেশে নৌপথই যাতায়াতের প্রধান মাধ্যম।
এর আগে গত জুলাইয়ে কঙ্গোর মধ্যাঞ্চলে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীদের বহনকারী একটি কাঠের নৌকা ডুবে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের অবিভক্ত মধুপুর উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, পাইস্কা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ধনবাড়ী পৌরসভার সাবেক মেয়র হাবিবুল্লাহ ফকির ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি ওয়াইন্নি ইলাইহি রাজিউন)। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮ টার সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
তার জানাযা নামাজে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রোকনুজ্জামান সুজা, মধুপুর উপজেলা বিএনপি’র সভাপতি জাকির হোসেন সরকার, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এসএমএ ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন সহ ধনবাড়ী ও মধুপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা অংশ নেয়।
এসময় তারা বাংলাদেশ জামায়াতে ইসলাম, এনসিপি, গণ অধিকার ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভি’র সাংবাদিক হাফিজুর রহমান এবং ধনবাড়ী বাজারের ব্যবসায়ী মহলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
মৃত্যুকালে তার বয়স ছিলো ৭৭ বছর। তিনি স্ত্রী ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় প্রথম জানাযা নামায ধনবাড়ী সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এবং বাদ জুমা দ্বিতীয় জানাযা নামায পাইস্কা উচ্চ বিদ্যালয় মাঠে শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) পুরুষ ফুটসালের নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে। এই র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানটি ব্রাজিলের দখলে রয়েছে, আর চতুর্থ স্থানে রয়েছে আর্জেন্টিনা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ফিফা পুরুষ ফুটসাল দলের হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে।
প্রকাশিত তালিকার তথ্য অনুযায়ী, ১৬৮৪.৯৭ পয়েন্ট নিয়ে ব্রাজিল র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রয়েছে। শীর্ষ তালিকায় অন্যান্য দলের অবস্থানেও তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি।
দ্বিতীয় স্থানে ১৫৭৫.৩২ পয়েন্ট নিয়ে পর্তুগাল অবস্থান করছে, আর তাদের খুব কাছাকাছি তৃতীয় স্থানে রয়েছে স্পেন, যাদের পয়েন্ট ১৫৭৪.৩৯। এছাড়া, ১৫১৩.৩৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে আর্জেন্টিনা, এবং পঞ্চম স্থানে রয়েছে মরক্কো।
তবে র্যাঙ্কিংয়ে জাম্বিয়া সবচেয়ে বড় চমক দেখিয়েছে। তারা ৪ ধাপ উন্নতি করে সেরা উন্নতির দল হিসেবে পরিচিতি পেয়েছে। এছাড়া, সর্বাধিক ১৯.৪৯ পয়েন্ট অর্জন করে ভিয়েতনামও নজর কেড়েছে।
অন্যদিকে, মন্টেনিগ্রো র্যাঙ্কিংয়ে সবচেয়ে বাজে সময় পার করছে। তারা সর্বাধিক ১৩ ধাপ নিচে নেমে গেছে এবং তাদের পয়েন্ট কমেছে ২৬.৬৯।
ফিফা জানিয়েছে, র্যাঙ্কিংয়ের পরবর্তী হালনাগাদ আগামী ১১ ডিসেম্বর প্রকাশিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্য হোয়াইট হাউসে একটি ব্যস্ত দিন রাষ্ট্রীয় নৈশভোজের মাধ্যমে শেষ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায়, হোয়াইট হাউসের ইস্ট রুমে দুই নেতা শীর্ষ মার্কিন ব্যবসায়ী ও কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন। এরপর রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করা হয়।
নৈশভোজের পূর্বে, দুই নেতা সকালে পৃথক বক্তব্যে দুই দেশের সম্পর্কের ঘনিষ্ঠতার বিষয়টি তুলে ধরেন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। শি জিনপিং দুই দেশের সম্পর্ককে ‘নতুন ঐতিহাসিক সন্ধিক্ষণ’ হিসেবে উল্লেখ করেন। অপরদিকে, ট্রাম্প বাণিজ্য সম্পর্ক এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
দিনের শুরুতে, শি ও ট্রাম্প এ বছর দ্বিতীয়বারের মতো সরাসরি বৈঠকে বসেন। বৈঠকে তাইওয়ান, মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবং ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠককে ট্রাম্প ‘চমৎকার’ বলে অভিহিত করেন।
পরে, ট্রাম্প চীনা প্রেসিডেন্টকে হোয়াইট হাউসের নতুন হেলিপ্যাডও ঘুরিয়ে দেখান।
রাষ্ট্রীয় নৈশভোজে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী, কর্মকর্তা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই নৈশভোজের আয়োজনকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি ‘রন্ধন কূটনীতি’র একটি অংশ হিসেবেও দেখা হচ্ছে। সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট।
তালাশ বিডি/মিডিয়া লিঃ