ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মাদারীপুরে ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, তালাবদ্ধ কক্ষে অপেক্ষায় সেবাগ্রহীতা


মাদারীপুরে ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, তালাবদ্ধ কক্ষে অপেক্ষায় সেবাগ্রহীতা

মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অফিস চলাকালীন দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি, অফিসের কক্ষ তালাবদ্ধ রাখা এবং অতিরিক্ত অর্থ ছাড়া কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ করেছেন স্থানীয় সেবাগ্রহীতারা।

রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে নবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, অফিসের প্রতিটি কক্ষের দরজায় তালা ঝুলছে। তবে কক্ষগুলোর জানালা খোলা ছিল। এ সময় অফিসের বাইরে পাঁচ থেকে ছয়জন সেবাগ্রহীতা অপেক্ষা করছিলেন। তাঁদের কেউ প্রায় ১০ কিলোমিটার দূর থেকে ভূমি সেবা নিতে এসেছেন, আবার কেউ দোকান বন্ধ রেখে এসেছেন বলে জানান।

স্থানীয় সেবাগ্রহীতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভূমি অফিসে ঘুরেও কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না। নিয়ম অনুযায়ী সেবা নিতে গিয়ে নানা ধরনের হয়রানি ও ভোগান্তির পাশাপাশি অতিরিক্ত টাকা দেওয়ার চাপের মুখে পড়তে হয় বলেও অভিযোগ তাঁদের।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

নবগ্রাম ইউনিয়নের চলবল গ্রামের বাসিন্দা নির্মল মল্লিক অভিযোগ করে বলেন, মিউটেশনের কাজ করে দেওয়ার কথা বলে ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সৈয়দ মিন্টুকে তিনি পাঁচ হাজার টাকা দিয়েছেন। তবে টাকা দেওয়ার পরও তাঁর মিউটেশনের কাগজে ভুল হয়েছে। এ বিষয়ে সংশোধনের জন্য অফিসে এসে দীর্ঘ সময় অপেক্ষা করেও কাউকে পাননি বলে জানান তিনি।

নির্মল মল্লিক বলেন, ‘আমি সৈয়দ মিন্টুর কাছে পাঁচ হাজার টাকা দিয়েছি। কিন্তু আমার মিউটেশনেও ভুল হয়েছে। প্রায় দুই ঘণ্টা ধরে অপেক্ষা করছি। অফিসে তালা দেওয়া, কাউকে পাচ্ছি না।’

অফিসের কক্ষগুলো তালাবদ্ধ থাকার বিষয়ে অফিস সহায়ক সৈয়দ মিন্টুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দুপুরের খাবার ও নামাজের জন্য বাড়িতে গিয়েছিলেন। সাংবাদিকদের ফোন পাওয়ার কিছুক্ষণ পর তিনি মোটরসাইকেলে করে অফিসে এসে পৌঁছান।

অফিস বন্ধ রেখে বাইরে যাওয়ার বিষয়ে জানতে চাইলে সৈয়দ মিন্টু অসুস্থতা, নামাজ ও পারিবারিক সমস্যার কথা জানান। তাঁর ভাষ্য, ‘আমি একটু অসুস্থ থাকার কারণে দেরি হয়েছে। নামাজে গিয়েছিলাম।’

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তবে স্থানীয়দের অভিযোগ, অফিস বন্ধ রেখে অফিস সহায়কের বাইরে চলে যাওয়ার ঘটনা নতুন নয়। প্রায়ই অফিস বন্ধ রেখে তিনি বাড়িতে চলে যান বলে দাবি তাঁদের।

এদিকে, অফিস চলাকালীন ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মো. রাজ্জাককেও কার্যালয়ে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অফিসের কম্পিউটারে সমস্যা হওয়ায় সেটি মেরামতের জন্য তিনি মাদারীপুর শহরে গেছেন।

অফিসে দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি এবং সেবাগ্রহীতাদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নবগ্রাম ইউনিয়নের ১৫টি গ্রামের প্রায় ১৪ হাজার মানুষের ভূমি সেবার অন্যতম প্রধান কেন্দ্র এই ইউনিয়ন ভূমি অফিস। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সরকারি দপ্তরে সেবা নিতে এসে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়ছেন তাঁরা।

আরও পড়ুন: নওগাঁয় ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির হাতে গ্রেপ্তার জব্বার

ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি, অফিস তালাবদ্ধ রাখা কিংবা অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের সত্যতা কতটুকু, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছিল যেসব উল্লেখযোগ্য ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১১:৩১ এম


ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছিল যেসব উল্লেখযোগ্য ঘটনা

বিশ্বের ইতিহাসে প্রতিদিন ঘটে নানা ধরনের ঘটনা। উদ্ভাবন ও উন্মোচন ঘটে বিভিন্ন ক্ষেত্রে। জন্মের পাশাপাশি অনেকের মৃত্যু ঘটে। প্রতিদিনের এসব ঘটনার মধ্যে কিছু ঘটনা মানুষের মনে স্থায়ীভাবে দাগ কাটে। কিছু ঘটনা ইতিহাসের পাতায় স্থান পায়।

সোমবার (৩১ আগস্ট) এক নজরে দেখা যাক তেমন কিছু গুরুত্বপূর্ণ ঘটনা।

ঘটনাবলি

১৮৪৮ সালে প্রথমবারের মতো সংবাদপত্রে আবহাওয়া বার্তা প্রকাশিত হয়।

১৮৫৮ সালে ব্রিটিশ সরকার ভারতের শাসনভার গ্রহণ করে, যা পূর্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ছিল।

১৯০৫ সালে বঙ্গভঙ্গ বিল পাস হয়।

১৯০৭ সালে ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে ইঙ্গ-রুশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৫৭ সালে মালয়েশিয়া স্বাধীনতা অর্জন করে।

১৯৫৯ সালে কলকাতায় খাদ্যের দাবিতে কৃষক মিছিলে ভারতের কংগ্রেস সরকারের গুলি চালনায় ৮০ জন নিহত হয়।

১৯৬২ সালে ত্রিনিদাদ ও টোবাগো ব্রিটিশ উপনিবেশবাদীদের হাত থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।

১৯৬৩ সালে ক্রেমলিন ও হোয়াইট হাউসের মধ্যে হট লাইন স্থাপন করা হয়।

১৯৬৫ সালে মালয়েশিয়ার জাতীয় পতাকা যুক্তরাজ্যে প্রথমবারের মতো উত্তোলন করা হয়।

১৯৬৮ সালে ভারতে তৈরি উপগ্রহ ‘রোহিনী’ আকাশপথে যাত্রা করে।

১৯৬৮ সালে ইরানের খোরাশানে মারাত্মক ভূমিকম্পে ১৮ হাজার মানুষ নিহত হয়।

১৯৭১ সালে সংগীতশিল্পী আলতাফ মাহমুদ পাকিস্তান সেনাবাহিনীর হাতে নিহত হন।

১৯৭৫ সালে গণচীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।

১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রজাতন্ত্র কিরগিজিস্তান স্বাধীনতা লাভ করে।

২০০৫ সালে ইরাকের কাজেমাইন শহরে এক শোকানুষ্ঠানে প্রায় এক হাজার ইরাকি মর্মান্তিকভাবে নিহত হয়।

জন্ম

০০১২- কালিগুলা, রোমান সম্রাট।

০১৬১- কোমোডুস, রোমান সম্রাট।

১৮২১- হারমান ভন হেল্মহোল্টয, জার্মান চিকিৎসক ও পদার্থবিজ্ঞানী।

১৯১৩- বার্নার্ড লভেল্, ইংরেজ পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী।

১৯৩৬- ভ্লাদিমির অরলভ, রাশিয়ান লেখক।

১৮৪৩- গেয়র্গ ভন হেরটলিং, জার্মান শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সপ্তম চ্যান্সেলর।

১৮৪৪- চন্দ্রনাথ বসু, শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজসেবী।

১৮৭০- মারিয়া মন্টেসরি, ইতালীয় চিকিৎসক এবং শিক্ষাবিদ, যিনি ‘মন্টেসরি শিক্ষাপদ্ধতির’ প্রতিষ্ঠাতা।

১৮৭৯- আল্‌মা মাহ্‌লের, অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান সুরকার ও চিত্রশিল্পী।

১৮৮৮- কানাইলাল দত্ত, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং বিপ্লবী।

১৮৯৭- ফ্রেডরিক মার্চ, আমেরিকান লেফটেন্যান্ট, অভিনেতা ও গায়ক।

১৯০৭- রামোন ডেল ফিরো ম্যাগসেসে, ফিলিপিনো অধিনায়ক, প্রকৌশলী, রাজনীতিবিদ ও সপ্তম সভাপতি।

১৯১৯- অমৃতা প্রীতম, ভারতীয় কবি ও লেখক। ১৯২৮ - জেমস হ্যারিসন কোবার্ন, আমেরিকান অভিনেতা।

১৯৪৪- ক্লাইভ লয়েড, ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার।

১৯৪৫- ভ্যান মরিসন, উত্তর আইরিশ গায়ক ও গীতিকার।

১৯৪৯- এইচ ডেভিড পলিতজার, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী।

১৯৪৯- রিচার্ড গিয়ার, আমেরিকান অভিনেতা ও প্রযোজক।

১৯৬০- হাসান নাসরুল্লাহ, লেবাননের রাজনৈতিক ও আধাসামরিক প্রতিষ্ঠান, হিজবুল্লাহর তৃতীয় মহাসচিব।

১৯৬৩- ঋতুপর্ণ ঘোষ, বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র নির্মাতা।

১৯৬৯- জাভাগাল শ্রীনাথ, সাবেক ভারতীয় ক্রিকেটার।

১৯৭০- নিকোলা গ্রুয়েভস্কি, ম্যাসাডোনিয়া অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ষষ্ঠ প্রধানমন্ত্রী।

১৯৭৭- জেফ হার্ডি, আমেরিকান কুস্তিগির ও গায়ক।

১৯৮২- পেপে রেইনা, স্প্যানিশ ফুটবল খেলোয়াড়।

১৯৮৫- রোলানদো জর্জ পিরেস দা ফনসেকা, পর্তুগিজ ফুটবলার।

মৃত্যু

১৪২২- পঞ্চম হেনরি, ইংল্যান্ডের রাজা।

১৬৮৮- জন বুনয়ান, ইংরেজ প্রচারক, ধর্মতত্ত্ববিদ ও লেখক।

১৭৯৫- ফ্রাসোয়া-আঁদ্রে ডানিকান ফিলিডোর, ফরাসি বংশোদ্ভূত ইংরেজ দাবা খেলোয়াড় ও সুরকার।

১৮১১- লুই আন্তনিও ডি বোউগাইনভিলে, ফরাসি নৌ সেনাপতি ও এক্সপ্লোরার।

১৮১৪- আর্থার ফিলিপ, ইংরেজ অ্যাডমিরাল, রাজনীতিবিদ ও নিউ সাউথ ওয়েল্সের প্রথম গভর্নর।

১৮৬৪- ফের্দিনান্দ লাসালে, জার্মান বিচারক, দার্শনিক এবং সমাজতান্ত্রিক রাজনৈতিক কর্মী।

১৮৬৭- শার্ল বোদলেয়ার, ফরাসি কবি।

১৯২০- উইলহেম উন্ট, জার্মান চিকিৎসক, মনোবৈজ্ঞানিক ও দার্শনিক।

১৯৪১- মারিনা টসভেটাভা, রাশিয়ান কবি ও লেখক।

১৯৬৩- জর্জ ব্রাকুয়ে, ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর।

১৯৭১- বশীশ্বর সেন, খ্যাতনামা ভারতীয় বাঙালি কৃষিবিজ্ঞানী। একই দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত গেরিলা মুক্তিযোদ্ধা, বীর বিক্রম ও ক্রিকেটার আবদুল হালিম চৌধুরী জুয়েলও শহীদ হন।

১৯৭৩- জন ফোর্ড, আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৮৫- ফ্রাঙ্ক ম্যাকফারলেন বার্নেট, নোবেল পুরস্কার বিজয়ী জীববিজ্ঞানী।

১৯৮৬- উরহো কেকোনেন, ফিনিশ সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ ও অষ্টম সভাপতি।

১৯৮৮- কনক বিশ্বাস, বিশ শতকের খ্যাতনামা রবীন্দ্রসংগীত শিল্পী।

১৯৯৩- স্টেলা ক্রামরিশ, অস্ট্রীয় বংশোদ্ভূত মার্কিন ইতিহাসবিদ ও কিউরেটর যিনি মূলত ভারতীয় শিল্পের ইতিহাস নিয়ে প্রসিদ্ধি লাভ করেন।

১৯৯৭- প্রিন্সেস ডায়ানা, যুক্তরাজ্যের প্রাক্তন যুবরাজ্ঞী।

২০০২- জর্জ পোর্টার, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ।

২০০৫- জোসেফ রটব্লাট, নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ বংশোদ্ভূত ইংরেজ পদার্থবিদ।

২০০৮- কেন ক্যাম্পবেল, ইংরেজ লেখক, অভিনেতা, পরিচালক ও কৌতুকাভিনেতা।

২০১৩- ডেভিড প্যারাডাইন ফ্রস্ট, ইংরেজ রসায়নবিদ ও শিক্ষাবিদ।

২০২০- প্রণব মুখোপাধ্যায়, ভারতের প্রথম বাঙালি ও ত্রয়োদশ রাষ্ট্রপতি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১১:৩২ এম


লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পর কানাডার লেক অন্টারিওর নাম গুগল ম্যাপসে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য ‘লেক আমেরিকা’ হিসেবে পরিবর্তন করা হয়েছে। এই তথ্য শনিবার গুগলের একটি বিবৃতিতে জানানো হয়।

কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য বিরোধের প্রেক্ষাপটে, গত বৃহস্পতিবার ট্রাম্প পাঁচটি গ্রেট লেকসের অন্যতম লেক অন্টারিওর নাম পরিবর্তনের ঘোষণা দেন। দুই দেশ ইতিমধ্যে একে অপরের শত শত কোটি ডলারের পণ্যে পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছে।

ট্রাম্পের এই নির্বাহী আদেশটি যুক্তরাষ্ট্রের সরকারি মানচিত্রের নাম নির্ধারণকারী সংস্থা ইউএস জিওগ্রাফিক নেমস ইনফরমেশন সিস্টেমের ওপর কার্যকর হবে। তবে কানাডার নামকরণ নীতি বা বিশ্বের অন্যান্য দেশে হ্রদটির নাম কী থাকবে, তাতে এর কোনো প্রভাব পড়বে না।

গুগল জানিয়েছে, সরকারি তথ্যের ভিত্তিতে সাধারণত গুগল ম্যাপসের নাম হালনাগাদ করা হয়। তাই যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এখন লেক অন্টারিওকে ‘লেক আমেরিকা’ নামে দেখতে পাবেন। অন্যদিকে, কানাডার ব্যবহারকারীদের কাছে আগের নাম ‘লেক অন্টারিও’ই থাকবে। আর যুক্তরাষ্ট্র ও কানাডার বাইরে ব্যবহারকারীরা দুই নামই দেখতে সক্ষম হবেন।

এর আগে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ট্রাম্প মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের নির্বাহী আদেশ দিয়েছিলেন। পরবর্তীতে গুগল ম্যাপস সেটির নাম ‘গালফ অব আমেরিকা’ হিসেবে পরিবর্তন করে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জানিয়েছেন, নিউ ইয়র্ক লেক অন্টারিওকে নতুন নামে ডাকবে না। ভারমন্টের গভর্নর ফিল স্কট এই সিদ্ধান্তটিকে ‘তুচ্ছ ও হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন।

শনিবার, লেকটির তীরে নতুন একটি সাইনবোর্ড উন্মোচন করেন অন্টারিওর প্রধানমন্ত্রী ডগ ফোর্ড। সেখানে ইংরেজি ও ফরাসি ভাষায় লেখা হয়েছে, ‘লেক অন্টারিও, এখনও এবং সর্বদা।’

ফোর্ড বলেন, ট্রাম্প এটিকে যা খুশি নামে ডাকতে পারেন। তবে বাকি বিশ্ব এটিকে সবসময় লেক অন্টারিও নামেই ডাকবে।

সূত্র:

আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২১

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১১:৩৭ এম


নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২১

নোয়াখালী জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (৩১ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার। এর আগে, রোববার দিনব্যাপী জেলার বিভিন্ন থানা ও বিট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে মোট ১৮টি অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ২১ জনের মধ্যে ২ জন মাদক ব্যবসায়ী ও ১৯ জন মাদকসেবী রয়েছেন। বেগমগঞ্জ মডেল থানার পৃথক অভিযানে ১১২ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে ছয়জনকে সাজা দেওয়া হয়। সেনবাগ থানায় মাদকসেবনের দায়ে ১১ জনকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া সোনাইমুড়ী থানায় ২ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করে নিয়মিত মামলা করা হয়। কবিরহাট থানায় আরও ২ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। পরে মোবাইল কোর্ট তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন।

নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার আরও বলেন, মাদক ব্যবসা, সরবরাহ, বহন ও সেবনের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
৭১ এর মানিবতাবিরোধী অপরাধ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১১:৩৮ এম


মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, সে বিষয়ে আদেশ ৭ সেপ্টেম্বর জানানো হবে।

সোমবার (৩১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বে আপিল বেঞ্চে শুনানি শেষে ৭ সেপ্টেম্বর আদেশের দিন নির্ধারণ করা হয়।

মৃত্যুদণ্ডের রায়ের ৪ হাজার ৯১৫ দিন পর আবুল কালাম আযাদ আপিল করার সুযোগ পাবেন কি না, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আদালতে আবেদনের পক্ষে সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক উপস্থিত রয়েছেন। প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দায়িত্ব পালন করছেন।

আপিলে আবুল কালাম আযাদ বিলম্ব মার্জনার আবেদন করেছেন এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজা স্থগিত করার অনুরোধ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%