শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:০৪ পি.এম
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার ফলে সৃষ্ট ধ্বংসাবশেষের মাঝে মানবিক সংকটের সমাধানের জন্য ব্রিটেনকে ‘আরও বড় ও চূড়ান্ত পদক্ষেপ’ গ্রহণের আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড।
তিনি একটি ভিডিও বার্তায়, যা ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে, উল্লেখ করেন, ‘গাজায় সরাসরি অবস্থান করছেন এবং সম্প্রতি সেখান থেকে ঘুরে এসেছেন-এমন ব্যক্তিদের সাথে গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করে এইমাত্র বের হলাম। সত্যি বলতে, সেখানে যা ঘটছে তা অত্যন্ত ভয়াবহ।’
এছাড়া, তিনি জানান, বিশেষজ্ঞরা তাঁকে সতর্ক করে বলেছেন যে ‘ওষুধ পৌঁছাতে বাধা দেওয়া হচ্ছে’ এবং ‘জরুরি জীবনরক্ষাকারী চিকিৎসার অপেক্ষায় থেকে শিশুদের মৃত্যু হচ্ছে।’
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যুক্তরাজ্য সরকার এবং প্রধানমন্ত্রী হিসেবে আমাদের অবশ্যই কার্যকর ভূমিকা রাখতে হবে এবং এখন পর্যন্ত যা পদক্ষেপ নেওয়া হয়েছে, তার চেয়েও আরও জোরালো ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে।’
সূত্র: আল-জাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেইমার জুনিয়রের জন্য খারাপ সময় যেন শেষ হচ্ছে না। নতুন করে বড় ধরনের চোটে আক্রান্ত হয়ে মাঠের বাইরে চলে গেছেন এই তারকা ফরোয়ার্ড।
ডান ঊরুর ইনজুরির কারণে তাকে আগামী চার থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে, যা নিশ্চিত করেছে তার শৈশবের ক্লাব সান্তোস।
বৃহস্পতিবার প্রকাশিত মেডিকেল রিপোর্ট অনুযায়ী, নেইমারের ডান ঊরুর ‘রেক্টাস ফেমোরিস’ পেশিতে ‘টাইপ ২বি’ মাত্রার চোট ধরা পড়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে সর্বোচ্চ দুই মাস পর্যন্ত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে এই ব্রাজিলিয়ান পোস্টার বয়কে।
গত বুধবার কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পালমেইরাসের বিপক্ষে ড্র হওয়া ম্যাচে এই চোট পান নেইমার
ম্যাচের প্রথমার্ধে ডান ঊরুতে তীব্র অস্বস্তি অনুভব করেন তিনি, যার ফলে বিরতির পর আর ঝুঁকি না নিয়ে তাকে তুলে নেওয়া হয়।
তবে এই চোটের পরপরই ক্ষোভে ফেটে পড়েন নেইমার। চোট পাওয়ার পেছনে সান্তোসের ঐতিহ্যবাহী হোম গ্রাউন্ড ‘ভিলা বেলমিরো’র বেহাল দশাকে সরাসরি দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর ৩৩ বছর বয়সী রাজ কুমার দিয়ালির একটি হাতের সন্ধান পেয়েছেন তার স্বজনরা। রাজ কুমারের হাতটি কি না, তা নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।
গত ২৬ আগস্ট ভোতেকোশি নদীর ভয়াবহ বন্যায় রাজ কুমার তার স্ত্রী শ্রীতি দিয়ালি (৩০) এবং চার বছরের ছেলে সিরাজকে নিয়ে নিখোঁজ হন। এরপর থেকে স্বজনরা চিতওয়ান ও নাওয়ালপুরসহ বিভিন্ন এলাকায় তাদের সন্ধানে তল্লাশি চালান। কাদা ও পাথরের স্তূপ সরিয়ে মরদেহ খুঁজলেও কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
পরিবারের সদস্যদের মধ্যে তখনও ক্ষীণ আশা ছিল—হয়তো তারা জীবিত অবস্থায় ফিরে আসবেন। তবে সময়ের সাথে সাথে সেই আশা ফিকে হয়ে আসে।
বন্যার পাঁচ দিন পর রাজ কুমারের ভাতিজা অবিনাশ নাওয়ালপুরে ভেসে আসা একটি মানুষের হাত দেখতে পান। হাতটি ভালোভাবে পর্যবেক্ষণ করে তিনি মনে করেন, এটি তার চাচার হাত হতে পারে। পরে তিনি হোয়াটসঅ্যাপে হাতটির ছবি আমৃত দিয়ালিকে পাঠান।
রাজ কুমারের ভাই আমৃত জানান, ছবিটি দেখার পর তারও মনে হয়েছে হাতটি তার ভাইয়ের। আঙুল ও নখের আকৃতিসহ বেশ কিছু বৈশিষ্ট্য রাজ কুমারের হাতের সঙ্গে মিলে যাচ্ছে।
তবে বিষয়টি নিশ্চিত করার জন্য মঙ্গলবার হাতটির নমুনা ডিএনএ পরীক্ষার জন্য কাঠমান্ডুর ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। পরীক্ষার নমুনাটি বর্তমানে ১৮২তম সিরিয়ালে রয়েছে। ফলে ফল পেতে আরও সময় লাগতে পারে।
আমৃত বলেন, ‘আমরা এখন আর অন্য কিছু পাওয়ার আশা করছি না। ওই হাতটি যদি আমার ভাইয়েরও হয়, অন্তত আমরা নিশ্চিত হতে পারব।’
রাজ কুমার রাসুয়া জেলার স্যাফ্রুবেশিতে প্রায় ১৫ বছর ধরে গয়নার ব্যবসা করতেন। ওই এলাকায় তিনিই ছিলেন একমাত্র গয়না ব্যবসায়ী। ব্যবসা ভালো চলছিল।
বন্যার সময় রাজ কুমারের ভাতিজা শচীন খাতি ভাগ্যক্রমে বেঁচে যান। বন্যার মাত্র কয়েক মিনিট আগে রাজ কুমার তাকে চিলিমেতে বন্ধক রাখা গয়না পৌঁছে দিতে পাঠিয়েছিলেন। শচীন গয়না পৌঁছে দিয়ে ফেরার সময় দেখেন, পানির প্রবল স্রোতে পুরো গ্রাম ভেসে গেছে।
রাজ কুমারের বোন রমা দিয়ালি বলেন, ‘তারা শুধু উৎসবের সময় বাড়িতে আসত, এরপর আবার ফিরে যেত। এখনও আমরা রাস্তার দিকে তাকিয়ে থাকি, ভাবি কখন আমার ভাই বাড়ি ফিরবে।’
বন্যার কয়েক দিন আগে রাজ কুমার স্ত্রী-সন্তানকে নিয়ে কাঠমান্ডু গিয়েছিলেন কাপানে একটি জমি কেনার জন্য অগ্রিম টাকা দিতে। তবে জমির মালিক না আসায় চুক্তির বিষয়টি পরে করার সিদ্ধান্ত হয়। এরপর ২৪ আগস্ট ভোরে তারা রাসুয়ার উদ্দেশে রওনা হন। সেটিই ছিল ভাইয়ের সঙ্গে আমৃতের শেষ দেখা।
শেষবারের সেই স্মৃতি এখনো তাড়িয়ে বেড়াচ্ছে আমৃতকে। তিনি জানান, কাঠমান্ডুতে খাওয়ার পর রাজ কুমারের ছেলে তাকে বলেছিল, ‘চাচা, আমার হাত-মুখটা ধুয়ে দাও।’ শিশুটি তার ফুফু রমার কাছ থেকে দুটি মোরগ এনে দেওয়ার কথাও বলেছিল।
রাজ কুমার দ্রুত রাসুয়ায় ফিরতে চেয়েছিলেন। গোসাইকুণ্ডে যাওয়া পর্যটকদের দেওয়ার জন্য তার কাছে কিছু গয়না ও পণ্য ছিল। অর্ডারগুলো পৌঁছে না দিয়ে তিনি থাকতে চাননি। তিনি জানিয়েছিলেন, ৩০ বা ৩১ আগস্টের দিকে আবার কাঠমান্ডুতে ফিরবেন।
কিন্তু তার আগেই নেমে আসে ভয়াবহ বন্যা। এরপর রাজ কুমার, তার স্ত্রী ও চার বছরের সন্তান নিখোঁজ হন।
এখন পরিবারের অপেক্ষা শুধু ডিএনএ পরীক্ষার ফলের জন্য। স্বজনদের আশা, অন্তত রাজ কুমারের দেহের কোনো অংশের সন্ধান মিললে তারা জানতে পারবেন, ভয়াবহ বন্যার পর তার পরিবারের সঙ্গে আসলে কী ঘটেছিল। তথ্যসূত্র:
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেপালে ভয়াবহ বন্যার ১০ দিন পর কাদামাটিতে ভরা একটি সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে তাকে উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন নেপাল সেনাবাহিনীর একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনেত জানিয়েছেন, সেনাবাহিনী এবং বিদেশি উদ্ধারকারীদের সমন্বয়ে গঠিত যৌথ উদ্ধারকারী দল লুহাইতো নামের ওই চীনা নাগরিককে সুড়ঙ্গের ২২৫ মিটার গভীর থেকে জীবিত উদ্ধার করেছে।
উদ্ধার হওয়া ওই চীনা নাগরিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাজারাম বাসনেত জানান, জলবিদ্যুৎ প্রকল্পটিতে আরও উদ্ধার তৎপরতা চলছে।
এদিন নেপালের বেত্রবতীতে কাদামাটিতে ডুবে থাকা একটি চারতলা ভবনের ওপরের তলা থেকে চান্দিকা শ্রেষ্ঠা (৬০) নামে এক নারীকে উদ্ধার করেছে পুলিশ।
এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) হিমবাহধসের পর সৃষ্ট পাহাড়ি ঢলের নয় দিন পর ত্রিশূলী-৩ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়। তাদের মধ্যে সঞ্জয় শাহ এবং কবির মহারাজন রয়েছেন। জানা গেছে, সঞ্জয় শাহ নেপাল বিদ্যুৎ বিভাগের কর্মী।
গত ২৬ আগস্ট নেপালে এই ভয়াবহ দুর্যোগ শুরু হয়। এতে ১ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধারকারীরা এখনও সুড়ঙ্গের ভেতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে কাজ করছেন।
নেপাল বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা সুরেশ রাউত জানিয়েছেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, সুড়ঙ্গের ভেতরে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্টসহ ১২ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ সব তথ্য নিশ্চিত করেন। এর আগে, একই দিন ভোরে ভোরে হাতিয়া থানাধীন মেঘনা নদীতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
কোস্ট গার্ড জানায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর হাতিয়া থানাধীন মেঘনা নদীতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই এলাকায় সন্দেহজনক দুটি বোটে তল্লাশি চালানো হয়। এ সময় শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৫৯৫ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এসব সিমেন্টের ২৯ হাজার ৭৫০ কেজি এবং আনুমানিক মূল্য ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত দুটি বোটসহ ১২ জন পাচারকারীকে আটক করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ