ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫৩৪ জন, উদ্ধার মাদকদ্রব্য


রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫৩৪ জন, উদ্ধার মাদকদ্রব্য

রাজধানীর বিভিন্ন থানার এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় আটককৃতদের কাছ থেকে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আটকদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৬ জন, লালবাগ বিভাগ থেকে ৬০ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৮ জন, মতিঝিল বিভাগ থেকে ৫২ জন, তেজগাঁও বিভাগ থেকে ৯১ জন, মিরপুর বিভাগ থেকে ১৪৭ জন, গুলশান বিভাগ থেকে ৫০ জন, উত্তরা বিভাগ থেকে ৫৫ জন, এসআরইউ থেকে ১ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকা-দিল্লির কনস্যুলার সংলাপ ১৭-১৮ নভেম্বরের জন্য স্থগিত

অভিযানের সময় ৩টি ককটেল, ৩টি ককটেলের বিস্ফোরিত অংশ বিশেষ, ৬ কেজি গাঁজা, ২০৭ পিস ইয়াবা, ১০ বোতল ফেন্সিডিল, ৯২৫ টি এক হাজার টাকার জাল নোট, ৭টি মোবাইলফোন এবং একজন ভিকটিম উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর পূর্ব পরিকল্পনাগুলো বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব সালেহ শিবলী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৯ এম


প্রধানমন্ত্রীর পূর্ব পরিকল্পনাগুলো বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব সালেহ শিবলী

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের পূর্বে যে পরিকল্পনাগুলো তৈরি করা হয়েছিল, সেগুলো এখন বাস্তবায়িত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব সালেহ শিবলী।

তিনি উল্লেখ করেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার পরিচালনার দায়িত্বে আসার আগেই ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার মাইল খাল খননের পরিকল্পনা জাতির সামনে তুলে ধরেছিলেন। তিনি বিশ্ব জলবায়ু সম্মেলনে এই বিষয়গুলোও উল্লেখ করেছেন। বর্তমানে এসব পরিকল্পনা দেশে বাস্তবায়ন হচ্ছে।'

আজ শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। সালেহ শিবলী আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সঙ্গী ছিলেন।

আজ ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়ে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ব্রিফিংয়ে প্রেস সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষে পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন।

তিনি জানান, গত ৯ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় শুরু হওয়া কপ৩১ সম্মেলন ২০ নভেম্বর পর্যন্ত চলবে। সম্মেলনের গুরুত্বপূর্ণ দুটি দিন ছিল ১১ ও ১২ নভেম্বর, এই সময় প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন।

সালেহ শিবলী বলেন, 'গতকাল আমাদের প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন, তিনি বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেছেন। আলোচনা এখনও চলছে, সেমিনারগুলো চলমান।'

প্রধানমন্ত্রীর সফরের কর্মসূচি বর্ণনা করতে গিয়ে প্রেস সচিব বলেন, 'এ সময় প্রধানমন্ত্রীর অনেক দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিভিন্ন বিষয়ে সেমিনার ও সিম্পোজিয়ামও ছিল। সেগুলো এখনো চলছে।'

সম্মেলনে বাংলাদেশের দাবিগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে উল্লেখ করে সালেহ শিবলী বলেন, 'আমরা আশা করি, পররাষ্ট্র মন্ত্রণালয় আগামী এক-দুই দিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে আরও বিস্তারিত বিষয়গুলো জানাবে।'

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা নিয়েও তিনি মন্তব্য করেন। সালেহ শিবলী বলেন, 'এবার তুরস্ক সফরে গিয়েছেন মাত্র ২১ জন। এটি একটি ইতিবাচক দিক। আরেকটি দিক হচ্ছে, প্রধানমন্ত্রী যখন আসবেন-যাবেন, তখন এখানে হাজার হাজার, লাখ লাখ মানুষের আসা-যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা এই জায়গা থেকে বেরিয়ে এসেছি।'

প্রধানমন্ত্রী কপ৩১ এবং আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নিতে তিন দিনের সফরে গত ১০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান।

গত বৃহস্পতিবার তিনি কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেন। ভাষণে তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের কথা তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফারহান আলী ওয়াহিদের অসাধারণ গোলের গল্প শ্রীলঙ্কার বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০০ এম


ফারহান আলী ওয়াহিদের অসাধারণ গোলের গল্প শ্রীলঙ্কার বিরুদ্ধে

‘ফারহান আলী ওয়াহিদ ডি-বক্সে ঢুকে পড়েছেন কাটিং করে। ফারহান আলী ওয়াহিদ! হোয়াট অ্যা গোল! মাস্টারক্লাস! যেভাবে ডি-বক্সে ঢুকলেন, যেভাবে ফিনিশিং করলেন, গোল করলেন, সত্যিই দুর্দান্ত! দারুণ! দেশের মাটিতে এরচেয়ে ভালো অভিষেক আর কীভাবে হতে পারে! অবিশ্বাস্য! অসাধারণ! আমরা আসলে কী দেখলাম? যা দেখলাম, তা বারবার আমাদের দেখতে হবে! ফারহান আলী ওয়াহিদ, তিনি কাঁধেই থাকবেন। তাকে মাথায় তুলে নিয়েই নাচতে হবে। গোটা বাংলাদেশ আজ তাকে মাথায় তুলে নিয়ে নাচবে। রিমেম্বার দ্য নেম, ফারহান আলী ওয়াহিদ!’

ধারাভাষ্যকারের কণ্ঠে তখন আবেগের বিস্ফোরণ ঘটছিল। মাঠে সতীর্থদের উচ্ছ্বাস, গ্যালারিতে দর্শকের আনন্দ, টেলিভিশনের সামনে অসংখ্য ফুটবলপ্রেমীর বিস্ময়। একটি গোল মুহূর্তেই ছড়িয়ে দিল উৎসবের আনন্দ। গোলের পর সতীর্থদের কাঁধে চড়ে ফারহানের উদযাপন যেন সে উচ্ছ্বাসেরই প্রতিচ্ছবি। শ্রীলঙ্কার বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তরুণ ফুটবলার এমন একটি গোল উপহার দিলেন, যার সৌন্দর্য শুধু বল জালে পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, গোল তৈরির পুরো প্রক্রিয়াতেই রয়েছে। এই জাদুকরি গোলের গল্পের একক কাহিনিকার তিনিই।

ম্যাচের ৫৩ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে সামিতের বাড়ানো বল নিয়ে পেনাল্টি বক্সের দিকে এগিয়ে গেলেন ফারহান। সামনে একের পর এক শ্রীলঙ্কার ডিফেন্ডার। অন্য কেউ হলে এমন অবস্থান থেকে সাধারণত আশপাশে তাকিয়ে পাসিং করাই বেছে নিতেন। কিন্তু ফারহান বাকি কয়েক সেকেন্ডের গল্পটা একাই রচনার দায়িত্ব নিলেন। বল পায়ে নেওয়া থেকে ১১ টাচের বাকিটা সময় তিনি যা করলেন, সেটি যে কোনো ফুটবলার কেবল স্বপ্নেই দেখেন। ফারহান সেটাকে বাস্তবে রূপ দিলেন। পাসিংয়ে না গিয়ে অ্যাডভেঞ্জারের পথ বেছে নিলেন। বল পায়ে নিয়ে সরাসরি আক্রমণে গেলেন। প্রতিপক্ষের পাঁচ ডিফেন্ডারের রক্ষণ ভাঙার দায়িত্ব যেন নিজের কাঁধেই তুলে নিলেন।

শুরু হলো ফুটওয়ার্কের প্রদর্শনী। প্রথমেই ক্লোজ কন্ট্রোল। দ্রুতগতিতে এগোলেও বল পায়ের নাগালের বাইরে যেতে দেননি। আলতো টোকায় ক্লোজ কন্ট্রোলে বল নিজের দখলে রাখলেন। দৌড়ের গতি এবং বলের গতির মধ্যে নিখুঁত সমন্বয় রেখে রক্ষণের আরো ভেতরে এলেন। প্রতিটি স্পর্শে বলকে নিজের নাগালের এমন জায়গায় রাখলেন, যাতে পরের মুহূর্তেই দিক পরিবর্তন করা যায়। ফারহান ঠিক সেটিই করেছেন। ছোট ছোট স্পর্শে বল নিয়ন্ত্রণ করে ডিফেন্ডারদের সামনে এগিয়েছেন। ডিফেন্ডাররা পিছু হটছেন। ফারহান সামনে বাড়ছেন।

বলের ওপর এই নিয়ন্ত্রণ রেখেই বডি ডজে ডিফেন্ডারদের দুই দফা বোকা বানালেন। শরীর বাঁকা করলেন একদিকে; কিন্তু বল নিয়ে বেরিয়ে যাচ্ছেন ঠিক অন্য পাশ দিয়ে। শরীর বাঁকিয়ে শেষ সময়ে এই মুভমেন্টে শ্রীলঙ্কার পাঁচ ডিফেন্ডারকে নিয়ে স্রেফ খেলা করলেন ফারহান। সামনে দাঁড়ানো ডিফেন্স লাইন যখন তার পরবর্তী পদক্ষেপ অনুমান করতে ব্যস্ত, তখনই দ্রুত দিক পরিবর্তন করেছেন তিনি। শুধু পায়ের কারুকাজই নয়, প্রতিপক্ষের শরীরী ভাষা পড়ার দক্ষতাও এখানে গুরুত্বপূর্ণ। পায়ে বল কিন্তু খেলছেন মাথা দিয়েও! ড্রিবলিংয়ে শুধু বল নিয়ন্ত্রণ করলেই হয় না, প্রতিপক্ষকে পেছনে ফেলার মতো বিস্ফোরক গতিও তৈরি করতে হয়। ফারহান একের পর এক চ্যালেঞ্জ অতিক্রম করে পেনাল্টি এলাকায় ঢুকে পড়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য হলো, এতগুলো চ্যালেঞ্জের মধ্যেও শরীরের ভারসাম্য হারাননি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, তাহলো এই কারুকাজের পুরোটা সময়জুড়ে বল তার বুটের আগায়, নিজের দখলে।

দুই দফায় দুজন করে চার ডিফেন্ডারকে একই কায়দায় ক্লোজ কন্ট্রোল এবং বডি ডজে বিস্মিত করার পুরোটা সময় কখনই কিন্তু নিজের পরিকল্পনা থেকে সরে আসেননি ফারহান। শেষ শট নেওয়ার আগে দেখলেন গোলপোস্টের সামনে গোলকিপারের পজিশন। কঠিন কোণ থেকে ডান পায়ের শট নিলেন। তার সেই শট পোস্টে যাওয়ার আগে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের শরীরের একাংশে লেগে খানিটা দিক বদলাল, আর তাতেই পোস্টে পাহারায় থাকা গোলকিপারও ধোঁকা খেলেন! বল জালে।

এভাবেই জন্ম নিল একটি জাদুকরি গোল!

শট নেওয়ার আগে জায়গা তৈরি করা এবং চাপের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই এখানে পার্থক্য গড়ে দিয়েছে।

গোলের পর সতীর্থদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। সবাই ছুটে গিয়ে ফারহানকে ঘিরে ধরেন। পরে তাকে কাঁধে তুলে উদযাপন করেন।

অধিনায়ক হামজা চৌধুরীকেও দেখা যায় গোলটির অসাধারণত্বে মুগ্ধ হতে। বাংলাদেশের কোচ টমাস ডুলিও গোলটি দেখে উচ্ছ্বসিত। ম্যাচ শেষে তিনি বলেন, ‘যেভাবে সে তিন-চারজনকে ড্রিবল করে কাটিয়ে গেল, তা সত্যিই অসাধারণ। এরপর ওই পজিশন থেকে শট নেওয়াটাও খুব কঠিন ছিল; কিন্তু সেটি ছিল দারুণ।’

বিশ্লেষকদের চোখে ফারহানের এই গোলের তিনটি বড় শক্তি—ক্লোজ কন্ট্রোল, বডি ডজ, এক্সেলারেশন, কম্পোজার ও নিঁখুত ফিনিশিং। প্রতিপক্ষের ডিফেন্সিভ পজিশনিং বুঝে ফাঁক তৈরি করা, সেই ফাঁক কাজে লাগানো এবং শেষ পর্যন্ত গোল আদায় করাÑএ তিনের সমন্বয়ই তাকে আলাদা করেছে।

ফারহানের বয়স মাত্র ১৯। সামনে তার পথচলা দীর্ঘ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে এই গোল বাংলাদেশের ফুটবলে নতুন আশার বার্তা দিয়েছে। এটি শুধু একটি গোল নয়, ব্যক্তিগত নৈপুণ্যের অসাধারণ প্রদর্শনীও। তার একক কৃতিত্বের এই গোল নিয়ে আরো অনেক অনেক দিন আলোচনা হবে। আনন্দ হবে। ধারাভাষ্যকারের সেই উচ্ছ্বসিত আহ্বান যেন এখনো কানে বাজছে : নামটা মনে রাখেনÑফারহান আলী ওয়াহিদ!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মীর মোশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ উদ্‌যাপন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০০ এম


মীর মোশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ উদ্‌যাপন

আজ উপমহাদেশের বাংলা সাহিত্যের অন্যতম প্রাণ পুরুষ মুসলিম সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী। তার স্মৃতিবিজড়িত জন্মভিটা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রাম বর্ণাঢ্য আয়োজনে মুখরিত হতে চলেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) প্রখ্যাত এই সাহিত্যিকের রাজবাড়ীর পদমদী গ্রামের মীরের সমাধি স্মৃতিকেন্দ্রে আসবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং বাংলা একাডেমির মহাপরিচালক।

বাংলা সাহিত্যের অসামান্য সৃষ্টি ‘বিষাদ-সিন্ধু’সহ, এই সাহিত্যিকের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে মীর মশাররফ হোসেনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা ও সেমিনার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলা একাডেমির ড. মো. সেলিম রেজা। এছাড়া বিশেষ অতিথি, আলোচক ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

বালিয়াকান্দির নবাবপুর ইউপির সাহিত্যিকের স্মৃতি বিজরীত পদমদী গ্রামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে।

মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যের এক অনন্য নাম হিসেবে পরিচিত। তার কালজয়ী সাহিত্যকর্ম আজও পাঠকসমাজকে সমৃদ্ধ করছে। এই জন্মবার্ষিকীর আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তার সাহিত্যকর্ম, জীবন ও অবদান তুলে ধরা হবে, পাশাপাশি পদমদীর ঐতিহাসিক গুরুত্বও নতুনভাবে আলোচনায় আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুক্তরাষ্ট্রের রাডারে হামলার দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০১ এম


ইরান যুক্তরাষ্ট্রের রাডারে হামলার দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে যে, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলা ইরানের দক্ষিণাঞ্চলীয় সেরিক শহরে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হয়েছে বলে জানানো হয়েছে।

আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আইআরজিসির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের উসকানিমূলক বিমান তৎপরতা এবং তেল পাচারের জবাবে বাহরাইনে মার্কিন রাডারটি লক্ষ্যবস্তু করা হয়েছে।

আইআরজিসি আরও জানিয়েছে, ‘এটি আগ্রাসী শত্রুর জন্য একটি কঠোর সতর্কবার্তা। তাদের আকাশপথে উসকানিমূলক তৎপরতা এবং হরমুজ প্রণালিতে তেল পাচার বন্ধ করতে হবে। এ ধরনের লঙ্ঘন ও আগ্রাসন আবার ঘটলে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স কোনো সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা ব্যবস্থা নিতে সম্পূর্ণ প্রস্তুত।’

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বৃহস্পতিবার দেশটির হরমোজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সেরিকে ‘শত্রুপক্ষের হামলা’ হয়েছে বলে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন। শহরটিতে একটি টেলিযোগাযোগ টাওয়ার হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।

তবে বাহরাইনে মার্কিন রাডারে হামলার ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে প্রতিবেদনে কোনো বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%