শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
১১:০১ এম
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে যে, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলা ইরানের দক্ষিণাঞ্চলীয় সেরিক শহরে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হয়েছে বলে জানানো হয়েছে।
আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আইআরজিসির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের উসকানিমূলক বিমান তৎপরতা এবং তেল পাচারের জবাবে বাহরাইনে মার্কিন রাডারটি লক্ষ্যবস্তু করা হয়েছে।
আইআরজিসি আরও জানিয়েছে, ‘এটি আগ্রাসী শত্রুর জন্য একটি কঠোর সতর্কবার্তা। তাদের আকাশপথে উসকানিমূলক তৎপরতা এবং হরমুজ প্রণালিতে তেল পাচার বন্ধ করতে হবে। এ ধরনের লঙ্ঘন ও আগ্রাসন আবার ঘটলে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স কোনো সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা ব্যবস্থা নিতে সম্পূর্ণ প্রস্তুত।’
এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বৃহস্পতিবার দেশটির হরমোজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সেরিকে ‘শত্রুপক্ষের হামলা’ হয়েছে বলে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন। শহরটিতে একটি টেলিযোগাযোগ টাওয়ার হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।
তবে বাহরাইনে মার্কিন রাডারে হামলার ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে প্রতিবেদনে কোনো বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
॥ নাজিউর রহমান সোহেল ॥
ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৬ : চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য দেশের ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এসব শিক্ষার্থী ইংরেজি, বাংলা ও আইসিটিসহ বিভিন্ন পত্রে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র (বিষয়) পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছেন।
১১টি শিক্ষা বোর্ডের মধ্যে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে ঢাকা শিক্ষা বোর্ড শীর্ষ অবস্থানে রয়েছে, এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ড দ্বিতীয় অবস্থানে রয়েছে।
বোর্ডভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে সর্বাধিক ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ১৭ হাজার ৭০০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।
অন্য বোর্ডগুলোর মধ্যে রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০, ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২, বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯, সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে।
এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বাসসকে জানান, দুই বছর ধরে পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন পদ্ধতি সম্পূর্ণ বস্তুনিষ্ঠ ও নির্মোহ করা হয়েছে। অর্থাৎ একটি নির্ধারিত মানদণ্ডে খাতা মূল্যায়ন করা হয়েছে। গত বছরও একই ধরনের পদ্ধতি অনুসরণ করা হয়েছে। সদ্য এইচএসসির ফল প্রকাশের পর দেখা গেছে— সব বোর্ডেই বেশিরভাগ শিক্ষার্থী ইংরেজি, বাংলা ও আইসিটির মতো আবশ্যিক সাবজেক্টগুলোতে ফলাফল খারাপ করেছে।
তিনি আরও বলেন, এসব বিষয়গুলোতে অকৃতকার্যের পরিমাণও বেশি। তুলনামূলক খারাপ ফল এবং অকৃতকার্য— এই দু’টি বিষয় মাথায় রেখেই ইতোমধ্যে বোর্ডগুলো কাজ শুরু করেছে।
ফল খারাপের জন্য শিক্ষক সংকট একটি বড় কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক কলেজে পর্যাপ্ত আইসিটি শিক্ষক নেই, এমনকি সরকারি কলেজে বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় অন্য বিষয়ের শিক্ষকদের দিয়ে আইসিটি পড়ানো হয়।’
ঢাকা বোর্ডের চিত্র
ঢাকা বোর্ডের বিষয়ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, বাংলা, ইংরেজি, আইসিটি ছাড়াও বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিপুলসংখ্যক উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক অর্থাৎ ৪২ হাজার ২টি এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিষয়ে ৩৮ হাজার ৭৫টি আবেদন জমা পড়েছে। ঢাকা বোর্ডে এই দু’টি বিষয়েই সর্বোচ্চ সংখ্যক উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।
পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, আবশ্যিক বিষয়গুলোর মধ্যে ইংরেজির পাশাপাশি বাংলায়ও উত্তরপত্র পুনর্নিরীক্ষণের উল্লেখযোগ্য সংখ্যক আবেদন জমা পড়েছে। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক অর্থাৎ ২৪ হাজার ৮৫৮টি পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে। বিজ্ঞান বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে রসায়নে; যেখানে প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক অর্থাৎ ১৮ হাজার ৪৮২টি করে আবেদন জমা পড়েছে। এছাড়া জীববিজ্ঞানে (প্রথম ও দ্বিতীয় পত্র) সমানসংখ্যক অর্থাৎ ১৫ হাজার ৭৫৭টি করে খাতা পুনর্নিরীক্ষার আবেদন করা হয়েছে।
মানবিক বিভাগে পৌরনীতি ও সুশাসন প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক অর্থাৎ ৩ হাজার ৫৭১টি এবং সমাজকর্মে ১ হাজার ৯৯৭টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয়গুলোর মধ্যে হিসাববিজ্ঞানে সবচেয়ে বেশি আবেদন এসেছে। এই বিষয়ে প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক অর্থাৎ ৩ হাজার ৮২৭টি আবেদন করা হয়েছে। এছাড়া ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় ২ হাজার ৩৩১টি পুনর্নিরীক্ষার আবেদন জমা পড়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। কাঙ্ক্ষিত ফল না পেয়ে ১১টি বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি পত্রের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেন। আবেদনের শেষ সময় ছিল গত ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত।
পরীক্ষকদের গাফিলতি হলে ছাড় নয়
শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড সূত্র জানায়, এর আগে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পরও ব্যাপক পরিবর্তন দেখা গিয়েছিল। এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি বোর্ডে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ফল পুনর্মূল্যায়নের জন্য ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন, যেখানে মোট পত্রের সংখ্যা ছিল ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি। পুনর্নিরীক্ষণের পর এসএসসিতে সারা দেশে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছিল এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৭৯ জন।
এসএসসির মতো এইচএসসিতেও খাতা মূল্যায়নে বড় ধরনের অসঙ্গতি বা নম্বরে ব্যাপক ব্যবধান পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বলেন, এসএসসিতে খাতা মূল্যায়নে বড় ধরনের ব্যত্যয় ঘটায় শতাধিক পরীক্ষক ও প্রধান পরীক্ষককে চিহ্নিত করা হয়েছে। তাদের বিষয়ে সুনির্দিষ্ট ডায়াগনোসিস করে মন্ত্রণালয়ে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ পাঠানো হচ্ছে। এইচএসসির ফল পুনর্নিরীক্ষায় যদি কোথাও একইভাবে অনুচিত নম্বর বা অতিরিক্ত নম্বর পার্থক্যের প্রমাণ মেলে, তবে খাতা মূল্যায়নে দায়িত্বে অবহেলাকারী পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের বিরুদ্ধে একই প্রক্রিয়ায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে।
তিনি স্পষ্ট করে জানান, একজন শিক্ষার্থী আগে কত পেয়েছিল এবং পুনর্নিরীক্ষার পর কত পাচ্ছে—এই নম্বর ব্যবধানের তারতম্য বিবেচনা করেই মূলত অনুচিত বা ত্রুটিপূর্ণ মূল্যায়ন নির্ধারণ করা হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আন্তঃশিক্ষা বোর্ডের কর্মপরিকল্পনা অনুযায়ী, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার জন্য শিক্ষার্থীদের থেকে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাছ থেকে আবেদনকৃত ডেটা গ্রহণ করা হবে। এরপর কম্পিউটার সেল থেকে উত্তরপত্রের তথ্য সম্বলিত তালিকা ও বিষয়ওয়ারী তালিকা সংশ্লিষ্ট শাখায় প্রেরণ, পুনর্মূল্যায়নের পরীক্ষক নিয়োগ এবং প্রধান পরীক্ষকদের নিকট থেকে উত্তরপত্র সংগ্রহ করা হবে। পরবর্তী ধাপে পুনর্মূল্যায়ন পরীক্ষকদের ব্রিফিং শেষে খাতা পুনর্মূল্যায়নের কাজ শুরু হবে।
এতে আরও জানানো হয়, খাতা দেখা শেষে নম্বর পরিবর্তিত উত্তরপত্রে পুনর্মূল্যায়ন পরীক্ষক কর্তৃক স্বাক্ষরিত বিবরণী ও উত্তরপত্র কম্পিউটার সেলে প্রেরণ করা হবে। এরপর কম্পিউটার সেলে পরিবর্তিত নম্বর এন্ট্রি ও উত্তরপত্রের লিথোকোড যাচাই এবং চূড়ান্ত পরিবর্তিত উত্তরপত্র যাচাই শেষে পুনর্নিরীক্ষণ ও পুনর্র্মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হবে।
পুনর্মূল্যায়ন কার্যক্রম শুরু
ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, এ বছরের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের কার্যক্রম শুরু হয়েছে। পরীক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে গত ১১ নভেম্বর থেকে এই কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ১৭ নভেম্বর প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বোর্ডের ৪ নম্বর ভবনের ৭ম ও ৮ম তলার উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখায় চলবে।
ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মো. মনজুরুল কবীর বাসসকে জানান, এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার জন্য অনলাইনে জমা পড়া লাখ লাখ আবেদন ও ডেটা প্রসেসিংয়ের কাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হবে। ফলাফল প্রকাশের পর নম্বর পরিবর্তনে কোনো ধরনের অসঙ্গতি যাতে না থাকে, সেজন্য আমাদের আইসিটি টিম অত্যন্ত নিবিড়ভাবে পুরো প্রক্রিয়াটি মনিটরিং করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তুরাগ থানা পুলিশ নোয়াখালী জেলার সাবেক প্যানেল চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদুর রহমান শিপনকে (৫০) গ্রেফতার করেছে।
গ্রেফতারের ঘটনা ঘটে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে, যখন পুলিশ তুরাগ থানার দিয়াবাড়ী বৌ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাজধানীর তুরাগ থানার এলাকায় অভিযান চালিয়ে নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান, কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং নিষিদ্ধ সংগঠন নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাসুদুর রহমান শিপনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নোয়াখালী জেলার চাটখিল থানা, ডিএমপির উত্তরা পশ্চিম ও ডেমরা থানায় বিভিন্ন অপরাধের জন্য মোট তিনটি মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা-দিল্লি কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। এই সংলাপটি বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের পঞ্চম দফা সংলাপ হিসেবে আগামী ১৭-১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সংলাপটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের প্রেক্ষিতে উভয়পক্ষের মধ্যে নতুন করে টানাপোড়েন সৃষ্টি হওয়ায় বৈঠকটি স্থগিত করা হয়েছে।
মহাপরিচালক পর্যায়ের এই সংলাপের জন্য বাংলাদেশ প্রথমে অক্টোবরের শেষ দিকে তারিখ চূড়ান্ত করার প্রস্তাব দিয়েছিল। তবে দুর্গাপূজার কারণে ভারত নভেম্বর মাসকে বেছে নেয়। ভারতের পক্ষ থেকে ১৭-১৮ নভেম্বর এই সংলাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয় এবং ঢাকা এতে সম্মতি জানায়।
সংলাপে সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় আলোচনা করার জন্য নির্ধারিত ছিল।
২০১৭ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপের প্রক্রিয়া শুরু হয়। এ পর্যন্ত দুই দেশের মধ্যে চার দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে নয়াদিল্লিতে চতুর্থ দফার সংলাপ অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ