ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ভোলার যুবক আনাসের মৃত্যু


মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ভোলার যুবক আনাসের মৃত্যু

জীবিকার তাগিদে এবং পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে প্রবাসে পাড়ি দেওয়া ভোলার চরফ্যাশনের যুবক আনাস (২৪) আর ফিরে আসবেন না। মালয়েশিয়ায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) মালয়েশিয়ায় কর্মস্থলসংক্রান্ত যাতায়াতের সময় সড়ক দুর্ঘটনার শিকার হন আনাস। দুর্ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত আনাস ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন ২১ নম্বর আহাম্মদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির আব্দুল হক হাওলাদারের একমাত্র ছেলে।

আরও পড়ুন: ফুজাইরায় ২৩ যানবাহনের সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

স্বজনদের কাছ থেকে জানা যায়, পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার আশায় আনাস প্রায় তিন বছর আগে ২০২৩ সালে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে জীবিত অবস্থায় আর প্রিয়জনের কাছে ফেরা হলো না তার; এখন কফিনবন্দি হয়ে দেশে ফিরতে হচ্ছে এই তরুণকে।

পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে বাবা-মাসহ স্বজনরা এখন পাগলপ্রায়। আনাসের অকালমৃত্যুর খবর গ্রামে পৌঁছালে পুরো আহাম্মদপুর ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে আসে। লাশ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রদেশে রসগোল্লা খাওয়ানোর কথা বলে মুখে ছোট বোমা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৫ এম


মধ্যপ্রদেশে রসগোল্লা খাওয়ানোর কথা বলে মুখে ছোট বোমা, নিহত ১

ভারতের মধ্যপ্রদেশে রসগোল্লা খাওয়ানোর কথা বলে এক ব্যক্তির মুখে ছোট বোমা দেওয়ার অভিযোগ উঠেছে। বোমাটি কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে বিকট বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় রাজেন্দ্র বারোতিয়া নামে এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। গত মঙ্গলবার রাজ্যের দিনদোরি জেলার পাদ্রিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সময় রাজেন্দ্র নিজ বাড়িতে বসে ছিলেন। এ সময় রাম বাঘত নামে এক ব্যক্তি তার বাড়িতে আসেন। পরে কথাবার্তার এক পর্যায়ে রসগোল্লা খাওয়ার কথা বলে রাজেন্দ্রর হাতে একটি ছোট বোমা তুলে দেন তিনি।

রাজেন্দ্র সেটিকে রসগোল্লা মনে করে মুখে দিয়ে কামড় দিতেই প্রচণ্ড শক্তিতে বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

স্বামীর মৃত্যুর বিষয়ে রাজেন্দ্রর স্ত্রী সুশীলা বাই জানান, বোমাটি মূলত প্রাণী হত্যার কাজে ব্যবহার করা হয়। বিস্ফোরণের পর তিনি প্রতিবেশীদের ডেকে আনেন। পরে একটি অটোরিকশায় করে স্বামীকে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্ত রাম বাঘতকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য, বোমাটি দেওয়ার সময় সেখানে অন্ধকার ছিল। ফলে রাজেন্দ্র সেটি আসল রসগোল্লা কি না, তা বুঝতে পারেননি।

জিজ্ঞাসাবাদে রাম বাঘত দাবি করেছেন, অন্য এক ব্যক্তি তাকে বোমাটি দিয়েছিলেন। পরে তিনি সেটি রাজেন্দ্রর কাছে নিয়ে যান।

এ হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতা বা অন্য কোনো বিরোধ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। বোমাটি কোথা থেকে এসেছে এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫৩৪ জন, উদ্ধার মাদকদ্রব্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৭ এম


রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫৩৪ জন, উদ্ধার মাদকদ্রব্য

রাজধানীর বিভিন্ন থানার এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় আটককৃতদের কাছ থেকে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আটকদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৬ জন, লালবাগ বিভাগ থেকে ৬০ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৮ জন, মতিঝিল বিভাগ থেকে ৫২ জন, তেজগাঁও বিভাগ থেকে ৯১ জন, মিরপুর বিভাগ থেকে ১৪৭ জন, গুলশান বিভাগ থেকে ৫০ জন, উত্তরা বিভাগ থেকে ৫৫ জন, এসআরইউ থেকে ১ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জনকে আটক করা হয়েছে।

অভিযানের সময় ৩টি ককটেল, ৩টি ককটেলের বিস্ফোরিত অংশ বিশেষ, ৬ কেজি গাঁজা, ২০৭ পিস ইয়াবা, ১০ বোতল ফেন্সিডিল, ৯২৫ টি এক হাজার টাকার জাল নোট, ৭টি মোবাইলফোন এবং একজন ভিকটিম উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর পূর্ব পরিকল্পনাগুলো বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব সালেহ শিবলী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৯ এম


প্রধানমন্ত্রীর পূর্ব পরিকল্পনাগুলো বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব সালেহ শিবলী

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের পূর্বে যে পরিকল্পনাগুলো তৈরি করা হয়েছিল, সেগুলো এখন বাস্তবায়িত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব সালেহ শিবলী।

তিনি উল্লেখ করেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার পরিচালনার দায়িত্বে আসার আগেই ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার মাইল খাল খননের পরিকল্পনা জাতির সামনে তুলে ধরেছিলেন। তিনি বিশ্ব জলবায়ু সম্মেলনে এই বিষয়গুলোও উল্লেখ করেছেন। বর্তমানে এসব পরিকল্পনা দেশে বাস্তবায়ন হচ্ছে।'

আজ শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। সালেহ শিবলী আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সঙ্গী ছিলেন।

আজ ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়ে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ব্রিফিংয়ে প্রেস সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষে পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন।

তিনি জানান, গত ৯ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় শুরু হওয়া কপ৩১ সম্মেলন ২০ নভেম্বর পর্যন্ত চলবে। সম্মেলনের গুরুত্বপূর্ণ দুটি দিন ছিল ১১ ও ১২ নভেম্বর, এই সময় প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন।

সালেহ শিবলী বলেন, 'গতকাল আমাদের প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন, তিনি বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেছেন। আলোচনা এখনও চলছে, সেমিনারগুলো চলমান।'

প্রধানমন্ত্রীর সফরের কর্মসূচি বর্ণনা করতে গিয়ে প্রেস সচিব বলেন, 'এ সময় প্রধানমন্ত্রীর অনেক দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিভিন্ন বিষয়ে সেমিনার ও সিম্পোজিয়ামও ছিল। সেগুলো এখনো চলছে।'

সম্মেলনে বাংলাদেশের দাবিগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে উল্লেখ করে সালেহ শিবলী বলেন, 'আমরা আশা করি, পররাষ্ট্র মন্ত্রণালয় আগামী এক-দুই দিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে আরও বিস্তারিত বিষয়গুলো জানাবে।'

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা নিয়েও তিনি মন্তব্য করেন। সালেহ শিবলী বলেন, 'এবার তুরস্ক সফরে গিয়েছেন মাত্র ২১ জন। এটি একটি ইতিবাচক দিক। আরেকটি দিক হচ্ছে, প্রধানমন্ত্রী যখন আসবেন-যাবেন, তখন এখানে হাজার হাজার, লাখ লাখ মানুষের আসা-যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা এই জায়গা থেকে বেরিয়ে এসেছি।'

প্রধানমন্ত্রী কপ৩১ এবং আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নিতে তিন দিনের সফরে গত ১০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান।

গত বৃহস্পতিবার তিনি কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেন। ভাষণে তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের কথা তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফারহান আলী ওয়াহিদের অসাধারণ গোলের গল্প শ্রীলঙ্কার বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০০ এম


ফারহান আলী ওয়াহিদের অসাধারণ গোলের গল্প শ্রীলঙ্কার বিরুদ্ধে

‘ফারহান আলী ওয়াহিদ ডি-বক্সে ঢুকে পড়েছেন কাটিং করে। ফারহান আলী ওয়াহিদ! হোয়াট অ্যা গোল! মাস্টারক্লাস! যেভাবে ডি-বক্সে ঢুকলেন, যেভাবে ফিনিশিং করলেন, গোল করলেন, সত্যিই দুর্দান্ত! দারুণ! দেশের মাটিতে এরচেয়ে ভালো অভিষেক আর কীভাবে হতে পারে! অবিশ্বাস্য! অসাধারণ! আমরা আসলে কী দেখলাম? যা দেখলাম, তা বারবার আমাদের দেখতে হবে! ফারহান আলী ওয়াহিদ, তিনি কাঁধেই থাকবেন। তাকে মাথায় তুলে নিয়েই নাচতে হবে। গোটা বাংলাদেশ আজ তাকে মাথায় তুলে নিয়ে নাচবে। রিমেম্বার দ্য নেম, ফারহান আলী ওয়াহিদ!’

ধারাভাষ্যকারের কণ্ঠে তখন আবেগের বিস্ফোরণ ঘটছিল। মাঠে সতীর্থদের উচ্ছ্বাস, গ্যালারিতে দর্শকের আনন্দ, টেলিভিশনের সামনে অসংখ্য ফুটবলপ্রেমীর বিস্ময়। একটি গোল মুহূর্তেই ছড়িয়ে দিল উৎসবের আনন্দ। গোলের পর সতীর্থদের কাঁধে চড়ে ফারহানের উদযাপন যেন সে উচ্ছ্বাসেরই প্রতিচ্ছবি। শ্রীলঙ্কার বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তরুণ ফুটবলার এমন একটি গোল উপহার দিলেন, যার সৌন্দর্য শুধু বল জালে পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, গোল তৈরির পুরো প্রক্রিয়াতেই রয়েছে। এই জাদুকরি গোলের গল্পের একক কাহিনিকার তিনিই।

ম্যাচের ৫৩ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে সামিতের বাড়ানো বল নিয়ে পেনাল্টি বক্সের দিকে এগিয়ে গেলেন ফারহান। সামনে একের পর এক শ্রীলঙ্কার ডিফেন্ডার। অন্য কেউ হলে এমন অবস্থান থেকে সাধারণত আশপাশে তাকিয়ে পাসিং করাই বেছে নিতেন। কিন্তু ফারহান বাকি কয়েক সেকেন্ডের গল্পটা একাই রচনার দায়িত্ব নিলেন। বল পায়ে নেওয়া থেকে ১১ টাচের বাকিটা সময় তিনি যা করলেন, সেটি যে কোনো ফুটবলার কেবল স্বপ্নেই দেখেন। ফারহান সেটাকে বাস্তবে রূপ দিলেন। পাসিংয়ে না গিয়ে অ্যাডভেঞ্জারের পথ বেছে নিলেন। বল পায়ে নিয়ে সরাসরি আক্রমণে গেলেন। প্রতিপক্ষের পাঁচ ডিফেন্ডারের রক্ষণ ভাঙার দায়িত্ব যেন নিজের কাঁধেই তুলে নিলেন।

শুরু হলো ফুটওয়ার্কের প্রদর্শনী। প্রথমেই ক্লোজ কন্ট্রোল। দ্রুতগতিতে এগোলেও বল পায়ের নাগালের বাইরে যেতে দেননি। আলতো টোকায় ক্লোজ কন্ট্রোলে বল নিজের দখলে রাখলেন। দৌড়ের গতি এবং বলের গতির মধ্যে নিখুঁত সমন্বয় রেখে রক্ষণের আরো ভেতরে এলেন। প্রতিটি স্পর্শে বলকে নিজের নাগালের এমন জায়গায় রাখলেন, যাতে পরের মুহূর্তেই দিক পরিবর্তন করা যায়। ফারহান ঠিক সেটিই করেছেন। ছোট ছোট স্পর্শে বল নিয়ন্ত্রণ করে ডিফেন্ডারদের সামনে এগিয়েছেন। ডিফেন্ডাররা পিছু হটছেন। ফারহান সামনে বাড়ছেন।

বলের ওপর এই নিয়ন্ত্রণ রেখেই বডি ডজে ডিফেন্ডারদের দুই দফা বোকা বানালেন। শরীর বাঁকা করলেন একদিকে; কিন্তু বল নিয়ে বেরিয়ে যাচ্ছেন ঠিক অন্য পাশ দিয়ে। শরীর বাঁকিয়ে শেষ সময়ে এই মুভমেন্টে শ্রীলঙ্কার পাঁচ ডিফেন্ডারকে নিয়ে স্রেফ খেলা করলেন ফারহান। সামনে দাঁড়ানো ডিফেন্স লাইন যখন তার পরবর্তী পদক্ষেপ অনুমান করতে ব্যস্ত, তখনই দ্রুত দিক পরিবর্তন করেছেন তিনি। শুধু পায়ের কারুকাজই নয়, প্রতিপক্ষের শরীরী ভাষা পড়ার দক্ষতাও এখানে গুরুত্বপূর্ণ। পায়ে বল কিন্তু খেলছেন মাথা দিয়েও! ড্রিবলিংয়ে শুধু বল নিয়ন্ত্রণ করলেই হয় না, প্রতিপক্ষকে পেছনে ফেলার মতো বিস্ফোরক গতিও তৈরি করতে হয়। ফারহান একের পর এক চ্যালেঞ্জ অতিক্রম করে পেনাল্টি এলাকায় ঢুকে পড়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য হলো, এতগুলো চ্যালেঞ্জের মধ্যেও শরীরের ভারসাম্য হারাননি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, তাহলো এই কারুকাজের পুরোটা সময়জুড়ে বল তার বুটের আগায়, নিজের দখলে।

দুই দফায় দুজন করে চার ডিফেন্ডারকে একই কায়দায় ক্লোজ কন্ট্রোল এবং বডি ডজে বিস্মিত করার পুরোটা সময় কখনই কিন্তু নিজের পরিকল্পনা থেকে সরে আসেননি ফারহান। শেষ শট নেওয়ার আগে দেখলেন গোলপোস্টের সামনে গোলকিপারের পজিশন। কঠিন কোণ থেকে ডান পায়ের শট নিলেন। তার সেই শট পোস্টে যাওয়ার আগে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের শরীরের একাংশে লেগে খানিটা দিক বদলাল, আর তাতেই পোস্টে পাহারায় থাকা গোলকিপারও ধোঁকা খেলেন! বল জালে।

এভাবেই জন্ম নিল একটি জাদুকরি গোল!

শট নেওয়ার আগে জায়গা তৈরি করা এবং চাপের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই এখানে পার্থক্য গড়ে দিয়েছে।

গোলের পর সতীর্থদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। সবাই ছুটে গিয়ে ফারহানকে ঘিরে ধরেন। পরে তাকে কাঁধে তুলে উদযাপন করেন।

অধিনায়ক হামজা চৌধুরীকেও দেখা যায় গোলটির অসাধারণত্বে মুগ্ধ হতে। বাংলাদেশের কোচ টমাস ডুলিও গোলটি দেখে উচ্ছ্বসিত। ম্যাচ শেষে তিনি বলেন, ‘যেভাবে সে তিন-চারজনকে ড্রিবল করে কাটিয়ে গেল, তা সত্যিই অসাধারণ। এরপর ওই পজিশন থেকে শট নেওয়াটাও খুব কঠিন ছিল; কিন্তু সেটি ছিল দারুণ।’

বিশ্লেষকদের চোখে ফারহানের এই গোলের তিনটি বড় শক্তি—ক্লোজ কন্ট্রোল, বডি ডজ, এক্সেলারেশন, কম্পোজার ও নিঁখুত ফিনিশিং। প্রতিপক্ষের ডিফেন্সিভ পজিশনিং বুঝে ফাঁক তৈরি করা, সেই ফাঁক কাজে লাগানো এবং শেষ পর্যন্ত গোল আদায় করাÑএ তিনের সমন্বয়ই তাকে আলাদা করেছে।

ফারহানের বয়স মাত্র ১৯। সামনে তার পথচলা দীর্ঘ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে এই গোল বাংলাদেশের ফুটবলে নতুন আশার বার্তা দিয়েছে। এটি শুধু একটি গোল নয়, ব্যক্তিগত নৈপুণ্যের অসাধারণ প্রদর্শনীও। তার একক কৃতিত্বের এই গোল নিয়ে আরো অনেক অনেক দিন আলোচনা হবে। আনন্দ হবে। ধারাভাষ্যকারের সেই উচ্ছ্বসিত আহ্বান যেন এখনো কানে বাজছে : নামটা মনে রাখেনÑফারহান আলী ওয়াহিদ!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%