১০:৪৯ এম
ময়মনসিংহের ভালুকায় চকচকে বোতল, চোখধাঁধানো লেবেল ও রমণী, ঘরণী, পুষ্পা কিংবা রজনীর মতো আকর্ষণীয় নামে সয়াবিন তেল বিক্রি হচ্ছে। প্রথম দেখায় এগুলোকে আমরা বাজারের সাধারণ ভোজ্যতেল মনে করি, তবে বাস্তবে এসব বোতলের ভেতর লুকিয়ে আছে গুরুতর স্বাস্থ্যঝুঁকি।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে একটি বেশ কিছু তেল বোতলজাতকারী অবৈধ কারখানা। কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা ছাড়াই এসব প্রতিষ্ঠান কর্তৃক পামওয়েল ও নিম্নমানের ভেজালযুক্ত ভোজ্যতেল বাজারজাত করা হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই এই প্রতিষ্ঠানগুলোর বৈধ কাগজপত্র নেই, এর পাশাপাশি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদনও নেই।
এ সংক্রান্ত অভিযোগ রয়েছে যে, ক্রেতাদের বিভ্রান্ত করতে বোতলের গায়ে লাগানো হচ্ছে ভুয়া বিএসটিআইয়ের লোগো ও আকর্ষণীয় লেবেল। এই কারণে সাধারণ মানুষ সহজেই প্রতারিত হচ্ছেন। দীর্ঘদিন ধরে এসব তেল ভালুকার প্রধান বাজারগুলো ছাড়াও প্রত্যন্ত গ্রামের মুদি দোকানগুলোতে সরবরাহ করা হচ্ছে বলে স্থানীয়রা জানান। তাছাড়া পরিমাণেও এসব তেল কম দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৩ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, গ্রেপ্তার ২
স্থানীয় এক ব্যবসায়ী জানান, বোতল দেখে বোঝার কোনো উপায় নেই—কোনটা আসল, আর কোনটা নকল। পরে শুনি এসব তেল আসলে ভেজাল।
এই বিষয়ে বেশ কয়েকজন ভোক্তার সঙ্গে কথা হয়। তাদের বর্ণনায়, তাঁরা এই তেল খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। কিন্তু বাজারে গেলে আসল এবং নকল চেনার উপায় থাকে না।
সম্প্রতি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান চালিয়ে পামওয়েলকে ‘সয়াবিন তেল’ হিসেবে বিক্রির সময় ‘রজনী’ ব্র্যান্ডের অন্তত এক হাজার লিটার তেল জব্দ করেছে। একইসঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ভালুকার স্যানিটারি ইন্সপেক্টর শামছুল ইসলাম রমিজ বলেন, পামওয়েলকে ১০০% খাঁটি সয়াবিন তেল হিসেবে বিক্রির সময় ডিলার পয়েন্টে অভিযান চালিয়ে ‘রজনী’ ব্র্যান্ডের অন্তত এক হাজার লিটারের বেশি তেল জব্দ করা হয়েছে এবং প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অন্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ, দুইজন গ্রেপ্তার
বিএসটিআই ময়মনসিংহের উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান সঞ্জয় কুমার সরকার জানান, খোঁজ নিয়ে এসব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং নজরদারি আরও জোরদার করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন