০২:০৮ এম
নড়াইলের কালিয়ায় আলোচিত বিএনপির দুই নেতা সোহেল রানা ও শাহিনুর ইসলাম হত্যাকাণ্ডের পর ৬ দিন পর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নিহত সোহেল রানার বড় ভাই জুয়েল মোল্যা বাদী হয়ে মামলাটি করেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে ৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করা হয়েছে। বর্তমানে পুলিশের হাতে দুই আসামি গ্রেফতার হয়েছেন।
আরও পড়ুন: রাজশাহীতে ছাত্রলীগ নেতা আটক, ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, আলোচিত দুই নেতা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এজাহারনামীয় দিশা বিশ্বাস ও রাকিব বিশ্বাস ইতোমধ্যে গ্রেফতার হয়েছে। বাকিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে এবং জনসাধারণের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, নিহত সোহেল রানা কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক ছিলেন এবং শাহিনুর ইসলাম পৌর কৃষকদলের সদস্য সচিব ছিলেন।
এর আগে, ১৮ নভেম্বর বিকেলে সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে কালিয়া উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। সন্ধ্যায় মোটরসাইকেল শোভাযাত্রাসহ বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির গ্রামের বাড়ি বেন্দারচরের সড়কে প্রবেশ করে। মিছিল ফেরার পথে বটতলা এলাকায় পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে মিছিলের পেছনের অংশে থাকা নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।
এ ঘটনায় সোহেল রানা এবং শাহিনুর ইসলাম গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে, উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠানো হয়। পথেই সোহেল রানার মৃত্যু ঘটে, আর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে শাহীনুরকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আরও পড়ুন: খুলনার দৌলতপুরে ব্যবসায়ী শেখ আব্দুল হালিমকে গুলি করে হত্যা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন