০৪:১৭ পি.এম
কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় ফেসবুক পোস্ট শেয়ার দেওয়া ও পূর্ব শত্রুতার কারণে মেহেদী হাসান আশিক মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটির পর ভুক্তভোগী আবদুল কাদের চৌদ্দগ্রাম থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
শুক্রবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দি অঞ্চলের প্রবাসী মেহেদী হাসান আশিকের মোল্লা বাড়িতে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোছাইন।
অভিযোগে অভিযুক্তদের মধ্যে রয়েছেন— উপজেলা কাশিনগর ইউনিয়ন জুগিরকান্দি ৪ নম্বর ওয়ার্ডের তৈহিদুল ইসলামের ছেলে শাহ মিজান (৪৫), শাহ জামাল (৪০), ছিদ্দিকুর রহমানের ছেলে কামাল হোসেন (৩৫), সুলতান আহমেদের ছেলে মনির হোসেন (৩০), আলী রাজার ছেলে কামাল হোসেন (৪০), মোহন মিয়ার ছেলে গিয়াস উদ্দিন মেম্বার (৪৭), মৃত নুরুল ইসলাম মিয়ার ছেলে মো. জামাল হোসেন (৪৭), মৃত আবদুল জলিলের ছেলে মো. তারেক (৩০), আবদুল কাদেরের ছেলে মো. মহোসিন (২৮), মৃত আবদুল মমিনের ছেলে মাছুমসহ (৩৫) অজ্ঞাতনামা ২০-২৫ জনে অভিযুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ
ভুক্তভোগী আবদুল কাদের অভিযোগে উল্লেখ করেন, ‘দীর্ঘদিনের বিরোধের কারণে অভিযুক্তরা একটি দল কাছে দেশীয় অস্ত্র নিয়ে ঘুমন্ত অবস্থায় তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরের বাহিরের দরজা, থাই গ্লাসের জানালা ভাংচুর করে এবং নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায়। প্রতিবাদ করতে গেলে পরিবারের সদস্যদের মারধর করে তারা।’
আবদুল কাদেরের ছেলে নাজমুল হাসান বলেন, ‘আমার ভাই মেহেদী হাসান আশিক প্রবাসে অবস্থান করছেন। ফেসবুকের একটি ফেক আইডির মাধ্যমে আমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা তথ্য পোস্ট করা হয়েছিল। আমাদের গ্রামের আবুল কালাম নামে একজন পোস্টটি শেয়ার করেছিল। মিথ্যা তথ্য শেয়ার করার জন্য কেন জিজ্ঞাসা করতে গিয়ে আমাদের গ্রামের কিছু লোক আবুল কালামের নামে বিচার দিয়ে চলে আসে। এই ঘটনার সূত্র ধরে শুক্রবার গভীর রাতে তাদের উপর হামলা চালানো হয়।’
চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তোফায়েল হোসেন জুয়েল বলেন, ‘মেহেদী হাসান আশিক উপজেলা যুবদলের সদস্য। যারা হামলা করেছে তারা জামাত শিবিরের সদস্য। আমরা ঘটনাটির আইনগত সামাজিক সুবিচার চাই। আমাদের দলের অন্য সদস্যদের উপরও যদি হামলা করা হয়, তবে আমরা তা প্রতিহত করব।’
অপরদিকে অভিযুক্ত শাহ মিজান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। কামাল ফেসবুকের একটি পোস্ট শেয়ার করার কারণে তাকে মারার জন্য তার বাড়িতে যাওয়ার সময় না পেয়ে হামলাকারীরা নিজেদের বাড়ি ঘর ভাঙচুরের ষড়যন্ত্র করেছে।’
আরও পড়ুন: নেছারাবাদে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জিজ্ঞাসাবাদের জন্য থানায় দুজন
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোছাইন বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ (এজাহার) পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন