০৯:১৮ এম
আর্জেন্টিনার বিপক্ষে শেষ ৩২–এর ম্যাচে কেপ ভার্দের লড়াই ব্যাপক প্রশংসিত হচ্ছে। ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হারলেও, এবারের বিশ্বকাপের নবাগত দলটি ঘাম ছুটিয়ে দিয়েছে। কেপ ভার্দের খেলোয়াড়দের প্রতিরোধ নজর কেড়েছে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিরও।
ব্রাজিল ও নরওয়ের মধ্যকার শেষ ষোলোর ম্যাচকে সামনে রেখে নিয়মিত ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ব্রাজিলের প্রধান কোচ আনচেলত্তি। সেখানেই আলোচনা উঠে আসে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার কঠিন লড়াইয়ের পর শেষ ষোলো নিশ্চিত করার বিষয়টি।
আনচেলত্তি বলেন, 'কে ভেবেছিল আর্জেন্টিনা কেপ ভার্দের বিপক্ষে এতটা সমস্যায় পড়বে? কেউই না। কিন্তু আধুনিক ফুটবল এখন এমনই। শক্তিশালী দলগুলোকেও কঠিন পরীক্ষা দিতে হয়।'
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
তিনি কেপ ভার্দের ভূয়সী প্রশংসা করে বলেন, 'আর্জেন্টিনা খুব ভালোভাবে প্রস্তুত একটি দলের বিপক্ষে খেলেছে। এতে আর্জেন্টিনাকে ছোট করা হচ্ছে না। কেপ ভার্ডে, তাদের খেলোয়াড় এবং কোচ; সবাই দারুণ একটি ম্যাচ উপহার দেওয়ার জন্য অভিনন্দনের দাবিদার।'
এরপর নরওয়ের বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে আনচেলত্তি জানান, জাপানের বিপক্ষে চোট পাওয়া লুকাস পাকেতার বিকল্প নিয়ে এখনও ভাবছেন। গত শনিবারের (৪ জুলাই) অনুশীলনে পাকেতার জায়গায় খেলেছেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, যার ফলে দল আক্রমণভাগে চার খেলোয়াড় নিয়ে খেলার কৌশলে অনুশীলন করেছে।
তিনি বলেন, 'পাকেতার মতো আরেকজন খেলোয়াড় আমাদের দলে নেই। দানিলো ও মার্তিনেল্লি দুজনই ভিন্ন ধরনের ফুটবলার। প্রতিপক্ষের শক্তি, আমাদের পরিকল্পনা এবং দলের খেলার ধরন বিবেচনা করেই আমি সিদ্ধান্ত নেব।'
নরওয়েকে নিয়ে আনচেলত্তির মূল্যায়নও ছিল সতর্ক। তিনি বলেন, 'তারা আক্রমণে অত্যন্ত মানসম্পন্ন দল এবং ভারসাম্যপূর্ণ ফুটবল খেলে। তাদের বিপক্ষে দ্রুত পাল্টা আক্রমণ গড়া কঠিন, কারণ মাঝমাঠে তাদের নিয়ন্ত্রণ খুব ভালো। অবশ্যই আমি বিষয়টি নিয়ে চিন্তিত, তবে উদ্বিগ্ন নই। ম্যাচে কী হতে পারে, তা নিয়ে চিন্তা করা স্বাভাবিক। তবে আমি আত্মবিশ্বাসী এবং আশা করি আগামীকালও আমরা আরও উন্নতি করব।'
আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের
টুর্নামেন্টে ইতোমধ্যে পাঁচ গোল করা আর্লিং হালান্ডকে থামানোর পরিকল্পনা নিয়ে তিনি বলেন, 'গ্যাব্রিয়েল (মাগালহায়েস) বা মারকিনিয়োসকে হালান্ডের বিপক্ষে কীভাবে খেলতে হবে, সেটা আমাকে আলাদা করে বুঝিয়ে দিতে হবে না। গ্যাব্রিয়েল তো তার বিপক্ষে বহুবার খেলেছে।'
চোট কাটিয়ে ফেরা রাফিনিয়াকে নিয়েও ইতিবাচক খবর দেন ব্রাজিল কোচ। 'রাফিনিয়া খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। সে এখনও শতভাগ ফিট নয়, তবে বেঞ্চে থাকতে পারে এবং প্রয়োজনে কিছু সময় খেলতে পারে। সে খুব দ্রুত এবং ভালোভাবে সুস্থ হয়ে উঠেছে। এতে আমরা আনন্দিত, কারণ সে দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়,'–আনচেলত্তি যোগ করেন।
সবশেষে নেইমারকে নিয়ে আনচেলত্তি বলেন, 'সে দারুণ আচরণ করছে। সে ভদ্র, বিনয়ী এবং সতীর্থদের কাছে খুবই প্রিয়। সে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, কারণ তার অসাধারণ গুণগত মান রয়েছে এবং সে খুব নম্র। আমি তাকে নিয়ে খুবই খুশি। অবশ্যই সে খেলতে চায়, যেমন সব সময়ই চেয়েছে। সে মুখে বলে না, 'আমি খেলতে চাই', কিন্তু সেটা স্পষ্ট এবং সেটি ইতিবাচক। কোনো খেলোয়াড়ই বেঞ্চে বসে থেকে খুশি থাকতে পারে না।
আরও পড়ুন: হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন শফিকুল আলম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন