বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং
১০:৩২ পি.এম
ব্যক্তিগত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে ব্যাংক কার্ড থেকে ‘অ্যাড মানি’ সুবিধার সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংক বাড়িয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকটি আজ পিএসডি-১ সার্কুলার লেটার নম্বর-০৩/২০২৬ জারি করে এ নির্দেশনা দেয়। যেটির মাধ্যমে, গত ১৯ মে জারি করা পূর্ববর্তী সার্কুলারের ক্রমিক নং ২ ও ৩-এর নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা সংশোধন করা হয়েছে।
সার্কুলারে আরও বলা হয়েছে, সংশোধিত সময়সীমার মধ্যে যেসব এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠান ও তফসিলি ব্যাংক নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হবে, তাদের কার্ড থেকে এমএফএসে 'অ্যাড মানি' সেবা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে স্থগিত করা হবে।
এ নির্দেশনা পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮ ধারা অনুযায়ী জারি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তটি কেবল উল্লিখিত দুটি নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
গত ১৯ মে জারি করা মূল সার্কুলারের অন্যান্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে এবং সেগুলো যথারীতি অনুসরণ করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক নাজির হাসান অভিযোগ করেছেন যে, তার বিরুদ্ধে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে উঠে আসা সংবাদ সম্পূর্ণ 'মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত'। তিনি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
বৃহস্পতিবার আয়োজিত একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরার জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
লিখিত বক্তব্যের মাধ্যমে নাজির হাসান জানান, গত ২৭ জুলাই সোমবার রাত আনুমানিক ৮টার দিকে রাজশাহীর লক্ষ্ণীপুর মোড়ে একাত্তর আবাসিক হোটেলের মালিক রাজু ও পিয়াসী আবাসিক হোটেলের মালিক হাবিবের মধ্যে সংঘর্ষ ঘটে। এই ঘটনায় রাজু আহত হন। তবে তিনি দাবি করেন যে, এ ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।
তিনি আরও বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছেন, তাদের সঙ্গে তার কোনো যোগাযোগ, সম্পর্ক অথবা পূর্বপরিচয় নেই। ঘটনার সময় তিনি ব্যক্তিগত কাজে ঢাকায় ছিলেন এবং এ বিষয়টি সমর্থনে ঢাকা যাতায়াতের টিকিট সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে নাজির হাসান আরো উল্লেখ করেন যে, তার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হয়েছে, সেখানে তথ্য বিকৃত করে বিভ্রান্তির চেষ্টা করা হয়েছে। তিনি জানান, বিনা যাচাই-বাছাইয়ের ভিত্তিতে তাকে ঘটনাটির সঙ্গে জড়িত করে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে।
এ সময় তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানিয়ে বলেন, তথ্য যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশ করলে এ ধরনের বিভ্রান্তির সুযোগ থাকবে না। পাশাপাশি তিনি মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সত্য উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের আহ্বান করেন।
সংবাদ সম্মেলনের শেষে তিনি উপস্থিত সাংবাদিক, অতিথি এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগেজে পাওয়া গেছে প্রায় ছয় লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট। অবৈধভাবে আনা এসব সিগারেট বৃহস্পতিবার সকালে জব্দ করা হয়। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল এই তথ্য জানিয়েছেন।
বিমানবন্দর সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সকাল ৯টার দিকে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রী মোহাম্মদ সোহেলের ব্যাগেজের তল্লাশি করে কাস্টমস ইন্টেলিজেন্স। এ সময় মন্ড ও ইজি লাইটস ব্র্যান্ডের ২৩৫ কার্টন সিগারেট পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা। ওই যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে এবং সিগারেটের চালানটি জব্দ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনার শতবর্ষী পৌরসভায়, এই প্রথমবারের মতো শীর্ষ পর্যায়ে একটি নারী কর্মকর্তা স্থান পেলেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে ভারপ্রাপ্ত পৌর প্রশাসক পদে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা।
১৮৮৭ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হওয়ার পর, ধীরে ধীরে নেত্রকোনা পৌরসভার ক্রমবিকাশ ঘটেছে। জানা যায়, ২১ দশমিক শূন্য দুই আয়তনের পৌরসভাটি ১৯৯৬ সালের ১০ অক্টোবর ‘ক’ (প্রথম) শ্রেণির মর্যাদা লাভ করে। তবে পুরোটাই পুরুষরা দায়িত্ব পালন করেছেন পৌর চেয়ারম্যান, মেয়র ও প্রশাসক পদে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর শূন্য পদে স্থানীয় সরকারের উপপরিচালককে প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয় এবং মো. আরিফুল ইসলাম সরদারের পর মুনমুন জাহান লিজা পৌরসভার প্রশাসক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেন। এই সুখবরের কারণে, বিভিন্ন সংগঠনের নেতারা শুভকামনা জানিয়েছেন।
শতবর্ষী এই পৌরসভায় এর আগে কখনও কোনো নারী চেয়ারম্যান বা মেয়র হননি। অনেকেই মনে করেন, প্রশাসক পদে একটি নারী কর্মকর্তার অধীনে নেত্রকোনা পৌরসভার বিভিন্ন অনিয়মগুলো দূর করা সম্ভব হবে। ভবিষ্যতে নারীরা জনপ্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করছেন তারা।
অন্যদিকে, মুনমুন জাহান লিজা প্রথম দিনের কাজ শুরু করার পরই পৌরসভার নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করার তাগিদ দেন। তিনি অফিস কক্ষগুলো ঘুরে দেখে পরিচ্ছন্নতার নির্দেশনা প্রদান করেন। ক্রমান্বয়ে শহরের সকল পাড়া-মহল্লায় পরিচ্ছন্ন কার্যক্রম জোরালোভাবে শুরু করা হবে বলেও জানিয়েছেন। তিনি বলেন, "নিজ আঙিনা থেকেই পরিচ্ছন্ন কার্যক্রম করতে হবে।" পাশাপাশি, যেখানে মানুষ ময়লা-আবর্জনা ফেলে, সেই স্থানগুলোকে সিসিটিভি ক্যামেরায় নজরদারি করার পরিকল্পনাও তাঁর রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং নারীর অধিকার ও মর্যাদাবিরোধী সব ধরনের অপতৎপরতা আইন করে বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে শ্রমজীবী নারী মৈত্রীর আয়োজিত ‘২০২৪-এর গণঅভ্যুত্থান: নারীর অধিকার ও মুক্তির গতিপথ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ দাবি জানান।
সাইফুল হক বলেন, নারীদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়েই জুলাই আন্দোলন প্রকৃত গণজাগরণ ও গণঅভ্যুত্থানে রূপ নেয়। কিন্তু অভ্যুত্থানের পর নারীরা রাষ্ট্রীয় ও রাজনৈতিক পরিসরে প্রত্যাশিত স্থান পাননি।
তিনি বলেন, সমাজ এক চাকার সাইকেল দিয়ে চলতে পারে না। পুরুষের পাশাপাশি নারীর সমঅধিকার, সম্মান ও মর্যাদা নিশ্চিত করেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
সভায় সভাপতিত্ব করেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক স্নিগ্ধা সুলতানা ইভা। এতে আরও বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক ও কথাসাহিত্যিক আফসানা বেগম, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, শ্রমজীবী নারী মৈত্রীর সহসভাপতি রাশিদা আক্তার, সংগঠনের কেন্দ্রীয় সংগঠক শান্তা বেগম, মরিয়াম বেগম প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ