ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

অপসংস্কৃতির বিরুদ্ধে আলেম সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান


অপসংস্কৃতির বিরুদ্ধে আলেম সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও প্রীতি সমাবেশের আয়োজন করা হয়েছে। অপসংস্কৃতি এবং দ্বীনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আলেম সমাজের বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে দিবসটি উদযাপন করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ৩টায় চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে জেলা ওলামা দলের উদ্যোগে এই সভাটি অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে এবং সদস্য সচিব হাফেজ জাকির হোসেন মৃধার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।

প্রধান অতিথির বক্তব্যে আক্তার হোসেন মাঝি উল্লেখ করেন, "বাংলাদেশে ইসলামের গোড়াপত্তন ও প্রসার ঘটেছে সুফি-সাধক এবং পীর-মাশায়েখদের হাত ধরে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমানে কিছু তথাকথিত রাজনৈতিক সংগঠন বিশেষ করে জামাত ইসলামের নামে মানুষকে বিভ্রান্ত করছে, জান্নাতের টিকিট বিক্রি করছে এবং পবিত্র মসজিদগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।"

তিনি আলেম সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "অপসংস্কৃতি ও দ্বীনবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ওলামা দলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জুমার খুতবাসহ বিভিন্ন ধর্মীয় আলোচনায় ইসলামের সঠিক ও প্রকৃত বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। একই সঙ্গে বিএনপিকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ওলামা দলের সাংগঠনিক ভিত্তি আরও সুসংগঠিত করতে হবে।"

আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জের ৪,৮৯৬ পূজামণ্ডপে ২০ হাজার পুলিশের নিরাপত্তাব্যবস্থা

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শাহজালাল মিশন। তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করে সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান সংবিধানকে একটি পবিত্র রূপ দিয়েছিলেন। এছাড়া ইসলাম ও আলেম-ওলামাদের কল্যাণে এবং দ্বীনি শিক্ষাব্যবস্থার প্রসারে তাঁর ও বিএনপি সরকারের ভূমিকা অপরিসীম বলেও আলোচনা সভায় উল্লেখ করেন।

হাফেজ দ্বীন ইসলামের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ড. মাওলানা রফিকুল ইসলাম, অধ্যাপক সাইফুল ইসলাম খান, ফজলুল কবির, মাওলানা আনোয়ার হোসেন, চাঁদপুর পৌর ওলামা দলের আহ্বায়ক আকবর হোসেন মাতব্বর, চাঁদপুর সদর উপজেলা ওলামা দলের মাওলানা কাজী ইসমাইল সেখ, ফরিদগঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতি অধ্যাপক বিন ইয়ামিন এবং হাইমচর উপজেলা ওলামা দলের মাওলানা আলাউদ্দিন আনসারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা, বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন ওলামা দল এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা যায়, উক্ত অনুষ্ঠানে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম, জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মাওলানা আবুল হোসেন এবং ওলামা দল জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ড. মোঃ সলিম উল্যাহর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তবে জরুরি রাজনৈতিক ও ব্যক্তিগত কাজের কারণে তাঁরা সশরীরে উপস্থিত হতে পারেননি।

আরও পড়ুন: পিরোজপুরের কৃষকরা ভাসমান কৃষির মাধ্যমে বদলে দিচ্ছেন দৃশ্যপট

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে জালা ওলামা দলের আহবায়ক মাওলানা জসিম উদ্দিন জানান যে, অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি কাজে দেশের বাইরে অবস্থান করায় তিনি অংশ নিতে পারেননি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও সেলিম ভাইসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানস্থলে চাঁদপুর ব্রিজ পর্যন্ত পৌঁছালেও দলীয় জরুরি নির্দেশে পরবর্তীতে তাদের অন্য অনুষ্ঠানে যোগ দিতে হয়। উপস্থিত হতে না পারায় উক্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শারদীয় দুর্গাপূজা–২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা,

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


শারদীয় দুর্গাপূজা–২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা,

আসন্ন শারদীয় দুর্গাপূজা–২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপসমূহের নিরাপত্তা, যানবাহন ও জনসাধারণের চলাচল, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা, নিরবচ্ছিন্ন যোগাযোগ এবং পূজা উদযাপনকালে সার্বিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং পূজা উদযাপন সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, নারায়ণগঞ্জ || ৩০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি.

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবুল মুনছুরের আদর্শ নতুন প্রজন্মের জন্য প্রেরণা: আসলাম চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


আবুল মুনছুরের আদর্শ নতুন প্রজন্মের জন্য প্রেরণা: আসলাম চৌধুরী

সীতাকুণ্ডে অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা ও দোয়া মাহফিল, যেখানে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল মুনছুরের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনের স্মৃতিচারণ করা হয়। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা সংগঠন, রাজনীতি এবং সমাজসেবায় তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন স্বজন, সহকর্মী ও রাজনৈতিক নেতারা। এ সময় প্রিয়জনকে হারানোর বেদনার পাশাপাশি তাঁর কর্মময় জীবনের নানা স্মৃতিও উঠে আসে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সীতাকুণ্ড পৌর সদরের এল কে সিদ্দিকী স্কয়ারে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন মো. আসলাম চৌধুরী এফসিএ। আসলাম চৌধুরী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, আবুল মুনছুর মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে শুরু করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘ সময় কাজ করেছেন। তিনি বলেন, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও আবুল মুনছুর তাঁর রাজনৈতিক অবস্থানে সক্রিয় ছিলেন। আসলাম চৌধুরীর মতে, তাঁর ত্যাগ ও কর্মজীবন নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় হতে পারে।

তিনি আরও বলেন, দলের বিভিন্ন সময়ে যারা সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কাজ করেছেন, তাঁদের অবদান স্মরণ করা প্রয়োজন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় আবুল মুনছুরের দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার কথাও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তাঁর পরিবারের পাশে থাকার বিষয়টিও তুলে ধরেন। স্মরণসভায় বাবার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছেলে শাহীন পারভেজ ও একমাত্র মেয়ে ব্যারিস্টার সুমি আক্তার। তাঁরা বাবার রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং তাঁর জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

সীতাকুণ্ড পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোরসালিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সৈয়দ আবুল মুনছুর সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহসভাপতি ছিলেন। তিনি সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের মেয়র প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। গত ২২ সেপ্টেম্বর চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। ২৩ সেপ্টেম্বর সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোট চুরির অভিযোগে প্রতিবাদের ডাক দিল বিরোধী দলগুলো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


ভোট চুরির অভিযোগে প্রতিবাদের ডাক দিল বিরোধী দলগুলো

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ : ভারতের বিরোধী দলগুলো নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ব্যাপক সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেছে। ‘গণতন্ত্র রক্ষার’ দাবিতে মঙ্গলবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দিকে মিছিল এবং পরবর্তী দিনগুলোতে দেশজুড়ে সমাবেশের আয়োজন করে তারা সরকার ও নির্বাচন কমিশনের ওপর চাপ বৃদ্ধি করেছে।

বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের অভিভাবক হিসেবে দীর্ঘকাল ধরে পরিচিত ভারতের নির্বাচন কমিশনের প্রধানের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক নেতারা অভিযোগ করেছেন যে, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নির্দেশনা অনুযায়ী কাজ করছেন।

নয়াদিল্লি থেকে এএফপি জানায়, নির্বাচন কমিশন এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং তাদের সব সিদ্ধান্ত আইনসম্মত বলে দাবি করেছে। তবে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী মন্তব্য করেন, ‘মূল বিষয় হলো ভোট চুরি।’ সাংবাদিকদের তিনি বলেন, ‘যারা ভারতের গণতন্ত্র ধ্বংস করেছে, তাদের শাস্তি নিশ্চিত করতে আমরা কাজ করব।’

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, বিরোধী দলের আইনপ্রণেতারা মঙ্গলবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে মিছিল করবেন। এরপর দেশজুড়ে ‘গণতন্ত্র রক্ষার’ সমাবেশ অনুষ্ঠিত হবে।

ভারতীয় দৈনিক ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ গত সপ্তাহে এক প্রতিবেদনে উল্লেখ করেছে যে, বিতর্কিত ভোটার তালিকা সংশোধন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিন নির্বাচন কমিশনারের মধ্যে দুজনের অনুমোদন ছাড়াই নেওয়া হয়ে থাকতে পারে।

নির্বাচন কমিশন দাবি করেছে, ওই প্রতিবেদনে ‘বিষয়টির কেবল একটি দিক তুলে ধরা হয়েছে’। কমিশনের বক্তব্য, ভোটার তালিকার সংশোধনের উদ্দেশ্য ছিল একই ব্যক্তির একাধিক নামের নিবন্ধন বাদ দেওয়া এবং ‘বিদেশি অবৈধ অভিবাসীদের’ ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ঠেকানো।

মোদির দল দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা নথিবিহীন অভিবাসীরা প্রতারণার মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। এসব অভিবাসীর মধ্যে অনেকেই মুসলিম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবি উপাচার্যের সঙ্গে জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


ঢাবি উপাচার্যের সঙ্গে জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সৌজন্য সাক্ষাৎ আজ বুধবার উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, গবেষণা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, বৃত্তি এবং দক্ষতা উন্নয়নসহ পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, "আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা হচ্ছে।" তিনি বিশেষভাবে জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং বৃত্তি কার্যক্রমের সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে বিদেশি ভাষা শিক্ষা, ব্যবহারিক ও দক্ষতাভিত্তিক শিক্ষা এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।" এ ক্ষেত্রে জার্মানির অভিজ্ঞতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।

জার্মান রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানের প্রশংসা করেন। তিনি জার্মানিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ, বৃত্তি এবং দুই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে শিক্ষার্থীদের শিক্ষা ও প্রশিক্ষণকে শিল্পখাতের চাহিদার সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, "জার্মানি দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তা অনুভব করছে এবং আন্তর্জাতিক শিক্ষার্থী ও দক্ষ পেশাজীবীদের জন্য উচ্চশিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়ে কাজ করছে।" রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে জার্মানির শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের যোগাযোগ বৃদ্ধির সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ এবং জার্মানির মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা, বৃত্তি কার্যক্রম, দক্ষতা উন্নয়ন, শিল্প-শিক্ষা সহযোগিতা এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

সাক্ষাৎ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জার্মানির সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%