মোঃ রুহুল আমিন রাসেল লালমনিরহাট জেলা প্রতিনিধি
০৬:১৩ পি.এম
ভিটেমাটি রয়েছে, তবে মাথার ওপর আশ্রয় নেই। লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুরে ধ্বংসস্তূপের একটি নীরব সাক্ষী যেন দাঁড়িয়ে আছে।
গত ৮ জুন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১৪ বছরের মাদ্রাসা ছাত্র লাদেন ছুরিকাঘাতে প্রাণ হারান। এই হত্যাকাণ্ডের পর উত্তেজিত জনতা অভিযুক্ত জুয়েল মিয়ার বাড়িতে ভাঙচুর শুরু করে।
কিন্তু তাণ্ডব সেখানেই শেষ হয়নি; সেই রাতেই পাশের ৬টি নিরপরাধ প্রতিবেশী পরিবারেও হামলা চালানো হয়, যেখানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট ঘটে। জীবন বাঁচানোর তাগিদে সেদিন নিরীহ মানুষগুলো ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যান।
ঘটনার প্রায় আড়াই মাস পর, নিজ ভিটায় ফিরে আসলেও থাকার মতো কিছুই অবশিষ্ট নেই। এক রাতের মধ্যে হারানো সবকিছু এখন এই ৬টি পরিবারকে নিঃস্ব করে ফেলেছে। একজনের অপরাধের জন্য, পাড়ার নিরপরাধ ৬টি পরিবারকে সবকিছু হারাতে হয়েছে।
এদিকে, সেদিনের অন্যায্য হামলায় সর্বস্ব হারানো পরিবারগুলো গত ১৩ আগস্ট লালমনিরহাট আদালতে বিচার চেয়ে পৃথক ৬টি মামলা দায়েরের আবেদন করেছেন।
লাদেন হত্যার প্রধান অভিযুক্ত জুয়েল মিয়া ও তার ছেলে রকি, আদালতে আত্মসমর্পণ করে বর্তমানে কারাগারে রয়েছেন।
কিশোর লাদেন হত্যার সুষ্ঠু বিচারের পাশাপাশি নিজেদের নিরাপত্তা এবং তাণ্ডবে হারানো সম্পদের বিচার দাবি করছেন নিঃস্ব হয়ে পড়া এই পরিবারগুলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ : নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকার সাথে আসন্ন ক্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য জিম্বাবুয়ে দলে ফিরলেন অভিজ্ঞ স্পিনার গ্রায়াম ক্রিমার।
গত মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর স্বীকৃত ক্রিকেটে খেলেননি ৩৯ বছর বয়সী ক্রিমার। বাঁ-হাতের ইনজুরিতে ভুগছিলেন তিনি। দীর্ঘদিন জিম্বাবুয়ে ক্রিকেট থেকে দূরে ছিলেন ক্রিমার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে দীর্ঘ সাত বছর পর আবারও জিম্বাবুয়ে দলে ফিরেন তিনি।
এদিকে ইনুজরির কারনে ত্রিদেশীয় সিরিজের ১৫ সদস্যের দলে রাখা হয়নি জিম্বাবুয়ের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক পেসার রিচার্ড এনগারাভাকে। পিঠের ইনজুরিতে ভুগছেন তিনি। ত্রিদেশীয় সিরিজের দলে সুযোগ পাননি আরেক পেসার তানাকা চিভাঙ্গা। সদ্য অ্যাকিলিস টেন্ডন ইনজুরির অস্ত্রোপচার করিয়েছেন তিনি।
দলে সুযোগ হয়নি অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেইলরের। সর্বশেষ বাংলাদেশ ও ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেননি তিনি। টেস্ট ক্রিকেটের প্রতি মনোযোগ দিচ্ছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের একমাত্র ম্যাচে খেলেছেন টেইলর। নামিবিয়ার মাটিতে আগামী ২৮ আগস্ট থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ২৯ আগস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে জিম্বাবুয়ে।
ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দল : সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রিমার, বেন কারান, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধভেরে, টাওিয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, কুন্দাই মাতিগিমু, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, নিউম্যান নিয়ামুরি, তাফাদজাওয়া সিগা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান এফবি মায়ের দোয়া ও এফবি আলা-আমীন নামে দুটি ফিশিং ট্রলারসহ ২৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। উদ্ধার হওয়া ট্রলারসহ জেলেদেরকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর কোস্টগার্ড স্টেশনে নেওয়া হয়েছে। সেখানে নিয়ে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে কোস্টগার্ড।
সোমবার রাত ৮টার দিকে দুবলার চর থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্র থেকে ১২ জেলেসহ এফবি মায়ে দোয়া ট্রলারটি উদ্ধার করে কোস্টাগর্ড। একই সময় নৌবাহিনীর বিএনএস কপোতাক্ষ জাহাজ ১৬ জন জেলেসহ ইঞ্জিন বিকল হওয়া এফবি আল-আমীন নামে অপর ট্রলারটি উদ্ধারের পর হস্তান্তর করে কোস্টগার্ডের কাছে। উদ্ধার হওয়া ট্রলার দুটির মধ্যে এফবি মায়ের দোয়ার মালিক বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামের মৎস্য ব্যবসায়ী কালাম খাঁ এবং এফবি আল-আমীন ট্রলারের মালিক একই এলাকার মৎস্য ব্যবসায়ী সোবাহ মৃধা।
মঙ্গলবার (২৫আগস্ট) বিকালে কোস্টগার্ডে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।
কোস্টাগর্ড জানায়, গত রবিবার রাতে এফবি মায়ের দোয়া ট্রলারটি মাছ ধরা অবস্থায় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে সুমদ্রে। এভাবে ভাসতে ভাসতে একদিন পর নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা তাদের মালিককে ফোন করে বিষয়টি জানান। পরে ট্রলার মালিক কালাম খাঁ কোস্টগার্ডের জরুরি সেবানম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্টগার্ডের দুবলা স্টেশনের সদস্যরা অভিযান চালিয়ে বিকল ট্রলারসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেন। একইভাবে নৌবাহিনীর সদস্যরাও নিয়মিত টহলকালে ইঞ্জিন বিকল অবস্থায় এফবি আল-আমীন ট্রলারটি সমুদ্রে ভাসতে দেখেন। পরে সেই ট্রলারে থাকা ১৬ জেলেকেও জীবিত উদ্ধার করে কোস্টগার্ডের দুবলা স্টেশনের কাছে হস্তান্তর করে নৌবাহিনী। উদ্ধার জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দিয়ে সুস্থ করা হয়েছে। উদ্ধার জেলেদেরকে তাদের মহ্জানদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মালিকদের দুবলা স্টেশনে আসার জন্য বলা হলে তারা শরণখোলা থেকে রওনা হয়েছেন বলে জানিয়েছেন। সমুদ্রে বিপদে পড়া জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের এমন মানবিক সহযোগিতা বভিষ্যতেও অব্যাহত থাকবে, এমনটাই বললেন ওই মিডিয়া কর্মকর্তা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ৭২ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার উত্তর মন্দুয়ার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন। মঙ্গলবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য।
কৃষি অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহীন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে গোয়ালঘর থেকে ৭২ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ইউরিয়া ১৩ বস্তা, জিপসাম ২৮ বস্তা, ডিএপি ১৬ বস্তা, টিএসপি ১৩ বস্তা ও পটাশ দুই বস্তা। জব্দ করা সারের আনুমানিক মূল্য ৫৬ হাজার ৭০০ টাকা।
অভিযুক্ত শাহীন সরকার বলেন, ‘আমরা প্রান্তিক কৃষক। বাড়িতে রাখা সার বিক্রি কিংবা অবৈধভাবে মজুত করা হয়নি। রোপা আমন ক্ষেতে ব্যবহারের জন্য এসব সার রাখা হয়েছিল।’
উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য বলেন, জব্দ করা সার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের জন্য বরাদ্দকৃত সার কেউ অবৈধভাবে মজুত বা বেশি দামে বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিক্ষার্থীদের ফি পরিশোধ প্রক্রিয়া সহজ করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) পরিচালিত ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড ‘উপায়’-এর সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)।
এর ফলে ডুয়েটের শিক্ষার্থীরা উপায়-এর মাধ্যমে টিউশন, হলসহ বিভিন্ন অ্যাকাডেমিক ফি ডিজিটালভাবে পরিশোধ করতে পারবেন। এতে বিশ্ববিদ্যালয়ের ফি পরিশোধের প্রক্রিয়া আরও দ্রুত, সহজ ও সুবিধাজনক হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডুয়েটের পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, রেজিস্ট্রার ড. মো. মোস্তাকুর রহমান, কম্পট্রোলার ড. মো. জাকির হোসেন ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ড. উৎপল কুমার দাস।
উপায়-এর পক্ষে উপস্থিত ছিলেন হেড অব গভর্নমেন্ট সেলস হাসান মোহাম্মদ জাহিদ, করপোরেট সেলস প্রধান সাজ্জাদ আলম ও রিটেইল বিজনেসের অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার খন্দকার তাহসিন ফারুক।
সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা খাতে ডিজিটাল পেমেন্টের সুযোগ আরও বাড়াতে চায় উপায় ও ডুয়েট। পাশাপাশি শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ফি পরিশোধের প্রক্রিয়া আরও সহজ ও নির্বিঘ্ন করাও এই উদ্যোগের লক্ষ্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ