০৯:০১ পি.এম
বগুড়ার শেরপুরে শিশু রাজু হত্যার বিচার এবং হত্যা কান্ডে জড়িতদের ফাঁসির দাবিতে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। শুক্রবার (৭ আগস্ট) দুপুরের সময়ে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকুন্ডি এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে ঢাকা-বগুড়া মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়েন।
এ বিষয়ে খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। পুলিশের ন্যায়বিচারের আশ্বাস দেওয়ার পর তারা অবরোধ তুলে নেন। এর ফলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
আরও পড়ুন: পূর্বধায় জারিয়া ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন চেয়ারম্যান প্রার্থী হানিফ রানা
এছাড়া, জানা গেছে, অটোরিকশা ছিনতাই দেখে ফেলায় শিশু রাজুকে হত্যা করা হয়েছে এবং তার মরদেহ পুঁতে রাখা হয় ধানক্ষেতে।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইয়ুব হোসেন জানিয়েছেন, ‘এলাকাবাসী কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করেছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করেছে। পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
উল্লেখ্য, উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া গ্রামে গত ২ আগস্ট একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনাটি দেখে ফেলায় শাহ আলমের ছেলে শিশু রাজু (১০) বিপদের সম্মুখীন হয় বলে অভিযোগ ওঠে। পরে ছিনতাইয়ের ঘটনায় গোপন রাখতে, ৩ আগস্ট শিশুটিকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন তার স্বজনরা।
শিশুটি নিখোঁজ হওয়ার পর ওই রাতেই পরিবার শেরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পরিবারের সদস্য এবং স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি করলেও শিশুটির সন্ধান পাননি।
আরও পড়ুন: দুর্গাপুরে পূজামণ্ডপে ডেপুটি স্পিকার কায়সার কামাল, শিশুদের সঙ্গে সেলফি
নিখোঁজের তিন দিন পরে, বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে, পাশের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ি এলাকার একটি ধানখেতে মাটিচাপা অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শেরপুর উপজেলার ররোয়া গ্রামের মোস্তাকিম (২৫) এবং মির্জাপুর বাজার এলাকার আব্দুল করিমকে পুলিশ গ্রেপ্তার করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন