ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি সম্পন্ন, প্রস্তুত দরবার হল


রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি সম্পন্ন, প্রস্তুত দরবার হল

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান উপলক্ষ্যে বঙ্গভবনের দরবার হল সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। মন্ত্রিপরিষদ বিভাগ এই অনুষ্ঠানটি পরিচালনা করবে।

অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শপথ অনুষ্ঠান পরিচালনায় দায়িত্বে থাকবেন। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের থেকে জানা গেছে, অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন: গাজায় ইসরাইলি বাহিনীর বোমাবর্ষণে দুই শিশুসহ নিহত ৭

আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি সন্ধ্যা সাড়ে ৭টায় দরবার হলে প্রবেশ করবেন। এরপর জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াত শেষে স্পিকার রাষ্ট্রপতির শপথ পরিচালনা করবেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।

এছাড়াও, তিন বাহিনীর প্রধান, সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় পর্যায়ের বিশিষ্ট রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিকদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং বিদেশি কূটনীতিকদেরও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বঙ্গভবনে আমন্ত্রণ জানানো হয়েছে। সব মিলিয়ে নতুন রাষ্ট্রপতির শপথকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকায় একটি বিশেষ আবহ তৈরি হয়েছে। শপথ অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি সাজসজ্জা ও আনুষ্ঠানিক প্রস্তুতিতেও সংশ্লিষ্টরা ব্যস্ত সময় পার করছেন।

আরও পড়ুন: রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

এর আগে, গত ২৪ জুলাই অসুস্থতার বিষয়বস্তু তুলে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ আমলে নির্বাচিত মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ফলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা সৃষ্টি হয়।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে ধর্ষণের পর হত্যার অভিযোগে একজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


মাদারীপুরে ধর্ষণের পর হত্যার অভিযোগে একজন গ্রেপ্তার

মাদারীপুর, ২১ আগস্ট ২০২৬ : জেলার শিবচরে শাম্পা খাতুন (২৮) নামে এক নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে ফারুক নামের ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফারুক পুলিশের নিকট স্বীকার করেছে যে, ধর্ষণের পর ওই নারীর মরদেহ ঝোঁপের পাশে ফেলে রেখে ছিল। একই ঘটনার মধ্যে ফারুক তার ১ বছর বয়সী শিশু পুত্র আবিরকে আড়িয়াল খাঁ নদীতে ফেলে হত্যার কথা পুলিশকে জানিয়েছে। তবে শিশুটির মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

পুলিশের প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, গত ১৯ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি এলাকায় খানবাড়ির দারুস সুন্নাহ ইসলামিয়া মাদরাসার বিপরীতে একটি জমির ঝোঁপের পাশ থেকে অজ্ঞাত ১ নারীর মরদহ উদ্ধার করা হয়। পরে পুলিশ তার পরিচয় শনাক্ত করে।

নিহত শাম্পা খাতুন নাটোরের লালপুর উপজেলার আট্রিকা গ্রামের ছামরুল ইসলামের মেয়ে। প্রায় ৩ বছর আগে তার বিয়ে হয় মাদারীপুরের বড় মেহের এলাকার শাহাবুদ্দিন হাওলাদারের সঙ্গে। তাদের ১ বছর বয়সী ছেলে আবির রয়েছে।

পুলিশ সূত্র জানাচ্ছে, একটি মামলা সংক্রান্ত ঘটনায় শাম্পার স্বামী কারাগারে থাকাকালে মাদারীপুর আদালত প্রাঙ্গণে ফারুকের সঙ্গে শাম্পার পরিচয় হয়। এই পরিচয়ের সূত্র ধরে তাকে কৌশলে ডেকে এনে ধর্ষণের পর হত্যা করে।

মরদেহ উদ্ধারের পর নিহতের বাবা ছামরুল ইসলাম শিবচরে এসে মেয়ের মরদেহ শনাক্ত করেন। তিনি এসময় জানতে পারেন যে, তার নাতি আবিরও নিখোঁজ। এর পর, ২০ আগস্ট তিনি বাদী হয়ে শিবচর থানায় হত্যা মামলা করেন।

মামলার পর মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে শিবচর থানা পুলিশ ও র‌্যাব-৮ তদন্ত শুরু করে। তথ্য-প্রযুক্তির সহায়তায় শিবচর ও রাজৈর এলাকায় অভিযান চালিয়ে ফারুককে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ফারুকের বাসা থেকে নিহত শাম্পার স্বর্ণের নাকফুল, রুপার গলার চেইন, একজোড়া জুতা এবং পোড়ানো অবস্থায় একটি ওড়না উদ্ধার করা হয়েছে। ফারুক খুলনার তেরখাদা উপজেলার জয়সোমা এলাকার বাসিন্দা। তাকে কয়েক মাস আগে গাড়ি চুরির অভিযোগে শিবচর থেকে গ্রেপ্তার করা হয়েছিল বলেও পুলিশ জানিয়েছে।

শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের বাসসকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। শিশুটিকে আড়িয়াল খাঁ সেতু থেকে নদীতে ফেলে দেয়ার কথাও সে জানিয়েছে। শিশুটির মরদেহ উদ্ধারে অভিযান চলছে।

তিনি এ সম্পর্কে আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাম্পাকে প্রথমে ধর্ষণ করা হয়। এরপর ঘটনাটি ধামাচাপা দিতে তাকে হত্যা করে মরদেহ ঝোঁপের পাশে ফেলে রাখা হয় এবং তার স্বর্ণালংকার এখানেই রেখে দেয়া হয়।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত ছিল কি-না এবং ঘটনাটি পূর্বপরিকল্পিত কি-না, তা তদন্ত করে দেখা হচ্ছে। উদ্ধার আলামত পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি শিশুটির মরদেহ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন স্ত্রী

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর এবার এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তার স্ত্রী এবং মরক্কান বংশোদ্ভূত ফুটবল এজেন্ট সুহাইলা তাহিরি। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, তার স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেননি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।

সম্প্রতি তুরস্কের একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয় যে, রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন। তুরস্কের সরকারি দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলি শাহিনের একটি এক্স পোস্টের পর বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

আলি শাহিন তার পোস্টে দাবি করেন যে, ব্রাজিলের সাও পাওলোতে বসবাসরত শেখ জিহাদ হামাদার সঙ্গে দীর্ঘদিন যোগাযোগের পর প্রায় চার সপ্তাহ আগে সাবেক রিয়াল মাদ্রিদ তারকার সাক্ষাৎ হয়েছে। ওই সাক্ষাতে শাহাদাহ পাঠের মাধ্যমে কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলেও দাবি করেন তিনি।

তবে শুরু থেকেই এই খবর অস্বীকার করেছেন রবার্তো কার্লোস। সৌদি আরবের সংবাদমাধ্যম ‘ওকাজ’-কে দেওয়া প্রতিক্রিয়ায় ব্রাজিলিয়ান কিংবদন্তি বলেন, ইসলামের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। তিনি তার স্ত্রীকে প্রার্থনা করতে দেখে সেটাকে সুন্দর বলে উল্লেখ করেন। তবে ইসলাম গ্রহণের খবরকে সরাসরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।

এবার একই বিষয়ে আরও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তার স্ত্রী সুহাইলা তাহিরি। মরক্কোর সংবাদমাধ্যম হেস্পোর্তে তিনি বলেন, "আমি স্পষ্ট করে এবং দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমার স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেননি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যা ছড়িয়ে পড়ছে, সবই অসত্য।"

ধর্মীয় বিষয়গুলো অত্যন্ত সংবেদনশীল উল্লেখ করে তাহিরি বলেন, যথাযথ যাচাই-বাছাই ছাড়া এ ধরনের খবর প্রকাশ করা উচিত নয়। এই সঙ্গে তিনি মানুষের ব্যক্তিগত বিশ্বাস ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান।

রবার্তো কার্লোস এর আগে গোপনে ধর্মান্তরিত হওয়ার ঘোষণা দিয়েছিলেন এমন দাবিও প্রত্যাখ্যান করেছেন তাহিরি। তার ভাষায়, "না, কারণ প্রথমত এটি ঘটেইনি। রবার্তো কার্লোস এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। এমন কোনো নির্ভরযোগ্য ঘটনাও ঘটেনি, যা ছড়িয়ে পড়া খবরগুলোকে সমর্থন করে।"

কার্লোস কোনো দুর্ঘটনায় আহত হওয়ার পর শেখ জিহাদ হামাদা নামের একজন ধর্মীয় ব্যক্তিত্ব হাসপাতালে গিয়ে তাকে দেখতে যান এবং কুরআনের আয়াত পাঠ করেন এমন দাবিকেও সম্পূর্ণ মিথ্যা বলেছেন তাহিরি। তিনি বলেন, "এই গল্পও মিথ্যা। জিহাদ নামের কোনো শেখ বা ধর্মীয় ব্যক্তি তাকে হাসপাতালে দেখতে যাননি কিংবা তাকে কুরআনের আয়াত পড়ে শোনাননি। আমরা এই ব্যক্তিকে চিনি না।"

ইসলাম বা কুরআন নিয়ে রবার্তো কার্লোসের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে ব্যক্তিগত আলাপ প্রকাশ করতে চাননি তাহিরি। তবে তিনি জোর দিয়ে বলেন, "ভিন্ন ধর্ম বা সংস্কৃতি নিয়ে আলোচনা কিংবা তার প্রতি শ্রদ্ধা দেখানোর অর্থ এই নয় যে কেউ সেই ধর্ম গ্রহণ করেছেন।"

তার মতে, ভিন্ন সংস্কৃতি বা ধর্মের প্রতি শ্রদ্ধা স্বাভাবিক, বিশেষ করে ভিন্ন প্রেক্ষাপটের মানুষের মধ্যে। কিন্তু ইসলাম বা কুরআন নিয়ে কোনো আলোচনা হয়েছে মানেই এই নয় যে একজন ব্যক্তি ধর্মান্তরিত হয়ে গেছেন।

সব মিলিয়ে রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণ নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনকে ভিত্তিহীন বলে দাবি করেছেন তার স্ত্রী সুহাইলা তাহিরি। এর আগে কার্লোস নিজেও একই দাবি অস্বীকার করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলাস্কায় সামরিক স্থাপনার কাছে বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


আলাস্কায় সামরিক স্থাপনার কাছে বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী

যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি মার্কিন বিমানবাহিনী ঘাঁটির কাছে বিমান বিধ্বস্ত হয়েছে। এতে থাকা আটজন ব্যক্তি নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় সময় দুপুরে কেপ নিউএনহ্যাম সংলগ্ন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। সেখানে দীর্ঘপাল্লার রাডার স্থাপনার একটি বিমানবন্দর অবস্থান করছে। বিমানটিতে কারা ছিলেন তা জানা যায়নি এবং তাদের সেখানে যাওয়ার উদ্দেশ্যও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) একজন মুখপাত্র জানিয়েছেন, আলাস্কার অ্যাঙ্কোরেজভিত্তিক এয়ার চার্টার কোম্পানি ‘সিকিউরিটি এভিয়েশন’ পরিচালিত ‘সেসনা ৪৪১’ মডেলের উড়োজাহাজটি স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে কেপ নিউএনহ্যাম এলআরআরএস বিমানবন্দরের পশ্চিমে বিধ্বস্ত হয়।

মার্কিন বিমানবাহিনীর আলাস্কা কমান্ড জানায়, বিমানটি অ্যাঙ্কোরেজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে প্রায় ৪৫০ মাইল (৭২৫ কিলোমিটার) পশ্চিমে কেপ নিউএনহ্যামের উদ্দেশে যাচ্ছিল।

দুর্ঘটনাস্থলে পৌঁছানো উদ্ধারকারীরা জানিয়েছে, তারা ‘কোনো জীবিত ব্যক্তিকে পাননি’। দুর্ঘটনার কারণ জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে। নিহতদের পরিচয় প্রকাশ করা হবে স্বজনদের জানানোর পর।

সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন বলেছেন, বিমানটিতে দুই পাইলট এবং ছয়জন যাত্রী উপস্থিত ছিলেন।

আলাস্কার দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত কেপ নিউএনহ্যাম আলাস্কা রাডার সিস্টেমের একটি অংশ। এই নেটওয়ার্কের দুর্গম স্থাপনাগুলো আলাস্কার আকাশসীমায় প্রবেশকারী বা চলাচলকারী বিমান পর্যবেক্ষণ করে।

তথ্যসূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে কোরআন প্রতিযোগিতায় জয়ী ৪ হাফেজ দেশে ফিরেছেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


সৌদিতে কোরআন প্রতিযোগিতায় জয়ী ৪ হাফেজ দেশে ফিরেছেন

সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পুরস্কার জিতে নেওয়ার পর বাংলাদেশের চার হাফেজ দেশে ফিরেছেন। শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে সাউদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

হাফেজদের অভ্যর্থনা জানাতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিমানবন্দরে পাঠান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি অসুস্থ হওয়ায় নিজে বিমানবন্দরে যেতে পারেননি, তবে বিজয়ীদের স্বাগত জানাতে তার প্রবল ইচ্ছা ছিল বলেও মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে।

সৌদি বিজয়ী হাফেজদের অভিনন্দন জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, "বাংলাদেশ থেকে চারজন অংশগ্রহণ করে সকলেই পুরস্কৃত হয়েছেন। একজন প্রথম, বাকিরা তৃতীয় পুরস্কার পেয়েছেন। এ অর্জন বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মান ও গর্বের। বাংলাদেশ কুরআনের পাখিদের উর্বর ভূমি-এ অর্জন তারই স্মারক।"

ধর্মমন্ত্রীর নির্দেশে বিমানবন্দরে পুরস্কার বিজয়ী হাফেজদের অভ্যর্থনা জানান মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলামের নেতৃত্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা। অনুষ্ঠানটিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী, ঢাকা হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন, এবং মন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) মো. মাহবুব আলম উপস্থিত ছিলেন।

৫টি গ্রুপে অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে চারজন নির্বাচিত কুরআনের হাফেজ অংশগ্রহণ করেন। ইসলামিক ফাউন্ডেশন এই প্রতিযোগীদের বাছাই করে সৌদিতে পাঠানোর ব্যবস্থা করে। প্রতিযোগিতার চতুর্থ গ্রুপে পুরুষদের মধ্যে প্রথম হন বাংলাদেশের মুহাম্মদ জাকারিয়া এবং একই গ্রুপে নারীদের মধ্যে তৃতীয় হন রাবেতা বিনতে রমজান। মুহাম্মদ জাকারিয়া এক লাখ ৫০ হাজার সৌদি রিয়াল এবং রাবেতা বিনতে রমজান এক লাখ ৩০ হাজার সৌদি রিয়াল পুরস্কার পান।

এছাড়া, প্রতিযোগিতার তৃতীয় গ্রুপে পুরুষ ও নারী উভয় ক্যাটাগরিতেই তৃতীয় স্থান অধিকার করেন বাংলাদেশী শেখ মুহাম্মদ মাহমুদুল হাসান এবং মুসফিরা বিনতে মাহমুদ। তারা দুজনেই পুরস্কার হিসেবে এক লাখ ৩০ হাজার সৌদি রিয়াল পেয়ে থাকেন।

সৌদি বিজয়ী হাফেজ মুহাম্মদ জাকারিয়া নারায়ণগঞ্জের সানারপাড়ের আর-রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসা ও হাফেজ মাহমুদুল হাসান আশরাফী রাজধানীর ডেমরার মারকাজুল মাদীনা ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। অন্যদিকে, রাবেতা বিনতে রমজান রাজধানীর উত্তরার তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা এবং মুসফিরা বিনতে মাহমুদ পুরান ঢাকার ওয়ারিতে অবস্থিত সাওদা বিনতে যামআহ আন্তর্জাতিক বালিকা হিফজ মাদরাসার শিক্ষার্থী।

পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশাল। প্রতিযোগিতার পাঁচ গ্রুপে মোট ৫০ জনকে পুরস্কৃত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%