ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রে হামের আতঙ্ক, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা


যুক্তরাষ্ট্রে হামের আতঙ্ক, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রে হাম দ্রুত ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে নিউইয়র্ক অঙ্গরাজ্যে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। চলতি বছরের ৩ অক্টোবর পর্যন্ত অঙ্গরাজ্যটিতে ১০৮ জনের হাম শনাক্ত হয়েছে। সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে আরও স্বাস্থ্যকর্মীকে হাম, মাম্পস ও রুবেলার (এমএমআর) টিকা দেওয়ার অনুমতি প্রদান করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল এই জরুরি অবস্থা ঘোষণা করেন। এটি ৪ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এই জরুরি অবস্থার আওতায় নিবন্ধিত নার্সরা সন্দেহভাজন হাম রোগীর পরীক্ষার নির্দেশ দিতে পারবেন এবং ফার্মাসিস্টরা দুই বছর বয়সী শিশুদেরও এমএমআর টিকা দিতে পারবেন।

নিউইয়র্কে শনাক্ত ১০৮ রোগীর মধ্যে সাতজন নিউইয়র্ক সিটির বাসিন্দা। বাকি ১০১ জন অঙ্গরাজ্যের অন্যান্য এলাকার বাসিন্দা। ১৫ জুলাইয়ের পর ৯২ জনের হাম শনাক্ত হয়েছে। এসব রোগী অঙ্গরাজ্যের ১৮টি গ্রামীণ এলাকায় অবস্থান করছে, যেখানে টিকাদানের হার তুলনামূলকভাবে কম। হকুল বলেন, "টিকা দিয়ে প্রতিরোধ করা সম্ভব এমন রোগে কারও গুরুতর অসুস্থ হওয়া বা মারা যাওয়া উচিত নয়।"

আরও পড়ুন: কংগ্রেসকে পরজীবী ও রাহুলকে ব্যর্থ পণ্য আখ্যা দিলেন নরেন্দ্র মোদি

নিউইয়র্কের পাশের অঙ্গরাজ্য পেনসিলভানিয়াতেও হামের বড় ধরনের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সোমবার পর্যন্ত সেখানে ১ হাজার ৪টি সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং পাঁচজনের মৃত্যু হয়েছে। এটি তিন দশকের বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যে হামের সবচেয়ে বড় প্রাদুর্ভাব হিসেবে চিহ্নিত হয়েছে।

টেক্সাস, ইউটা, ওহাইও ও সাউথ ক্যারোলাইনাতেও হাম ছড়িয়েছে। ১ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩ হাজার ৮৮৭টি হাম শনাক্ত হয়েছে, যা ১৯৯১ সালের পর দেশটিতে হামের সবচেয়ে খারাপ পরিস্থিতি।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকাদানের হার ৯৫ শতাংশের নিচে নেমে গেলে হাম ছড়িয়ে পড়ার ঝুঁকি বৃদ্ধি পায়। ২০০০ সালে যুক্তরাষ্ট্রে স্থানীয়ভাবে হামের সংক্রমণ নির্মূল করা হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে টিকাদানের হার কমে যাওয়ার কারণে রোগটি আবার ছড়িয়ে পড়ছে।

নভেম্বরে আন্তর্জাতিক স্বাস্থ্য কর্মকর্তারা বৈঠকে বসবেন। সেখানে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো হামের সংক্রমণমুক্ত দেশের মর্যাদা ধরে রাখতে পারবে কি না, তা পর্যালোচনা করা হবে। তথ্যসূত্র: আল-জাজিরা, রয়টার্স, এপি

আরও পড়ুন: পাকিস্তানের গোয়াদরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩ সন্ত্রাসী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসি: ‘জানি মুহূর্তগুলো মিস করব’, শেষ ম্যাচ আগামীকাল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২৯ এম


মেসি: ‘জানি মুহূর্তগুলো মিস করব’, শেষ ম্যাচ আগামীকাল

সময় শেষ হয়ে আসছে। লিওনেল মেসি এই অনুভূতি অনুভব করছেন। কিংবদন্তির জন্য এমন অনুভূতি কখনো হয়েছে কি না, তার উত্তর সম্ভবত নেই।

কারণ, যিনি শেষ মুহূর্তে ম্যাচের পরিস্থিতি বদলে দিতে দৃঢ় সংকল্প নিয়ে লড়াই করেন, তিনি কিভাবে সময় ফুরিয়ে আসার অনুভূতি বুঝবেন। তবে এবারের বিষয়টি ভিন্ন। কারণ, মেসি আর কখনোই পরিচিত মঞ্চে থাকবেন না।

এ কারণে সময় ফুরানোর আগে আবেগে জর্জরিত হয়ে পড়েছেন মেসি। এতটাই যে, তিনি নিজের অনুভূতি চেপে রাখতে পারেননি। সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে মুহূর্তগুলোকে মিস করার কথা জানিয়ে দিয়েছেন। কিছু ছবি শেয়ার করে ফেসবুকে লিখেছেন, ‘স্পেশাল কিছু মুহূর্ত, জানি এগুলো খুব মিস করব।’

আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে যাওয়ার ২৪ ঘণ্টারও কম সময় বাকি রয়েছে। শেষবারের মতো সতীর্থদের সঙ্গে ইজেইহার ট্রেনিং ক্যাম্পে অনুশীলন করেছেন মেসি। অনুশীলনের সেই মুহূর্তগুলোর কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ৮ বারের ব্যালন ডি’অর জয়ী। কিংবদন্তিকে বিদায় জানাতে প্রস্তুত মনুমেন্তালও। আগামীকাল ভোরে এই মাঠেই বেনিনের বিপক্ষে মেসির শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একাদশে ভর্তির সুযোগ পায়নি ৫১২৯ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩০ এম


একাদশে ভর্তির সুযোগ পায়নি ৫১২৯ শিক্ষার্থী

একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ও চূড়ান্ত ধাপের ফল প্রকাশিত হয়েছে। এই ফলাফলে দেখা যাচ্ছে, আবেদন করার পরও ভর্তির জন্য কোনো কলেজে আসন বরাদ্দ পায়নি পাঁচ হাজার ১২৯ শিক্ষার্থী। তাদের মধ্যে ৩২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

সোমবার (৫ অক্টোবর) রাতে একাদশে ভর্তির ওয়েবসাইটে দ্বিতীয় ও চূড়ান্ত ধাপের ফল প্রকাশ করা হয়। ফলাফলের সারসংক্ষেপে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে যে, এই শিক্ষার্থীরা ভর্তিবঞ্চিত হবে না। তারা শূন্য আসন থাকা কলেজে সশরীরে গিয়ে ভর্তির সুযোগ পাবে।

ফল বিশ্লেষণে দেখা গেছে, দ্বিতীয় ও চূড়ান্ত ধাপে ভর্তির জন্য মোট এক লাখ ৮৪ হাজার ৪৬৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে এক লাখ ৭৯ হাজার ৩৪০ জনকে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে। কিন্তু পাঁচ হাজার ১২৯ জন শিক্ষার্থী আসন বরাদ্দ পায়নি। তাদের মধ্যে ৩২১ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী রয়েছে।

এদিকে, দ্বিতীয় ও চূড়ান্ত ধাপের ফলাফলে দেখা গেছে, দেশের ১২টি কলেজে ভর্তির জন্য কোনো শিক্ষার্থী পছন্দক্রম দেয়নি। অর্থাৎ এসব কলেজে ভর্তির জন্য কোনো আগ্রহ প্রকাশ করেনি শিক্ষার্থীরা। পাশাপাশি ৪১৬টি কলেজে ভর্তির জন্য কোনো শিক্ষার্থী আসন বরাদ্দ পায়নি।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, প্রায় ৯৯ শতাংশ আগ্রহী শিক্ষার্থীকে ভর্তির জন্য আসন বরাদ্দ দেওয়া সম্ভব হয়েছে। প্রায় ১ শতাংশ শিক্ষার্থী পছন্দক্রমে প্রতিষ্ঠানের সংখ্যা কম দেওয়ার কারণে বাদ পড়েছে।

ভর্তির সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, যেসব কলেজে আসন শূন্য রয়েছে, সেখানে সশরীরে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে তারা ভর্তির সুযোগ পাবে। দেশের অসংখ্য কলেজে কয়েক লাখ আসন শূন্য রয়েছে। তাই তাদের ভর্তিবঞ্চিত হওয়ার কোনো আশঙ্কা নেই।

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের কলেজ পছন্দের সুযোগ দেওয়া হয়েছে কয়েক ধাপে। প্রথম ধাপের পর দ্বিতীয় ও চূড়ান্ত ধাপেও শিক্ষার্থীরা পছন্দক্রম পরিবর্তন ও নতুন করে আবেদন করার সুযোগ পেয়েছে। এবারও বিপুলসংখ্যক আসন খালি থাকায় আসন বরাদ্দ না পাওয়া শিক্ষার্থীদের সামনে ভর্তির সুযোগ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবারের মতো সক্রিয় মক্কা চুক্তি, সৌদিতে সেনা পাঠাচ্ছে তুরস্ক-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩০ এম


প্রথমবারের মতো সক্রিয় মক্কা চুক্তি, সৌদিতে সেনা পাঠাচ্ছে তুরস্ক-পাকিস্তান

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্রমাগত হামলার প্রেক্ষাপটে তুরস্ক ও পাকিস্তান সৌদি আরবে দ্রুত সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর বিষয়ে যৌথভাবে ঘোষণা করেছে। সোমবার রিয়াদে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকের পর, দেশ তিনটি নতুন প্রতিষ্ঠিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোটের আওতায় এই সিদ্ধান্ত কার্যকর করার কথা জানিয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের আগস্ট মাসে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে। এই চুক্তির মূল শর্ত হলো, জোটভুক্ত যেকোনো একটি দেশ যদি বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হয়, তবে অন্য দেশগুলো যৌথভাবে তার সুরক্ষায় এগিয়ে আসতে বাধ্য থাকবে।

মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এই চুক্তির তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, এই জোটে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম শক্তিশালী সেনাবাহিনী তুরস্ক, মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান এবং উপসাগরীয় অঞ্চলের প্রভাবশালী দেশ সৌদি আরব একত্রিত হয়েছে।

সোমবার রিয়াদে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের জরুরি বৈঠকে জোটের প্রতিনিধিরা সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা করেন। সেখানে সম্প্রতি সৌদি ভূখণ্ড, বিশেষ করে পবিত্র নগরী মক্কা ও মদিনাকে লক্ষ্য করে চালানো হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। তবে যৌথ বিবৃতিতে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের নাম উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে তিন দেশ স্পষ্টভাবে জানায়, ‘সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার ওপর যেকোনো ধরনের হামলা বা হুমকি অনতিবিলম্বে ও কঠোরভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে।’

এর পরপরই সম্মিলিতভাবে প্রতিরক্ষা প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা দিয়ে তারা জানায়, ‘যৌথ প্রতিরক্ষা প্রতিশ্রুতির ব্যবহারিক প্রয়োগ নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। চুক্তি অনুযায়ী নির্ধারিত সামরিক বাহিনী ও সক্ষমতা প্রস্তুত রাখা হবে এবং সৌদি ভূখণ্ডে তাদের দ্রুত মোতায়েন (র‌্যাপিড ডেপ্লয়মেন্ট) সুনিশ্চিত করা হবে।’

তবে সৌদি আরবে পৌঁছানোর পর এসব সেনা নির্দিষ্ট কী ভূমিকা পালন করবে বা কী ধরনের সামরিক দায়িত্ব সামলাবে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

চলতি বছরের জুলাই মাসে ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে রূপ নেওয়ার পর থেকে হুতি বিদ্রোহীরা সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর, তেল অবকাঠামো এবং বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালিয়ে আসছে।

গত সেপ্টেম্বর মাসেও হুতিরা একটি নতুন সামরিক অভিযান চালিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে।

এর জবাবে সোমবার রিয়াদ সমর্থিত ইয়েমেনি বাহিনী হুতিদের দখলে থাকা অঞ্চলগুলো পুনর্দখলে নিতে পাল্টা বড় ধরনের অভিযান শুরু করেছে, যার মধ্যে কিছু অঞ্চল দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে হুতিদের নিয়ন্ত্রণে ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩০ এম


শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে এসে পৌঁছানোর পর ১৫০ জন শিশু প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। এরপর অনুষ্ঠানের সূচনা জাতীয় সংগীতের মাধ্যমে হয়, এবং প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন।

উল্লেখযোগ্যভাবে, অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

আজকের অনুষ্ঠানে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, পাশাপাশি শিশুদের স্মারক উপহার প্রদান, স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা বলার কর্মসূচি রয়েছে। এছাড়া, প্রধানমন্ত্রী শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন করবেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবনে যাবেন এবং ভবনের নিচতলায় সোলার প্যানেল ও সাব-স্টেশন উদ্বোধন করবেন।

এবারের আয়োজনের প্রতিপাদ্য হলো ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%