জামিরুল হক সুজন লালমনিরহাট প্রতিনিধি
১১:৫৫ পি.এম
লালমনিরহাট সদর উপজেলার সাপটিবাড়ি বাজার এলাকায় শনিবার রাতে সংবাদ প্রকাশের ঘটনার জের ধরে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। হামলায় আহত হয়ে বর্তমানে হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন ও DRB নিউজ-এর লালমনিরহাট জেলা প্রতিনিধি মো. রুহুল আমিন রাসেল (৩০)।
ভুক্তভোগী সাংবাদিকের বক্তব্য অনুযায়ী, শুক্রবার (১০ জুলাই ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সাপটিবাড়ি বাজারে পূর্বে প্রকাশিত একটি সংবাদের পরিস্থিতিতে হারাটি ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতাকর্মী তাকে ডেকে নেন। পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় তিনি গোপনে ক্যামেরা চালু রেখে সেখানে উপস্থিত হন। একপর্যায়ে ঐ কথোপকথনের সময় অভিযুক্তরা তাকে অতর্কিতভাবে মারধর শুরু করেন।
অভিযোগে উল্লেখ রয়েছে, হামলায় অংশ নেন হারাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফাতাংটারী গ্রামের বাসিন্দা মো. রফিক মিয়া (৪০), পিতা: মৃত আনছার আলী; কল্লোল আহমেদ (৩৮), পিতা: মৃত জয়নাল আবেদীন; এবং মো. আবু তালেব (৩৮), পিতা: মৃত আব্দুল মুন্সিসহ আরও কয়েকজন। তারা সাংবাদিককে মারধর করতে করতে একটি দোকানের ভেতরে নিয়ে আটকে রাখেন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন।
পরবর্তীতে সাংবাদিক রুহুল আমিন রাসেল মোবাইল ফোনের মাধ্যমে লালমনিরহাট সদর থানায় যোগাযোগ করলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
চিকিৎসকরা জানিয়েছেন, হামলায় তার বাম চোখের পাশ গুরুতর জখম হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে সাংবাদিক রুহুল আমিন রাসেল বলেন, "বেশ কিছুদিন আগে মো. রফিকের দূর সম্পর্কের এক আত্মীয়ের নারী-সংশ্লিষ্ট একটি বিষয়ে আমি সংবাদ প্রকাশ করি। ওই সংবাদ প্রকাশে রফিক বাধা দেন। এমনকি তিনি আমার ক্যামেরায় আঘাত করেও সেটি বন্ধ করতে বলেন। কিন্তু আমি সংবাদটি প্রকাশই করি। ওই ব্যক্তি পরে পুলিশে সোপর্দ হন এবং আদিতমারী থানায় একটি মামলা দায়ের হয়েছে। আমার ধারনা, সেই সংবাদ প্রকাশের জের ধরেই পরিকল্পিতভাবে এই হামলা আজ আমার ওপর চালানো হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এ ছাড়া প্রশাসনের কাছে ন্যায়বিচার প্রার্থনা করছি। আমি লালমনিরহাট জেলার অভিভাবক হিসেবে দায়িত্ব পালনকারী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর ভাইয়ের কাছেও ন্যায়বিচারের আবেদন জানাচ্ছি।"
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাংবাদিককে উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানের করাচির কুলসুম বাই ভ্যালিকা হাসপাতালে চিকিৎসা নিতে এসে শিশুরা ভয়াবহ বিপদে পড়েছে। স্টাফদের চরম অবহেলা এবং ব্যবহৃত সিরিঞ্জ বারবার ব্যবহার করার ফলে হাসপাতালটিতে চিকিৎসা নেওয়া ৮০ জন শিশুর শরীরে মরণব্যাধি এইচআইভি শনাক্ত হয়েছে।
শনিবার নতুন করে আরও দুই শিশুর শরীরে এই ভাইরাস ধরা পড়ে। এর মধ্যে মেট্রোভিল এলাকার ৩ বছর বয়সী এক কন্যা শিশুও রয়েছে। শিশুটির বাবা জানান, বুকে সংক্রমণের কারণে মেয়েকে ওই হাসপাতালে চিকিৎসা করানো হয়েছিল। কিন্তু তারপর থেকে তার শরীর আরও খারাপ হতে থাকে। পরে ডাক্তারদের পরামর্শে পরীক্ষা করালে এইচআইভি ধরা পড়ে।
এর আগে সিন্ধুর শ্রমমন্ত্রী সাঈদ গনি নিশ্চিত করেন যে, হাসপাতালটিতে ৭৮ জন শিশু এইচআইভিতে আক্রান্ত হয়েছে। তিনি ঘটনার কঠোর তদন্ত ও দোষীদের শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন।
বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। স্টাফদের অবহেলায় ২০০ শিশুর আক্রান্ত হওয়ার অভিযোগ তুলে একটি মামলা দায়ের করা হয়েছে। সেখানেও বলা হয়েছে যে, ২০২৫ সালে 'ব্যবহৃত সিরিঞ্জ' পুনরায় ব্যবহারের কারণেই এই ভয়াবহ ঘটনা ঘটেছে। আদালত এই ঘটনাটির ব্যাখ্যা দিতে সরকারকে দুই সপ্তাহ সময় দিয়েছে।
এদিকে, আক্রান্ত শিশুদের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও সার্বিক সাহায্যের জন্য কর্তৃপক্ষ ২০০ কোটি রুপি বরাদ্দ করেছে। সূত্র: জিও টিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, প্রতিবছর ঘটে চলা পাহাড়ধসে প্রাণহানির পুনরাবৃত্তি রোধ করার জন্য পাহাড়ের পাদদেশে বসবাসরত ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে নিরাপদ স্থানে পর্যায়ক্রমে স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে।
তিনি বলেন, সরকার এ লক্ষ্যে প্রয়োজনীয় জমি ও আবাসনের ব্যবস্থা করবে। সম্মিলিত উদ্যোগ ও সকলের সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব।
আজ শনিবার রাতে চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার ১ নম্বর ঝিলের ওপর অবস্থিত ব্র্যাক প্রাক-প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত দুর্গত মানুষের মধ্যে রান্না করা খাবার ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করার সময় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, গত কয়েক দিন ধরে চট্টগ্রামে টানা বর্ষণে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যে, বিভিন্ন সরকারি সংস্থা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগে দুর্যোগ মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। তবে, পাহাড়ধসে প্রাণহানির ঘটনা অতি বেদনাদায়ক। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে চট্টগ্রামে পাঠিয়েছেন। এর উদ্দেশ্য হলো ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র পর্যালোচনা করে দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা। আশ্রয়কেন্দ্রে যতদিন প্রয়োজন হবে, ততদিন খাদ্য, চিকিৎসা ও প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আকবরশাহ এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড় কাটা ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্ত্রাসী চক্রের দৌরাত্ম্য বন্ধ করে পাহাড় কাটা কার্যক্রমও বন্ধ করা হয়েছে। ভবিষ্যতে এ এলাকায় কোনো নতুন আবাসন প্রকল্প গড়ে উঠতে দেওয়া হবে না।
অনুষ্ঠান শেষে, প্রতিমন্ত্রী ও মেয়র আশ্রয়কেন্দ্রে অবস্থানরত নারী, শিশু ও প্রবীণদের খোঁজখবর নেন এবং তাদের হাতে রান্না করা খাবার ও শুকনো খাদ্যসামগ্রী তুলে দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত ওভদা বিমানঘাঁটিতে মোতায়েন থাকা অত্যাধুনিক এফ-২২ স্টেলথ যুদ্ধবিমানগুলো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। শুক্রবার নাগাদ কমপক্ষে ১০টি এফ-২২ যুদ্ধবিমান ইসরায়েলি ঘাঁটি ত্যাগ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, বিমানগুলো সরাসরি যুক্তরাষ্ট্রে ফেরার পথে যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে সাময়িক বিরতি নিয়েছে।
বিশ্লেষকদের মতে, এই বিমানগুলো মূলত ইরান-ইসরায়েল সংঘাতের আবহে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইসরায়েলে পাঠানো হয়েছিল। বর্তমানে 'ইসলামাবাদ সমঝোতা স্মারক' অকার্যকর হয়ে পড়ে যাওয়ার কারণে এবং গত ৪৮ ঘণ্টায় দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটার পর এই অঞ্চলের পরিস্থিতি যখন আরও জটিল আকার ধারণ করেছে, তখন মার্কিন বাহিনীর এই সিদ্ধান্ত বেশ চমক সৃষ্টি করেছে।
যদিও এই সামরিক সরঞ্জামের প্রত্যাহার মানে যে যুক্তরাষ্ট্রের দ্রুত সামরিক শক্তি প্রয়োগের সক্ষমতা কমে গেছে তেমন কিছু নয়। মার্কিন প্রতিরক্ষা দপ্তর আগের মতোই মধ্যপ্রাচ্যে দ্রুত পাল্টা ব্যবস্থা নেওয়ার পূর্ণ সক্ষমতা বজায় রেখেছে বলে মনে করা হচ্ছে।
এদিকে, এই সামরিক অবস্থানের পরিবর্তনের পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক কঠোর বার্তায় ট্রাম্প সরাসরি ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার ওপর কোনো ধরনের প্রাণনাশী হামলা চালানোর চেষ্টা করলে তার জবাব হবে অত্যন্ত ভয়াবহ। তিনি দাবি করেছেন, ইরান যদি তাকে হত্যার কোনো পরিকল্পনা বা চেষ্টা চালায়, তবে তাদের লক্ষ্য করে ১,০০০ ক্ষেপণাস্ত্র তৈরি রাখা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের মীরসরাইয়ে বিদেশি মদের বোতলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উপজেলার জোরারগঞ্জ-বারইয়ারহাট টু রামগড় সড়কের 'ভাঙ্গা টাওয়ার' নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন—জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের মৃত নজির আহম্মেদের ছেলে জাহাঙ্গীর আলম এবং জোরারগঞ্জ ইউনিয়নের চিনকি আস্তানা রেলওয়ে স্টেশন সংলগ্ন সোনপাহাড় এলাকার মৃত সৈয়দুর রহমানের ছেলে মিজান আলী।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ-বারইয়ারহাট টু রামগড় সড়কের ভাঙ্গা টাওয়ার এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামানো হয়। পরে মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে অবৈধ বিদেশি মদের বোতলসহ ওই দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। একই সাথে মাদক পরিবহনের দায়ে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এলাকা মাদক ও অপরাধমুক্ত করার লক্ষ্যে এই ধরনের প্রশাসনিক ও বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ
তালাশ বিডি/মিডিয়া লিঃ