০৫:০২ পি.এম
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মধ্যপ্রাচ্যে একটি নতুন বহুজাতিক আক্রমণকারী ড্রোন টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) তারা এই ঘোষণা করেন। এই টাস্কফোর্সের নাম 'টাস্ক ফোর্স ফ্যালকন স্ট্রাইক', এখানে যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক অংশীদার দেশগুলোর সামরিক সদস্যরা কাজ করবেন। এই বাহিনী সমুদ্রে, পানির নিচে এবং আকাশপথে ড্রোন ব্যবহার করবে।
সেন্টকম জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর প্রথম বিশেষায়িত একমুখী আক্রমণাকারী ড্রোন ইউনিট 'টাস্ক ফোর্স স্করপিয়ন স্ট্রাইক' গঠন করা হয়েছিল প্রায় নয় মাস আগে। এর পর ফ্যালকন স্ট্রাইকের কার্যক্রম শুরু হলো। নতুন এই ইউনিটের উদ্দেশ্য হল বিভিন্ন সামরিক অভিযানে ড্রোন ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি করা।
স্করপিয়ন স্ট্রাইক গঠনের পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে গত ডিসেম্বরে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ থেকে প্রথমবারের মতো আকাশপথে আক্রমণকারী ড্রোন উৎক্ষেপণ উল্লেখযোগ্য।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
'অপারেশন এপিক ফিউরি' সময়ও স্করপিয়ন স্ট্রাইক একমুখী চালকবিহীন আকাশযান ব্যবহার করেছে। জুলাই মাসে ইরানের বন্দর স্থাপনায় সমুদ্রে চালকবিহীন আক্রমণকারী নৌযান ব্যবহার করে হামলার সময়ও এসব ড্রোন ব্যবহার করা হয়েছিল।
কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র ও অংশীদার দেশগুলোর মধ্যে সামরিক প্রযুক্তি ও নতুন কৌশল নিয়ে ব্যাপক উদ্ভাবন হচ্ছে। তিনি মন্তব্য করেন, 'এই উদ্ভাবনের ওপর ভিত্তি করে টাস্ক ফোর্স ফ্যালকন স্ট্রাইক, স্করপিয়ন স্ট্রাইকের সাফল্যকে আরো এগিয়ে নেবে।'
কুপার আরও বলেন, 'নতুন সক্ষমতাগুলোকে একসঙ্গে সমন্বয় করে কাজে লাগাতে পারলে ভবিষ্যতে তৈরি হওয়া নতুন সুযোগগুলো দ্রুত কাজে লাগানো সম্ভব হবে।'
এদিকে, সেন্টকম আঞ্চলিক অংশীদার দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে এবং তাদের আনুষ্ঠানিকভাবে ফ্যালকন স্ট্রাইকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া চলছে। আঞ্চলিক দেশগুলো এতে যোগ দিলে ফ্যালকন স্ট্রাইক মধ্যপ্রাচ্যজুড়ে ড্রোন ব্যবহারের সক্ষমতাকে একটি সমন্বিত ও বহুজাতিক প্রতিরোধ ব্যবস্থায় পরিণত করবে।
আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা
কুপার উল্লেখ করেন, 'এই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর অনেক শক্তিশালী অংশীদার ও বন্ধু রয়েছেন। আমরা যখন নতুন সক্ষমতাগুলো একসঙ্গে সমন্বয় ও কাজে লাগাই, তখন সম্মিলিতভাবে আমাদের শক্তি আরো বাড়ে।'
ফ্যালকন স্ট্রাইকের মার্কিন ও আঞ্চলিক প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন মার্কিন স্পেশাল অপারেশনস কমান্ড সেন্ট্রাল (সোসেন্ট)-এর সদস্যরা। এই কমান্ডই এর আগে টাস্ক ফোর্স স্করপিয়ন স্ট্রাইক চালু করেছিল। সোসেন্টের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পার ম্যাকডিল এয়ার ফোর্স বেসে অবস্থিত। সংস্থাটি মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার ২১টি দেশে সেন্টকমের আওতাধীন বিশেষ অভিযান পরিকল্পনা ও পরিচালনা করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন