ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পুতিনের নিজের শহরে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা


পুতিনের নিজের শহরে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিজ শহর সেন্ট পিটার্সবার্গে ইউক্রেন ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে।

রাশিয়া জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকে, মস্কো ও সেন্ট পিটার্সবার্গসহ তাদের এক ডজনেরও বেশি অঞ্চলে প্রায় ৪০০ ড্রোন ছুড়েছে ইউক্রেন। চলতি সপ্তাহে কিয়েভে রাশিয়ার হামলায় ৩০ জন নিহত হন এবং সুমিতে এক শিশুসহ ৪ জনের মৃত্যু ঘটে। মূলত এর বদলা নিতেই এই পাল্টা হামলা চালানো হয়েছে।

খবর অনুসারে, ইউক্রেনের ড্রোন সেন্ট পিটার্সবার্গের একটি তেলের টার্মিনাল এবং ফিনল্যান্ড সীমান্তের কাছের একটি বন্দরে আঘাত হেনেছে। ঐতিহাসিক পিটারহফ প্রাসাদের ওপরেও ড্রোন পড়েছে। তবে রাশিয়া বলছে, এতে কোনো ক্ষতি হয়নি। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন, তারা সেন্ট পিটার্সবার্গের নৌ ঘাঁটিতেও সফল হামলা চালিয়েছেন।

আরও পড়ুন: আরব দলগুলোর সঙ্গে জোট গঠনকে লজ্জাজনক বললেন নেতানিয়াহু

টানা এই ড্রোন হামলার ফলে রাশিয়ার সাধারণ মানুষ ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। বেলগোরোদ অঞ্চলে বিদ্যুৎ এবং পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। কালিনিনগ্রাদে বিমান চলাচলে দেরি হচ্ছে। জ্বালানি তেলের ডিপোগুলোতে হামলার কারণে রাশিয়ায় তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। এছাড়া, মস্কোমুখী ৬২টি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে রাশিয়া। হামলায় ব্রায়ানস্ক ও ক্রাইমিয়ায় দুজন নিহত হয়েছেন।

এদিকে, পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর কোস্ত্যন্তিনিভকা দখলের দাবি করেছে মস্কো। খোদ পুতিন এর জন্য সেনাদের ধন্যবাদ জানিয়েছেন। তবে এই দাবিকে স্রেফ ‘মিথ্যা’ বলে অভিযোগ করেছেন জেলেনস্কি। তিনি জানান, সেখানে এখনও তীব্র লড়াই চলছে। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন, যদি শহরটি সত্যিই রাশিয়ার দখলে থাকে, তাহলে পুতিনকে সেখানে বসে যুদ্ধ থামানোর আলোচনা করতে হবে। তবে পুতিন আলোচনা নাকচ করে দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ জেলার বদলগাছি উপজেলা মাদক মুক্ত গড়ার লক্ষ্যে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ মাহবুব আলম শাওন নওগাঁ জেলা প্রতিনিধি

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


নওগাঁ জেলার বদলগাছি উপজেলা মাদক মুক্ত গড়ার লক্ষ্যে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

 

অদ্য ৪ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ মাদকমুক্ত বদলগাছী থানা গড়ার লক্ষ্যে বদলগাছী থানার উদ্যোগে এক মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন,জেলা প্রশাসন, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফজলে হুদা, মাননীয় সংসদ সদস্য, নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী)। তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর ভয়াবহতা থেকে তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন এবং সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে। তিনি মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ রাজশাহী বলেন, "সমাজকে মাদকমুক্ত করতে কমিউনিটি পুলিশিংয়ের কোনো বিকল্প নেই। জনগণের সক্রিয় অংশগ্রহণ, তথ্য প্রদান এবং পুলিশ-জনতার পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমেই মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর সাফল্য অর্জন করা সম্ভব।" তিনি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সুপার, নওগাঁ। তিনি বলেন, জেলা পুলিশ নওগাঁ মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করা হবে। তিনি উল্লেখ করেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করে জনগণের সম্পৃক্ততা বাড়ানো গেলে মাদক প্রতিরোধে একটি কার্যকর সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এজন্য তিনি সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণ কামনা করেন।

সভায় মাদকের কুফল, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, অপরাধ প্রতিরোধে জনগণের ভূমিকা এবং পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত সকলেই একটি মাদকমুক্ত, নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত বদলগাছী গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে তিন দিনব্যাপী নজরুল বর্ষ ২০২৬–২০২৭ উদ্‌যাপনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


কুড়িগ্রামে তিন দিনব্যাপী নজরুল বর্ষ ২০২৬–২০২৭ উদ্‌যাপনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা এবং সাংস্কৃতিক আবহে কুড়িগ্রামে তিন দিনব্যাপী নজরুল বর্ষ ২০২৬–২০২৭ উদ্‌যাপনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, মানবতাবাদ, সাম্যচেতনা ও অসাম্প্রদায়িক আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
 
শনিবার (৪ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে
কুড়িগ্রাম অডিটোরিয়াম হলরুমে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ ২০২৬–২০২৭ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 
 
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. সাইফুর রহমান সরকার,
 অতিরিক্ত জেলা প্রশাসক নাজির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান প্রমুখ। 
 
বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম আজও অন্যায়, অবিচার, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রামে মানুষকে অনুপ্রাণিত করে। তাঁর আদর্শ ধারণ করেই একটি মানবিক, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল সমাজ গড়ে তোলা সম্ভব।
তিন দিনব্যাপী আয়োজনে নজরুলের গান, আবৃত্তি, নৃত্য, আলোচনা সভা, কবিতা পাঠ, শিশু-কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিল্পীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিটি পরিবেশনায় জাতীয় কবির দেশপ্রেম, বিদ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার বাণী তুলে ধরা হয়।
সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা নজরুলসংগীত, নৃত্য ও আবৃত্তির মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন। উপস্থিত দর্শক-শ্রোতারা করতালির মাধ্যমে শিল্পীদের উৎসাহিত করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং সর্বস্তরের সংস্কৃতিপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন।
 
আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনাদর্শ, সাহিত্য ও সংগীতচর্চাকে আরও বিস্তৃত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
গেজেটের তারিখ ঘোষণা

পে স্কেলের ভাতায় কাটছাঁট, ২ ধাপে বাস্তবায়ন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


পে স্কেলের ভাতায় কাটছাঁট, ২ ধাপে বাস্তবায়ন

সরকারি চাকরিজীবী, পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে অবশেষে নবম পে-স্কেল আলোর মুখ দেখতে যাচ্ছে। নতুন বেতন কাঠামোর গেজেট বা সরকারি প্রজ্ঞাপন প্রকাশের জন্য সুনির্দিষ্ট সময়সীমা এবং এই বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা নিয়ে অর্থ মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যমতে, উচ্চপর্যায়ের পর্যালোচনা কমিটি, যেটি মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে কাজ করছে, বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য পৃথক তিনটি পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করার পর চূড়ান্ত সুপারিশ তৈরি করেছে। চলতি সপ্তাহেই এই বাস্তবায়নের রোডম্যাপ অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা।

কমিটির সুপারিশটি প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে। প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ার পর, আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়ে অথবা তার পরের সপ্তাহে (১৫ থেকে ২৫ জুলাই, ২০২৬-এর মধ্যে) অর্থ মন্ত্রণালয় নতুন পে-স্কেলের অফিশিয়াল গেজেট প্রকাশ করবে বলে জোরালো সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো নিয়ে বড় ধরনের প্রস্তুতি চলমান। নতুন অর্থবছরের শুরু, তথা ১ জুলাই ২০২৬ থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর করার কথা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নিজেই ঘোষণা করেছেন। তবে এটি ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্তের কারণে চূড়ান্ত গেজেট প্রকাশের প্রক্রীয়া নিয়ে সরকারি কর্মচারীদের মনে এখনও নানা প্রশ্ন ও আলোচনা বিদ্যমান।

কত ধাপে ও কীভাবে বাড়বে বেতন? প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর নিশ্চিত করেছেন যে, নতুন পে-স্কেলের বেতন ও ভাতা একসাথে কার্যকর না করে কয়েকটি ধাপে সম্পন্ন করা হবে।

প্রথম ও দ্বিতীয় বছর: নতুন বেতন কাঠামোর প্রথম দুই অর্থবছরে মূলত কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি করা হবে, যা প্রায় ৫০ শতাংশ হারে বাড়তে পারে। তৃতীয় বছর: শেষ ধাপে গিয়ে মূল বেতনের সাথে আনুষঙ্গিক অন্যান্য সরকারি ভাতা কার্যকর করা হবে।

নতুন পে-স্কেলে কোন কোন ভাতা কমছে? অন্তর্বর্তী সরকারের পে কমিশন বনাম বর্তমান কমিটির খসড়া ২০২৫ সালে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত 'জাতীয় বেতন কমিশন' সরকারি কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। সেখানে বিদ্যমান সর্বনিম্ন স্কেল ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ধাপ ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়।

তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতি পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই উচ্চপর্যায়ের কমিটি দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার ওপর ভিত্তি করে নতুন বেতন কাঠামোর খসড়া তৈরি করেছে, যার ওপর ভিত্তি করেই গেজেট চূড়ান্ত করার কাজ চলমান রয়েছে।

নতুন অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ মোট ৮৯,৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্রাচুইটিসহ এই বরাদ্দের পরিমাণ দাঁড়ায় ১,৪১,৪৩৪ কোটি টাকা। এর মধ্যে প্রায় ৪৪,০০০ কোটি টাকা মূলত সরকারি কর্মচারী, এমপিওভুক্ত শিক্ষক এবং পেনশনভোগীদের নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের জন্যই নির্দিষ্ট করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রশাসনিক জটিলতায় গেজেট প্রকাশে সামান্য বিলম্ব ঘটলেও, যখনই এটি পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে, সরকারি চাকরিজীবীরা বকেয়াসহ বেতন পাওয়ার সুবিধাটি পাবেন।

উল্লেখ্য, নবম জাতীয় পে ল নিয়ে চলতি সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছে পে মিশনের সুপারিশ পুনর্মূল্যায়নে গঠিত সচিব কমিটি। চলতি সপ্তাহে অনুষ্ঠেয় ‘গুরুত্বপূর্ণ’ ওই বৈঠকেই পে-স্কেলের রূপরেখা চূড়ান্ত হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদনে এমপি বাচ্চুকে গণসংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদনে এমপি বাচ্চুকে গণসংবর্ধনা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন আটটি ইউনিয়নকে নিয়ে নতুন ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন হওয়ায় এলাকায় উৎসবমুখর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে শনিবার (৪ জুলাই) কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে আনন্দ মিছিল, গণসমাবেশ এবং স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুকে গণসংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়।

এর আগে বুধবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে, যার নাম তারেক রহমান, প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠনের প্রস্তাবটি অনুমোদন করা হয়। এই অনুমোদনের ফলে ময়মনসিংহ জেলায় বিদ্যমান ১৩টি উপজেলার সঙ্গে নতুন একটি উপজেলা যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

স্থানীয়দের দাবি, পাগলা অঞ্চলে পৃথক প্রশাসনিক ইউনিট প্রতিষ্ঠার উদ্যোগের বিষয়টি দীর্ঘদিনের। তাদের মানুষদের ভাষ্য অনুযায়ী, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে গফরগাঁও থানাকে বিভক্ত করে নতুন থানা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল।

সে সময় প্রশাসনিক জরিপে দক্ষিণ গফরগাঁওয়ের কান্দিপাড়া এলাকাকে সম্ভাব্য স্থান হিসেবে নির্বাচন করা হয়েছিল এবং ১৯৭৯ সালে প্রশাসনিক পুনর্বিন্যাস কমিটির অনুমোদনও দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে তা বাস্তবায়িত হয়নি। স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর নতুন উপজেলা গঠনের অনুমোদনের মাধ্যমে সেই উদ্যোগ বাস্তবায়নের পথে এগোলো।

গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসাহাক, যুগ্ম আহ্বায়ক শাহ আবদুল্লাহ আল মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আনসার উদ্দিন, যুবদলের আহ্বায়ক সরদার মো. খুররম, সংসদ সদস্যের সহধর্মিণী শামীমা সুলতানা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, পাগলা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি স্বতন্ত্র উপজেলা। তার মতে, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সেই দাবি বাস্তবায়নের পথ এখন সুগম হয়েছে।

তিনি বলেন, নতুন উপজেলা গঠনের পাশাপাশি এ অঞ্চলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ময়মনসিংহের সঙ্গে চার লেন সড়ক, একাধিক ডাবল লেন সড়ক, দুটি ১০১ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল, একটি ডায়াবেটিক হাসপাতাল, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, কালচারাল সেন্টার, শিল্পকলা একাডেমি, সার্ভেয়ার ইনস্টিটিউটসহ শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের বিভিন্ন প্রকল্পের প্রস্তাব করা হয়েছে। এছাড়া তিনি আশা প্রকাশ করেন যে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ গফরগাঁও অঞ্চলের যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।

অনুষ্ঠান শেষে নতুন উপজেলা অনুমোদনের আনন্দে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কান্দিপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং এ সময় অংশগ্রহণকারীরা নতুন উপজেলা বাস্তবায়নের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%