ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

দুর্গাপুরে ফিশারিতে বিষ প্রয়োগের অভিযোগ, লাখ টাকার মাছ নিধন


দুর্গাপুরে ফিশারিতে বিষ প্রয়োগের অভিযোগ, লাখ টাকার মাছ নিধন

 

নেত্রকোনার দুর্গাপুরে পূর্ববিরোধের জেরে একটি মাছের খামারে বিষ প্রয়োগ করে প্রায় এক লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে দুই প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি মো. মিয়া হোসেন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুর্গাপুর থানায় অভিযোগটি করেন মিয়া হোসেন (৫০)। তিনি উপজেলার ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের মেনকীফান্দা গ্রামের ইছব আলীর ছেলে।

আরও পড়ুন: দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে ১ হাজার ৬শ’ ৩ পিস ভারতীয় মাদক উদ্ধার

অভিযোগে মিয়া হোসেন উল্লেখ করেন, একই গ্রামের মৃত আছমত আলীর ছেলে মো. সাইদুল ইসলাম (৫০) ও তাঁর স্ত্রী মোছা. অজুফা খাতুনের (৪৫) সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁর দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর জেরে সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁরা তাঁর বাড়ির উত্তর পাশে থাকা মাছের খামারে কীটনাশক বা বিষ প্রয়োগ করেছেন বলে অভিযোগ করেন তিনি।

মিয়া হোসেনের ভাষ্য, সকাল সাড়ে ১০টার দিকে লোকমারফত খবর পেয়ে তিনি স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে খামারে গিয়ে দেখেন, পানিতে অসংখ্য মাছ মরে ভেসে আছে। এতে তাঁর খামারে থাকা দেশীয় প্রজাতির প্রায় এক লাখ টাকা মূল্যের মাছ মারা গেছে বলে তিনি দাবি করেন।

এ ঘটনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন দাবি করে মিয়া হোসেন ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: কালকিনিতে আন্তঃ ঠেংগামারা ফুটবল প্রিমিয়ার লিগের উদ্বোধন, মেয়র প্রার্থী নজরুল ইসলাম

এদিকে, স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, মাছের খামারে বিষ প্রয়োগের মতো ঘটনা মৎস্যচাষিদের মধ্যে উদ্বেগ তৈরি করতে পারে। তাই দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শান্তিরক্ষী প্রত্যাহার হলে লেবাননে আন্তর্জাতিক বাহিনী প্রয়োজন: প্রধানমন্ত্রী নওয়াফ সালাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


শান্তিরক্ষী প্রত্যাহার হলে লেবাননে আন্তর্জাতিক বাহিনী প্রয়োজন: প্রধানমন্ত্রী নওয়াফ সালাম

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৬ : লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম সোমবার জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসকে জানিয়েছেন, দেশের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক বাহিনী প্রয়োজন, যখন বর্তমান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মেয়াদ শেষ হবে।

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, লেবাননে বর্তমানে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউনিফিল) ৪৬টি দেশের প্রায় ৭ হাজার ৫০০ শান্তিরক্ষী নিয়ে গঠিত।

১৯৭৮ সাল থেকে লেবানন ও ইসরাইলের মধ্যে একটি বাফার বা মধ্যবর্তী শক্তি হিসেবে কাজ করে আসছে এই বাহিনী। কিন্তু মার্কিন চাপের কারণে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত বছর এই বাহিনীর মেয়াদ চলতি বছরের শেষে বন্ধ করার পক্ষে ভোট দিয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে গুতেরেসের সঙ্গে বৈঠকের পর, লেবাননের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, সালাম ইউনিফিলের পরবর্তী পর্যায়ে দেশের দক্ষিণে জাতিসংঘের ছত্রছায়ায় একটি আন্তর্জাতিক উপস্থিতি বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

নওয়াফ সালাম উল্লেখ করেছেন, এটি এমনভাবে হওয়া উচিত যা পর্যবেক্ষণ, প্রতিবেদন তৈরি ও লিয়াজোঁর কাজগুলো অব্যাহত রাখতে সক্ষম হবে, স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে এবং লেবানন রাষ্ট্রের কর্তৃত্ব সম্প্রসারণের প্রক্রিয়াকে সহায়তা করবে।

ইউনিফিলের আসন্ন বিদায় এমন একটি সময়ে ঘটছে, যখন ইসরাইল সীমান্ত বরাবর দক্ষিণ লেবাননের অভ্যন্তরে প্রায় ১০ কিলোমিটার (ছয় মাইল) গভীর একটি স্ব-ঘোষিত ‘নিরাপত্তা অঞ্চলে’ তাদের সেনা মোতায়েন রেখেছে।

হিজবুল্লাহ তাদের পৃষ্ঠপোষক ইরানের সমর্থনে ইসরাইলে হামলা চালিয়ে গত মার্চ মাসে লেবাননকে মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়িয়ে ফেলে। এরপর ইসরাইল সেখানে ব্যাপক বিমান হামলা ও স্থল আক্রমণ শুরু করে।

গত সপ্তাহে, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এএফপি-কে বলেছিলেন, শান্তিরক্ষী বাহিনী চলে যাওয়ার পর নিরাপত্তা শূন্যতা রোধ করতে লেবানন একটি নতুন ইউরোপীয় বা অন্য কোনো বাহিনী চায়। তবে তিনি উল্লেখ করেছেন যে, ‘সবচেয়ে ভালো ও সর্বোত্তম বিকল্প হলো ইউনিফিলের মেয়াদ বাড়ানো।’

ইউনিফিলের স্থলাভিষিক্ত করার জন্য একটি নতুন বাহিনী গঠনের বিষয়টি গত সপ্তাহে প্যারিসে জোসেফ আউন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর মধ্যে বৈঠকের আলোচ্যসূচিতে ছিল।

এদিকে, ফ্রান্স ও ইতালি জানিয়েছে যে তারা ইউনিফিলের বিদায়ের পর একটি বহুজাতিক জোট গঠন করতে চায়।

জুন মাসের একটি প্রতিবেদনে গুতেরেসও উল্লেখ করেছেন, ইউনিফিলের মিশন শেষ হওয়ার পরেও সেখানে শান্তিরক্ষীদের প্রয়োজন হবে।

সালাম গুতেরেসকে আরও জানিয়েছেন, সাম্প্রতিক সংঘাত শুরু হওয়ার পর লেবাননে এখনও প্রায় ৩ লাখ ২৯ হাজার মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে।

তিনি এই মানবিক সংকটে সহায়তার জন্য আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০১ পি.এম


শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত

এশিয়ান গেমসে স্বর্ণপদকের লড়াইয়ে ভারত শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়ে আবারও চ্যাম্পিয়ন হলো। নারী ক্রিকেটে হারমানপ্রিত কৌরের নেতৃত্বে ভারত ১৪৭ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। এশিয়া কাপের ফাইনালের পর এশিয়ান গেমসে এটি ভারতের আরেকটি দাপুটে জয়।

জাপানের নিশিনে টস জিতে ভারত প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং ২০ ওভারে ২১৬ রানের বিশাল সংগ্রহ গড়ে। শ্রীলঙ্কা এই লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে যায়।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের এটি সবচেয়ে বড় জয়। এর আগে ২০১৮ সালে মালয়েশিয়ার বিপক্ষে ১৪২ রানের জয় ছিল তাদের সর্বোচ্চ ব্যবধানের জয়। আট বছরের বেশি সময় পর শ্রীলঙ্কার বিপক্ষে সেই রেকর্ড নতুন করে লিখল ভারত।

এশিয়ান গেমসে এটি ভারতের প্রথম স্বর্ণপদক। ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসেও নারী ক্রিকেটে স্বর্ণ জিতেছিল ভারত।

টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার বোলারদের ওপর শুরু থেকেই চড়াও হন শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা। উদ্বোধনী জুটিতে তারা মাত্র ১০ ওভারে ৯৯ রান যোগ করেন।

এই জুটির সুবাদে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম জুটি হিসেবে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মান্ধানা ও শেফালি। ইনিংস শেষে তাদের জুটি থেকে এসেছে মোট ৪ হাজার ৮০ রান।

শেফালি ২৯ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে তার ব্যাট থেকে আসে ৩টি চার ও ৩টি ছক্কা। এই ইনিংসের মাধ্যমে ২০২৬ সালে তার রান দাঁড়ায় ৮৬৩ এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড।

শেফালি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্টকে পেছনে ফেলেছেন। চলতি বছর উলভার্টের রান ৮২৪। ৮০০ রান নিয়ে এরপর রয়েছেন হংকংয়ের নাতাশা মাইলস।

শেফালি ফেরার পরও ভারতীয় ইনিংসের গতি কমতে দেননি মান্ধানা। আউট হওয়ার আগে ৫ চার ও ৭ ছক্কায় মাত্র ৪৫ বলে ৭৯ রান করেন বাঁহাতি ওপেনার।

এই ইনিংসের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম নারী ক্রিকেটার হিসেবে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মান্ধানা।

শেষদিকে ঝড় তোলেন রিচা ঘোষ। ভারতি ফুলমালির সঙ্গে চতুর্থ উইকেটে মাত্র ১৯ বলে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ভারতের উইকেটকিপার-ব্যাটার। রিচা ২২ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন, তার ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা।

২১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা শুরু থেকেই চাপে ছিল। পাওয়ার প্লেতে দুই উইকেট হারানোর পর সপ্তম ওভার থেকে তাদের ব্যাটিং পুরোপুরি ভেঙে পড়ে।

একপর্যায়ে ২ উইকেটে ৪৩ রান থেকে শ্রীলঙ্কা মাত্র ৫২ রানেই ৭ উইকেট হারায়। এরপর তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ৬৯ রানে অলআউট হয় লঙ্কানরা।

অধিনায়ক চামারি আতাপাত্তু ২১ বলে ২৯ রান করে দলের সর্বোচ্চ স্কোরার। এছাড়া কৌশানি নুথিয়াঙ্গানা ১৪ ও কাভিশা দিলহারি ১১ রান করেন। আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

বল হাতেও দারুণ ছিলেন শেফালি। ২ ওভারে মাত্র ৩ রান দিয়ে নেন ২ উইকেট। ভারতের হয়ে সবচেয়ে সফল বোলার দিপ্তি শর্মা ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট নেন। শ্রেয়াঙ্কা পাতিল ও শ্রী চারানির শিকার ২টি করে উইকেট।

ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসের নারী ক্রিকেটে টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণপদক নিশ্চিত করল ভারত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্কের মানিসায় স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


তুরস্কের মানিসায় স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৬ : মঙ্গলবার তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি উচ্চবিদ্যালয়ের বাইরে গুলির ঘটনায় চার শিক্ষার্থী আহত হয়েছেন। এই তথ্য স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি জানায়, মানিসা প্রদেশের তুরগুতলু জেলায় এই হামলার ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা এএফপি ইস্তাম্বুল থেকে এ খবর নিশ্চিত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক হাইকমিশনার সাঈদা মুনাসহ ৪ জনের বিদেশ গমনে আদালতের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


সাবেক হাইকমিশনার সাঈদা মুনাসহ ৪ জনের বিদেশ গমনে আদালতের নিষেধাজ্ঞা

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম, তার স্বামী তৌহিদুল ইসলাম চৌধুরী, যিনি জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের চেয়ারম্যান, এবং তাদের সন্তান আলাভী আজফার চৌধুরী ও জাভেদ অপগেন হেপেনের বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

এ আদেশটি ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির আজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে প্রদান করেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে যে, তৌহিদুল ইসলাম চৌধুরী ও সাঈদা মুনা তাসনিমসহ অন্যান্যদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে দুর্নীতির মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের নামে আনুমানিক দুই হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্র থেকে জানা যায় যে, অভিযুক্ত ব্যক্তিগণ দেশ ত্যাগ করে বিদেশে পালানোর চেষ্টা করতে পারেন। তাই, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা অত্যন্ত জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%