১০:২৭ পি.এম
গাজীপুরে অবৈধভাবে পোলট্রি ও ফিশ ফিড (মাছ ও মুরগির খাদ্য) উৎপাদন ও বিক্রি করার কারণে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স ছাড়া দুটি প্রতিষ্ঠানকে মোট আট লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা ও ভান্নারা এলাকায় বিএসটিআইয়ের একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
অভিযানের নেতৃত্ব দেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম।
আরও পড়ুন: কেরানীগঞ্জে প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা অভিযান
কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকার ‘কমফিড বাংলাদেশ পিইটি লিমিটেড’ নামের একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত তল্লাশি চালায়। তল্লাশি চলাকালীন সবার সামনে প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের লাইসেন্স এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়াই পোলট্রি ফিড বিক্রি ও বিতরণ করছিল, এমন প্রমাণ পাওয়া যায়। এই অপরাধের জন্য বিএসটিআই আইন-২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের অংশ হিসেবে উপজেলার ভান্নারা এলাকায় অবস্থিত ‘কৃষিপণ্য ফিডস লিমিটেড’ নামের আরেকটি কারখানায়ও অভিযান চালানো হয়। সেখানে বিএসটিআইয়ের লাইসেন্স ও নিবন্ধন ছাড়া পোলট্রি এবং ফিশ ফিড উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া, ওই প্রতিষ্ঠানটি অন্য নামকরা প্রতিষ্ঠানের বস্তা ব্যবহার করে পণ্য বিক্রি করছিল। এসব অপরাধের জন্য ওই প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বিএসটিআই গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিসপ্রধান এস এম তালাত মাহমুদ এবং সহকারী পরিচালক মো. সাইদুর রহমান উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে নিরাপদ এবং মানসম্মত পণ্য নিশ্চিত করতে এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের ভেজাল ও অবৈধ বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আরও পড়ুন: কাউখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন