রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি
০১:৪৮ পি.এম
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে জমকালো আয়োজনে পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় কাউখালী উপজেলা যুবদলের উদ্যোগে দলের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুনের সভাপতিত্বে এবং সদস্য সচিব শারিফুল আজম সোহেলের সঞ্চালনায় শোভাযাত্রা ও পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার ও রফিকুল ইসলাম রফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ ও সদস্য সচিব রাকিব তালুকদার, শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারী, সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুল আলম মিল্টন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাওলাদ হোসেন মইনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।
শোভাযাত্রা ও আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন সংগঠনটির নেতাকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাজমুল হোসেন শান্ত আউট হয়ে গেলেন মুমিনুলের মতো আশা জাগিয়ে। বাংলাদেশ তৃতীয় উইকেট হারাল দ্বিতীয় সেশনের শুরুতেই।
শান্ত এলবিডব্লিউ হয়েছেন ওয়ারিক্যানের বলে সুইপ করতে গিয়ে, ভাঙল ৮৫ বলে ৪২ রানের জুটি। অভিজ্ঞ এই ব্যাটার ৪২ বলে ১৯ রান করে আউট হয়েছেন। বাংলাদেশ ১১০ রানে তৃতীয় উইকেট হারায়।
এর কিছুক্ষণ আগে সাদমান ক্যারিয়ারের দশম ফিফটি পূর্ণ করেছেন। সময়ের সাথে সাথে তার ব্যাটিং হয়ে উঠছে সাবলীল।
সবশেষে ৪৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৩৫। সাদমান ১১১ বলে ৫৭ রান এবং নতুন ব্যাটার তাওহিদ হৃদয় ৩৪ বলে ১৯ রান নিয়ে ব্যাট করছেন।
মধ্যাহ্ন বিরতির আগে তানজিদ ও মুমিনুলকে হারিয়ে বাংলাদেশ। মিরপুর টেস্টের প্রথম দিনের প্রথম সেশনটি পুরোপুরি নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ। তানজিদ হাসান ফাঁদে পা দিয়ে আউট হয়েছেন। মুমিনুল হক বড় ইনিংসের আশা জাগিয়ে ফিরে গেছেন।
২৯ ওভারে ২ উইকেটে ৯৬ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের দুই উইকেটশিকারী পেসার জেডেন সিলস ও স্পিনার জোমেল ওয়ারিকান।
ওপেনার সাদমান ইসলাম ৮০ বলে ৫ চারে ৪২ রানে ব্যাট করছেন। নাজমুল হোসেন শান্ত ২০ বলে ১৫ রানে ব্যাট করছেন। দুজনের অবিচ্ছিন্ন জুটি ২৮ রানের।
১০ রানে তানজিদকে হারানোর পর মুমিনুলের সঙ্গে ৫৯ রানের জুটি গড়েন সাদমান। ৫১ বলে ২৮ রানে আউট হওয়ার আগে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই অভিজ্ঞ ব্যাটার।
থিতু হয়ে ফিরলেন মুমিনুল
মুমিনুল হক উইকেটে থিতু হয়ে বড় ইনিংসের স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু এবারও ইনিংসটি বড় করতে পারলেন না। তার বিদায়ে ভাঙল ফিফটি জুটি।
জোমেল ওয়ারিকানের মিডল ও অফ স্টাম্প বরাবর হাওয়ায় ভাসানো বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে মিড অফের ওপর দিয়ে মারতে গিয়ে টাইমিং হয়নি। বল চলে যায় সরাসরি মিড অফে দাঁড়িয়ে থাকা শামার জোসেফের হাতে।
২২তম ওভারে দলীয় ৬৮ রানে বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারায়।
সবশেষে ২৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৫ রান। ওপেনার সাদমান ইসলামের (৬৫ বলে ৩৬*) নতুন সঙ্গী নাজমুল হোসেন শান্ত (১৩ বলে ১০*)।
বাংলাদেশের নড়বড়ে শুরু
শুরু থেকেই অফ স্টাম্পের বাইরে লাগাতার বল করে তানজিদ হাসানকে প্রলুব্ধ করছিলেন জেডেন সিলস। সেই ফাঁদেই আটকা পড়লেন তানজিদ। দলের সপ্তম ওভারে খোঁচা মেরে স্লিপে ধরা পড়েছেন বাঁহাতি ওপেনার। বাংলাদেশ শুরুতেই নড়বড়ে হয়ে গেছে।
মিরপুর টেস্টের প্রথম দিন প্রথম সেশনে ১০ রানে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। ২৩ বলে ৭ রান করে ফিরলেন তানজিদ।
সবশেষে ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৯ রান। ২৮ বলে ৮ রানে খেলছেন আরেক ওপেনার সাদমান ইসলাম। ক্রিজে নতুন ব্যাটসম্যান মুমিনুল হক ৯ বলে ২ রানে ব্যাট করছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস ভাগ্যে হাসল বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।
ম্যাচের একাদশে মুশফিকুর রহিম নেই। আগের দিন নেটে ব্যাটিংয়ের সময় বলের আঘাত পান তিনি। তার জায়গায় একাদশে তাওহিদ হৃদয়।
দলে তিন স্পিনার রয়েছেন— তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ। পেসার হিসেবে আছেন হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে সিরিজের দুই ম্যাচেই জয়ের বিকল্প নেই। কাজটি নিশ্চিতভাবেই অনেক কঠিন। তবে সেই লক্ষ্যেই মাঠে নামছে টাইগাররা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতলে পয়েন্ট টেবিলে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে পৌঁছে যাবে। অন্যদিকে, ফাইনালে উঠার কোন সুযোগ নেই ওয়েস্ট ইন্ডিজের। বর্তমানে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে আছে ক্যারিবীয়রা। এজন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এগিয়ে থেকেই সিরিজ খেলতে নামবে বাংলাদেশ।
চলতি বছর বাংলাদেশ মাত্র একটি টেস্ট সিরিজ জিতেছে। নিজেদের প্রথম টেস্ট সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এরপর জিম্বাবুয়ের কাছে একমাত্র টেস্ট হারায় টাইগাররা।
গত আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে জয় দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ও শেষ টেস্টে হেরে সিরিজ ১-১ সমতায় শেষ করে টাইগাররা। এরপর চলতি মাসে আবু ধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জয়ের সুযোগ হাতছাড়া করে ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে থাকলেও, মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ১১ টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে বাংলাদেশ জিতেছে দুই সিরিজ। ২০০৯ ও ২০১৮ সালে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে টাইগাররা।
অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে আটটি টেস্ট সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। একটি সিরিজ ড্র হয়েছে।
এছাড়া ২২ টেস্টে মুখোমুখি হয়ে বাংলাদেশ জিতেছে ৫টিতে এবং ওয়েস্ট ইন্ডিজ জয় পায় ১৫টিতে। ২টি ম্যাচ ড্র হয়েছে।
সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জন ক্যাম্পবেল, ব্র্যান্ডন কিং, তেজনারাইন চান্দারপল, কাভেম হজ, আমির জাঙ্গু, রস্টন চেইস, জাস্টিন গ্রেভস, জশুয়া বিশপ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকান, জেডেন সিলস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাপানের ‘ও-সোজি’ মডেল অনুসরণ করে বিদ্যালয়ে পরিচ্ছন্নতা, শিক্ষার্থীদের দায়িত্ববোধ ও শ্রমের মর্যাদা শেখানোর উদ্যোগ গ্রহণ করেছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। ডেঙ্গু প্রতিরোধে গঠিত ‘ক্লিন স্কুল টিম’-এর সদস্যদের নিয়ে এই কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে ঢাকার ২১টি বিদ্যালয়কে এই কর্মসূচির আওতায় নেওয়ার পরিকল্পনা রয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘ক্লিন স্কুল টিম’-এর পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উদ্যোগের উদ্বোধন করেন।
কর্মসূচির আওতায় প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিট পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে, সপ্তাহে অন্তত এক দিন ডেঙ্গুর ঝুঁকি পরিদর্শন করা হবে, বর্জ্য পৃথকীকরণ করা হবে এবং শিক্ষার্থীদের বাড়িতে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের উদ্যোগে নেওয়া এই কর্মসূচির লক্ষ্য বিদ্যালয় পরিষ্কার রাখা নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, দায়িত্ববোধ, শ্রমের মর্যাদা ও পরিবেশ সচেতনতার স্থায়ী অভ্যাস গড়ে তোলা। বিদ্যালয় থেকে পরিবার এবং পরিবার থেকে সমাজে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেওয়াও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
ফরিদা খানম বলেন, “পরিচ্ছন্নতা শুধু বিদ্যালয় পরিষ্কার রাখার বিষয় নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, শ্রমের মর্যাদা ও পরিবেশের প্রতি যত্নশীল মনোভাব গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।”
তিনি আরো বলেন, “আজকের পরিচ্ছন্ন বিদ্যালয়ই আগামী দিনের সচেতন ও দায়িত্বশীল নাগরিক তৈরির ভিত্তি।”
প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিট পরিচ্ছন্নতা কার্যক্রম বিদ্যালয়ের রুটিন অনুযায়ী পরিচালনা করা হবে। শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ করে শ্রেণিকক্ষ, করিডর ও পাঠাগারের মতো নিরাপদ স্থান পরিষ্কারের দায়িত্ব দেওয়া হবে। শিক্ষকরা কার্যক্রম তদারকি করবেন। অন্যদিকে, টয়লেট, নোংরা ড্রেন ও ঝুঁকিপূর্ণ স্থান পরিষ্কারের দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট কর্মীরা।
ঢাকার বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, ও-সোজি মডেল শুধু পরিচ্ছন্নতা কার্যক্রম নয়; এটি শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে তোলার একটি কার্যকর উদ্যোগ। শিক্ষার্থীরা বিদ্যালয় পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুললে তা পরিবার ও সমাজেও ইতিবাচক প্রভাব ফেলবে।
তিনি বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই মডেল বাস্তবায়নের মাধ্যমে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক নজরদারি
কর্মসূচির আওতায় প্রতি সপ্তাহে অন্তত এক দিন বিদ্যালয়ে ডেঙ্গুর ঝুঁকি পরিদর্শন করা হবে। এ সময় পানি জমার স্থান চিহ্নিত করা, পানির পাত্র ঢেকে রাখা এবং এডিস মশার প্রজননস্থল অপসারণে ব্যবস্থা নেওয়া হবে। ঝুঁকিপূর্ণ স্থান ও সমস্যা সমাধানের অগ্রগতি চেকলিস্টে লিপিবদ্ধ করা হবে।
বাড়িতেও পরিচ্ছন্নতার চর্চা
‘আমার বাসা, আমার দায়িত্ব’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের সাপ্তাহিক পরিচ্ছন্নতা চেকলিস্ট দেওয়া হবে। এতে ঘর গুছিয়ে রাখা, সঠিকভাবে বর্জ্য ফেলা এবং বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়ার মতো বিষয় অন্তর্ভুক্ত থাকবে। প্রতি রোববার শিক্ষকরা চেকলিস্ট মূল্যায়ন করবেন।
বর্জ্য পৃথকীকরণ ও ব্যবহারিক শিক্ষা
বিদ্যালয়ে পচনশীল, পুনর্ব্যবহারযোগ্য ও অন্যান্য বর্জ্য আলাদা করে ফেলার ব্যবস্থা করা হবে। পাশাপাশি ডাস্টবিনের যথাযথ ব্যবহার এবং পচনশীল বর্জ্য থেকে জৈব সার তৈরির বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হবে।
‘ক্লিন স্কুল চ্যালেঞ্জ’ ও পুরস্কার
পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের অংশগ্রহণের ভিত্তিতে বিদ্যালয়গুলোর কার্যক্রম মূল্যায়ন করা হবে। সেরা বিদ্যালয়, শ্রেণি ও শিক্ষার্থীদের সনদ, বই, শিক্ষা উপকরণ কিংবা গাছের চারা দিয়ে পুরস্কৃত করার প্রস্তাব রয়েছে।
এর আগে গত ৮ জুলাই শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা ও ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘ক্লিন স্কুল টিম’ গঠন করে ঢাকা জেলা প্রশাসন। দল গঠনের পর প্রায় তিন মাস ধরে গবেষণা, বিদ্যালয়গুলোর কার্যক্রম পর্যালোচনা এবং বিভিন্ন দেশের পরিচ্ছন্নতা কার্যক্রম বিবেচনা করে বাংলাদেশের উপযোগী জাপানি বিদ্যালয়ের ‘ও-সোজি’ মডেলের আদলে কর্মসূচিটির বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, বিগত আওয়ামী সরকার কুইক রেন্টালের নামে বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি প্রদান করেছিল। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের সময় জবাবদিহিতা থাকার কারণে সেই সুযোগ এখন আর নেই।
তিনি বুধবার (২৮ অক্টোবর) সকালে ডিআরইউ মিলনায়তনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আয়োজনে অনুষ্ঠিত এক গণ সংলাপে এসব কথা বলেন।
রিজভী জানান, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা রয়েছে এবং তিনি জাপানসহ উন্নয়ন সহযোগীদের নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা প্রকাশ করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের যে বৈঠক হয়েছে, সেখানে আলোচনার একটি প্রধান বিষয় ছিল এনার্জি সেভিং। তিনি উল্লেখ করেন, গ্লোবাল ক্রাইসিস চলছে, কিন্তু বাংলাদেশ এর জন্য দায়ী নয়। রান্নাঘরের চুলা জ্বলা শুরু হয়েছে এবং হতাশার কিছু নেই। তিনি আশাবাদী যে, চাহিদা পূরণ হলে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলে সংকট কাটবে।
রিজভী আরও বলেন, অনেক চরাঞ্চল বিদ্যুতের আওতার বাইরে রয়েছে। তিনি উল্লেখ করেন, বস্তিতে রিকশাওয়ালা ছেলে-মেয়েরা বিদ্যুৎ শেয়ার করে পড়াশোনা করছে। ক্যাবের প্রচেষ্টা তার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ নিয়ে ভাবনা দারুণ বলে তিনি মন্তব্য করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশ্ব হাতধোয়া দিবস-২০২৬ উপলক্ষে একটি হাতধোয়া প্রদর্শনী ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে বাগান উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, যিনি শিক্ষার্থীদের হাত ধোয়ার ব্যবহারিক কৌশল পর্যবেক্ষণ করেন। পরে তিনি উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে সাবান বিতরণ করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রকৌশলী শফিউল আজম, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান শেখ রেহান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরী রানীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
কর্মসূচিতে সঠিকভাবে হাত ধোয়ার কৌশল প্রদর্শনের পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা রক্ষা এবং সংক্রামক রোগের বিস্তার রোধে সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
আয়োজকেরা উল্লেখ করেন, বিশেষ করে খাওয়ার পূর্বে, শৌচাগার ব্যবহারের পর এবং নোংরা বস্তু স্পর্শের পর নিরাপদ পানি ও সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা সংক্রামক রোগের ঝুঁকি বহুলাংশে কমিয়ে দেয়। তাই শিশুদের শৈশব থেকেই এ বিষয়ে সচেতন করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ