০৭:২৮ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করেছেন যে নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার প্রতি আগ্রহী হয়ে উঠবে। তবে তিনি পরামর্শ দেন যে, রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
আজ রবিবার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীরা জাতীয় সংসদ পরিদর্শনে আসলে প্রধানমন্ত্রী তাদের এই পরামর্শ প্রদান করেন। সংসদ অধিবেশনের বিরতিকালে, তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
জাতীয় সংসদ ভবনে লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জনকারী ৪১ জন শিক্ষার্থী, ৬ জন শিক্ষক ও অভিভাবক পরিদর্শন করেন। এছাড়া, দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষকও এই পরিদর্শনে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ল
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের জন্য তিনটি বিশেষ পরামর্শ দেন।
পরিচ্ছন্নতা: তিনি আহ্বান জানান, নিজেদের শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে। ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার পরামর্শ দেন।
বৃক্ষরোপণ: বর্ষাকালে নিজের কিংবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
প্রাণীর প্রতি সদয় আচরণ: তিনি পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করার আহ্বান জানান।
আরও পড়ুন: ইবিতে আইন বিভাগের ১৫ শিক্ষার্থীর প্রবেশপত্র উধাও, পরীক্ষা স্থগিত
এর আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন। এ সময় তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন