ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

দিনাজপুরে বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ উদ্ধার


দিনাজপুরে বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ উদ্ধার

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় আজ বিজিবি’র অভিযানে ৭শ’ ১৮ বোতল নেশা জাতীয় যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার, দুপুর ১২টায় দিনাজপুর ফুলবাড়ী ২৯ বডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ উজ-জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাসস’কে এই তথ্য নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, আজ ভোর রাতে ২৯ বিজিবি অধীনস্থ জেলার বিরামপুর এবং কাটলা বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা পৃথক দু’টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে। তাদের অভিযানে ওই দু’টি সীমান্ত এলাকায় চোরাচালানিদের ধাওয়া করলে তারা ঘটনাস্থলে নেশা জাতীয় যৌন উত্তেজক সিরাপগুলো ফেলে রেখে পালিয়ে যায়।

আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা ৭১৮ বোতল নেশা জাতীয় যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার যৌন উত্তেজক সিরাপের মূল্য ১ লক্ষ ৭ হাজর ৭শ’ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত করতে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আগামীতে বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযানের মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানের মালামাল উদ্ধার এবং আসামী আটকের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হত্যা মামলায় জামিন পাওয়ায় বাধা কাটলো মুক্তিতে আবুল বারকাতের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০২:৩৩ পি.এম


হত্যা মামলায় জামিন পাওয়ায় বাধা কাটলো মুক্তিতে আবুল বারকাতের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর নীলক্ষেতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাতের জামিন মঞ্জুর করেছেন আদালত।

এদিকে জানা গেছে, অন্যান্য কোনো মামলায় গ্রেফতার না থাকায় তার কারামুক্তিতে কোনো বাধা নেই।

মঙ্গলবার (১৬ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (১৪ জুন) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাকে এ মামলায় গ্রেফতার দেখান। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ করেন।

আজ এ মামলার জামিন শুনানি অনুষ্ঠিত হয়েছে। এদিন আবুল বারকাতের জামিন চেয়ে আইনজীবী শাহিনুর ইসলাম আবেদন করেন। তিনি যে কোনো শর্তে আসামির জামিনের প্রার্থনা করেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। জানা গেছে, অন্য কোনো মামলায় গ্রেফতার না থাকায় তার কারামুক্তিতে কোনো বাধা নেই।

আদালত সূত্রে আরও জানা গেছে, গত ১০ জুলাই রাতে ধানমণ্ডির ৩ নম্বর সড়কের বাসা থেকে অধ্যাপক আবুল বারকাতকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় কারাগারে পাঠানো হয়।

গত ৭ জুন দুদকের মামলায় আপিল বিভাগ থেকে জামিন পান আবুল বারকাত। জামিন পেলেও তিনি কারাগার থেকে মুক্তি পাননি। ওইদিন আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার।

ড. আবুল বারকাত ঘটনার দিন, সময় অনুমান ১১-১২ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ ও আওয়ামী লীগের সমর্থক নেতৃবৃন্দকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জন্য আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে বলে আটক রাখার আবেদনে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। ঘটনার পর নিহতের শ্যালক আব্দুর রব বাদী হয়ে ওই বছরের ২১ আগস্ট নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনকে আসামি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোচিং শেষে ফেরার পথে স্কুলছাত্রকে ছুরিকাঘাত, গুরুতর আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


কোচিং শেষে ফেরার পথে স্কুলছাত্রকে ছুরিকাঘাত, গুরুতর আহত

কিশোরগঞ্জে কোচিং শেষে বাড়ি ফেরার পথে সালমান সানি (১৮) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে জখম করার অভিযোগ উঠেছে।

সোমবার (১৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়সংলগ্ন রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সালমান সানি কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের স্বল্প যশোদল নোয়াপাড়া গ্রামের কামরুল ইসলামের ছেলে। তিনি কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং শহরের উকিলপাড়া এলাকার প্রমিস কোচিং সেন্টারের শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় কোচিং শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সালমান সানি। বাড়ি ফেরার পথে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়সংলগ্ন রেলক্রসিং এলাকার কাছে পৌঁছালে স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী তাকে ডেকে নেয়। এ সময় ১০/১২ জন যুবক তাকে ঘেরাও করে ফেলে। এ সময় তাদের ছুরিকাঘাতের কারণে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে সানি।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। এরপর, পরিস্থিতি অবনতির কারণে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহত শিক্ষার্থীর বাবা কামরুল ইসলাম জানিয়েছেন, কোচিং শেষে নিয়মিত যাতায়াতের সময় এই হামলা ঘটে। তিনি বলেন, ‘তাঁর অবস্থান আশঙ্কাজনক।’

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, ‘এই ঘটনার জন্য থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে বিষয়টি জানার পর পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

ঢাকাস্থ ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহান আবাদির সঙ্গে গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকটি মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় ঢাকাস্থ ইরান দূতাবাসে অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ইরানের রাষ্ট্রদূতসহ তিন সদস্যের প্রতিনিধি এবং গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ছয় সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলে ছিলেন-গণঅধিকার পরিষদের সহ সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান, দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, সহ সভাপতি আরিফুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, পেশাজীবি অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ।

বৈঠকের শুরুতে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সম্প্রতি যুদ্ধে ইরানের যারা শহীদ হয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিরতি ও দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক যে চুক্তি হচ্ছে, গণঅধিকার পরিষদ সেটিকে স্বাগত জানিয়েছে।

গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্বে একটি আরও নিরাপদ ও সমৃদ্ধ পরিবেশ প্রতিষ্ঠিত হবে।

এ বৈঠকে বাংলাদেশ ও ইরানের মধ্যকার দ্বি-পাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি ও গবেষণা, সংস্কৃতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় উভয় পক্ষ দুই দেশের জনগণের কল্যাণে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়েও মতবিনিময় করা হয়।

বৈঠক শেষে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও বৃদ্ধি করার প্রত্যাশা ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০২:৩৯ পি.এম


প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে

দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার লক্ষ্যে সরকার একটি সুনির্দিষ্ট ও দীর্ঘমেয়াদি রূপরেখা বা ভিশন নির্ধারণ করেছে। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যে এই মহাপরিকল্পনা সাজানো হয়েছে, যার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বমানের যোগ্য নাগরিক তৈরি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণ কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর করা।

মঙ্গলবার(১৬ জুন) ঢাকায় র‌্যাডিসন ব্লু হোটেলে ‘ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন’ আয়োজিত ক্যামব্রিজ প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট বাংলাদেশ লিমিটেডের উদ্বোধন অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এসব পরিবর্তনের বিষয় তুলে ধরেন।

শিক্ষা ব্যবস্থার এই আমূল রূপান্তরের জন্য প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ চারটি মূল স্তম্ভ এবং একটি আধুনিক উপাদানের কথা ঘোষণা করেন। তিনি জানান, এখন থেকে কারিকুলামের আধুনিকায়ন, শিক্ষকদের মানোন্নয়ন, জলবায়ু সহনশীল অবকাঠামো এবং বিভিন্ন শিক্ষা ধারার সমন্বয়ের ওপর ভিত্তি করে প্রাথমিক শিক্ষা এগোবে। এর সঙ্গে সম্পূর্ণ নতুন উপাদান হিসেবে যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার তথা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ভবিষ্যতের কর্মসংস্থানের (ফিউচার জবস) উপযোগী বিশেষ শিক্ষা।

মাল্টিপল এডুকেশন সিস্টেমগুলো, বর্তমানে দেশে মাদ্রাসা, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম কিংবা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ২৭টিরও বেশি ভিন্ন ভিন্ন শিক্ষা ধারা বিদ্যমান রয়েছে। এই ব্যবস্থার সংস্কার এনে প্রতিমন্ত্রী বলেন, সব ধারার শিক্ষার্থীদের জন্য একটি অভিন্ন ন্যূনতম মানদণ্ড নিশ্চিত করা হবে, যাতে প্রতিটি শিশু মৌলিক জ্ঞান ও দক্ষতার ক্ষেত্রে সমমানের সুযোগ পায়। এর মাধ্যমে প্রাথমিক স্তরের বৈষম্য পুরোপুরি দূর করা সম্ভব হবে।

শিক্ষার এই গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের পেশাগত দক্ষতার ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, চাকা ছাড়া যেমন গাড়ি চলতে পারে না, তেমনি যোগ্য শিক্ষক ছাড়াও কোনো কার্যকর শিক্ষাব্যবস্থা চলতে পারে না। দেশের বিপুলসংখ্যক প্রাথমিক শিক্ষকের জন্য বিশ্বমানের আধুনিক প্রশিক্ষণ নিশ্চিত করতে ক্যামব্রিজের শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি ও আন্তর্জাতিক অভিজ্ঞতাকে সরাসরি কাজে লাগানোর বিষয়ে আলোচনা চলছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%