০৯:৫৫ পি.এম
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি কওমি মাদরাসা থেকে নিখোঁজ হওয়া দুই ছাত্রীকে পুলিশের মাধ্যমে সাভার থেকে দুই সপ্তাহ পর উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
পুলিশ ও মাদরাসা সূত্র জানাচ্ছে, উপজেলার জামিয়া জয়নব বিনতে জাহাশ (রা.) সৈয়দা গোলজান বেগম মহিলা বিশ্ববিদ্যালয়ের কুদুরী জামাতের দুই ছাত্রী ৩ জুলাই মাদরাসার নিরাপত্তা কর্মীকে ফাঁকি দিয়ে বের হয়ে যান। কিন্তু পরে তাদের আর ফিরে না আসার কারণে ৯ জুলাই দুই ছাত্রীর অভিভাবক সাটুরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তাদের নিখোঁজ হওয়ার পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের সন্ধান কাজ শুরু করে। মাদরাসা কর্তৃপক্ষ জানাচ্ছেন, গত শুক্রবার নিখোঁজ দুই ছাত্রী তাদের এক বন্ধুর মোবাইল ফোনে যোগাযোগ করে আর্থিক সংকটে থাকার বিষয়টি জানিয়েছেন।
আরও পড়ুন: রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২
ওই বান্ধবী বিষয়টি মাদরাসার প্রিন্সিপাল মুফতি মোশাররফ হোসেনকে জানালে তিনি অভিভাবকদের অবগত করেন। এরপর অভিভাবকেরা পুলিশকে বিষয়টি জানালে তথ্য প্রযুক্তির সহায়তায় সাভার থেকে দুই ছাত্রীকে উদ্ধার করা হয়।
পুলিশ জানাচ্ছে, মাদরাসা থেকে বের হয়ে দুই ছাত্রী সাভারের পপুলার হাসপাতালের নিকটবর্তী একটি বাসা ভাড়া করে বসবাস করতে শুরু করেন। তারা গার্মেন্টসে চাকরি করে নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন। কিন্তু তাদের হাতে প্রয়োজনীয় শিক্ষাগত সনদ ও জাতীয় পরিচয়পত্র না থাকায় তারা চাকরি পাননি। পরে আর্থিক সংকটে পড়ে বান্ধবীর সঙ্গে যোগাযোগ করলে সেখান থেকেই তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, প্রাথমিকভাবে তাদের বিষয়ে জানা গেছে যে, দীর্ঘদিন মাদরাসায় লেখাপড়া শেষ করার পরে তারা ভিন্নভাবে জীবন গড়ার পরিকল্পনা করে সেখান থেকে চলে গিয়েছিল। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করে দুই ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
এরপর শনিবার দুপুরে তাদের অভিভাবকদের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন