১১:৩০ এম
চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায় বিভাগের ৮ জেলার ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে। সারাদেশে আগামীকাল ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন এই তথ্য বাসস’কে নিশ্চিত করেছেন। তিনি জানান, এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২১৩টি পরীক্ষা কেন্দ্রে ৬৬৫টি কলেজের ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে। এর মধ্যে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ৫৪ হাজার ৪৩৬ জন এবং মেয়ে পরীক্ষার্থী ৫৯ হাজার ৪৩ জন। এই বছরে ছেলে পরীক্ষার্থীর তুলনায় ৪ হাজার ৬০৭ জন বেশি মেয়ে পরীক্ষার্থী রয়েছে।
তিনি আরও জানান, মোট পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২৭ হাজার ৩৯ জন, মানবিক বিভাগ থেকে ৭৯ হাজার ১৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭ হাজার ৪২৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করবে।
আরও পড়ুন: ‘মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ, তেমনি এ সরকারের আমলে সব ধর্মের মানুষ নিরাপদ’ প্রতিমন্ত্রী আহাম্মেদ সোহেল মঞ্জুর এমপি
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, এ বছর নিয়মিত এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৮৩ হাজার ১৭৬ জন, অনিয়মিত পরীক্ষার্থী ২৯ হাজার ৬৩৯ জন, মানোন্নয়ন পরীক্ষার্থীর সংখ্যা ৬৩০ জন এবং প্রাইভেট পরীক্ষার্থী ৩ জন রয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ জানিয়েছেন, এবারে এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে একাধিক ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এছাড়া প্রত্যেকটি এইচএসসি পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলকভাবে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের সচিব তার কক্ষে বসে প্রত্যেকটি পরীক্ষা কক্ষের চিত্র পর্যবেক্ষণ করতে পারবেন। যদি কোনো অনিয়ম দেখা দেয়, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্র সচিবকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষার সময় সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, পরীক্ষা কেন্দ্রের বাইরের ২০০ গজের মধ্যে সাধারণ জনগণের প্রবেশের ওপর ১৪৪ ধারা কার্যকর থাকবে। এই জন্য সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের সচিবগণ মাইকিং করে জনসচেতনায় প্রচারণা চালাচ্ছেন।
তিনি বলেন, এইচএসসি পরীক্ষার সময় কলেজ শিক্ষকদের সমন্বয়ে নিয়মিত ভিজিলেন্স টিম পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে দায়িত্ব পালন করবে। এছাড়া বোর্ডের নিজস্ব কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ৭টি ঝটিকা ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এই ঝটিকা টিমগুলো বোর্ডের সবগুলো পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের দায়িত্ব পালন করবে।
আরও পড়ুন: সিলেটের কানাইঘাটে যুবক শাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যার অভিযোগ
তিনি বলেন, এবারে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করতে দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন