ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর...


মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর...

১১ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ধর্ষণের অভিযোগে আইয়ুব আলী (৬৫) নামের এক বৃদ্ধকে হাতেনাতে আটক করে পিটিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার নাজিমখান ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃত আইয়ুব আলী ওই ইউনিয়নের তেলিপাড়া গ্রামের নছরউদ্দিনের ছেলে।

আরও পড়ুন: রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদরাসার ছাত্রী। মাদরাসায় যাওয়া-আসার পথে আইয়ুব আলী তার সঙ্গে নানা-নাতনির সম্পর্ক গড়ে তোলেন। বুধবার সকালে বাড়ি ফাঁকা থাকার সুযোগে কৌশলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে যায় ওই বৃদ্ধ। একপর্যায়ে সে শিশুটিকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আইয়ুব আলীকে হাতেনাতে আটক করেন।

এ ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। উত্তেজিত জনতা অভিযুক্ত বৃদ্ধকে ধোলাই দেয়। পরে খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা আইয়ুব আলীকে তাদের হাতে সোপর্দ করেন।

এদিকে ঘটনাটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা এ জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামনুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
প্রবাসী কল্যাণমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী জুলাই মাস থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালয়েশিয়া সফরের ফলাফল স্পষ্টভাবে দৃশ্যমান হতে শুরু করবে। জুলাইয়ের মাসের মধ্যেই মালয়েশিয়া শ্রমবাজারের বিষয়ে সুখবর আশা করা যাচ্ছে।

বুধবার (২৪ জুন) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় তিনি এ মন্তব্য করেন। মালয়েশিয়া সফরের ব্যাপারে জানতে চাইলে মন্ত্রী বলেন, এই সফরটি অত্যন্ত সফল এবং ফলপ্রসূ হয়েছে। মালয়েশিয়া সরকারের প্রতিশ্রুতি এবং জনগণের আন্তরিক সহযোগিতার ফলে দুই দেশের শীর্ষ পর্যায়ে আলোচনার মাধ্যমে শ্রমবাজার ও জনশক্তি রপ্তানিতে ইতিবাচক অগ্রগতি সাধিত হয়েছে।

তিনি আরো আশা করেন, আগামী জুলাই মাসের মধ্যে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন। এর ফলে চলমান বিভিন্ন বিষয় নিয়ে বিশাল অগ্রগতি জনগণ দেখতে পাবেন।

ওসমানী বিমানবন্দরের চলমান কার্যক্রম সম্পর্কে মন্ত্রী বলেন, প্রবাসীদের সেবার মান উন্নয়নের জন্য বিমানবন্দ্রে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ, অসুস্থ এবং বিশেষ সহায়তার প্রয়োজনীয় যাত্রীদের জন্য লাগেজ ব্যবস্থাপনা, সহায়ক সেবা এবং প্রাথমিক চিকিৎসা সুবিধার গ্রহণে পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রবাসীরা যাতে বিমানবন্দরে কোনো ধরনের হয়রানি বা অসুবিধার সম্মুখীন না হন, সে জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে বিভিন্ন কার্যক্রমের বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি যোগ করেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারে বিপুলসংখ্যক প্রবাসীর নিরাপত্তা বিবেচনায় রাখা হয়েছে। তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাতে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণের জন্যও পদক্ষেপ নেওয়া হয়েছে। বিমানবন্দরে শিশুদের জন্য ‘কিডস জোন’ স্থাপনের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

এই উদ্যোগগুলো বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে বাস্তবায়িত হবে।

মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার প্রেক্ষাপটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়ে কোনও ধরনের অনিয়ম বা অসচ্ছতার সুযোগ দেওয়া হবে না। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে জনগণের প্রত্যাশা অনুযায়ী স্বচ্ছ ও জবাবদিহিমূলক একটি ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে।

দুর্ভাগ্যবশত, কাতারে নিহত বাংলাদেশিদের বিষয়েও সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি জানান, নিহতদের মরদেহ দেশে আনা, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুল-কলেজের পরীক্ষার সূচি নিয়ে নতুন সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


স্কুল-কলেজের পরীক্ষার সূচি নিয়ে নতুন সিদ্ধান্ত

সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ জুলাই থেকে পরীক্ষাগুলি শুরু হবে এবং শেষ হবে ১৬ জুলাই।

আদেশে বলা হয়েছে, অনিবার্য কারণে শিক্ষা মন্ত্রণালয়ের ২০ মের প্রজ্ঞাপনে নির্ধারিত পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, অর্ধবার্ষিক ও প্রাক্‌-নির্বাচনি পরীক্ষা ২৮ জুন থেকে শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল।

নির্দেশনাটি সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


রুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের অধীনে জার্নাল অব ইঞ্জিনিয়ারিং এ্যন্ড এ্যপ্লাইড সাইন্স (জেইএএস)-এর এডিটরিয়াল বোর্ডের সপ্তম সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার, রুয়েটের প্রশাসন ভবনের সভাকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। সভাটি সঞ্চালনা করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক।

এই সভায় ১৬টি গবেষণাপত্রের অনুমোদনের বিষয়ে অবহিত করা হয়। আরও বলা হয়, রুয়েটে গবেষকবৃন্দের চলমান গবেষণাপত্রের পরিধি ও বিস্তার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. সোহেল রানা, প্রধান প্রকৌশলী শাহাদৎ হোসেন, এবং ভারপ্রাপ্ত কম্পট্রোলার শেখ মো. ফয়সাল আরেফিন।

এর আগে একই সভাকক্ষে গবেষণা মূল্যায়ন কমিটির ৩০ তম সভা অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উন্নয়ন প্রকল্পসমূহের হালনাগাদ তথ্য ই-পিএমআইএস-এ অন্তর্ভুক্ত করার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


উন্নয়ন প্রকল্পসমূহের হালনাগাদ তথ্য ই-পিএমআইএস-এ অন্তর্ভুক্ত করার নির্দেশ

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) নির্দেশ দিয়েছে যে, উন্নয়ন প্রকল্পসমূহের হালনাগাদ তথ্য বাধ্যতামূলকভাবে ইলেকট্রনিক প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (ই-পিএমআইএস) অন্তর্ভুক্ত করতে হবে।

আজ সকালে, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় আরো উল্লেখ করা হয়েছে যে, রাজশাহীতে চলমান উন্নয়ন প্রকল্পসমূহের যথাযথ বাস্তবায়ন, নিবিড় তদারকি এবং স্বচ্ছতা নিশ্চিত করতে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছে।

সভায় আইএমইডির পক্ষ থেকে উল্লেখ করা হয়, সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে প্রকল্প ব্যবস্থাপনায় কোনো ধরনের শিথিলতা গ্রহণযোগ্য হবে না। জাতীয় অর্থনৈতিক পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সব প্রকল্পের তথ্য নিয়মিতভাবে ইলেকট্রনিক প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (ই-পিএমআইএস) অন্তর্ভুক্ত করতে হবে। প্রধানমন্ত্রী প্রকল্পগুলোর অগ্রগতি একটি বিশেষ ড্যাশবোর্ডের মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণ করবেন।

নির্দেশনায় বলা হয়েছে, যদি কোনো মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি সন্তোষজনক না হয়, তাহলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নতুন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা হতে পারে। যেসব প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ৩০ শতাংশের কম, সেগুলোর প্রয়োজনীয়তা ও উপযোগিতা পুনরায় যাচাই করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অনুরোধ করা হয়েছে।

আইএমইডি কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময়ে শেষ না হওয়া প্রকল্পগুলোর বিলম্বের কারণ ও সম্ভাব্য অনিয়ম চিহ্নিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। বিলম্বের জন্য দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্দেশনায় আরো জানানো হয়েছে, যদি কোনো প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রয়োজন হয়, তাহলে নির্ধারিত সময়ের অন্তত তিন মাস আগে প্রস্তাব আইএমইডিতে পাঠাতে হবে। নিয়মিত তদারকির অভাবের কারণে অনেক প্রকল্প দীর্ঘসূত্রতার শিকার হয়ে পড়ে। এ সমস্যা নিরসনে প্রতি তিন মাস অন্তর প্রজেক্ট স্টিয়ারিং কমিটি (পিএসসি) এবং প্রজেক্ট বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভা আয়োজন করা উচিত।

বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা পরিহার এবং সরকারের অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, প্রকল্পের ব্যয় না বাড়িয়ে শুধু সময় বৃদ্ধি করা হয়েছে- এমন ধারণা বাস্তবে সঠিক নয়। কারণ, সময় বৃদ্ধির ফলে পরোক্ষভাবে ব্যয়ও বৃদ্ধি পায়।

রাজশাহী বিভাগের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও জেলা প্রশাসকসহ শতাধিক কর্মকর্তা অনলাইনে এ সভায় অংশগ্রহণ করেছেন। এ বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পসমূহকে অগ্রাধিকার দিয়ে অনুষ্ঠিত এ সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলো তাদের প্রকল্পের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং সমন্বয়ের প্রয়োজনীয় ক্ষেত্রগুলো তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%