শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:১৪ পি.এম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ মন্তব্য করেছেন যে, বিরোধীদলের লংমার্চ কর্মসূচি রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার। তবে তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন যে, রাজনৈতিক কর্মসূচির নামে পরিকল্পিতভাবে দেশে অচলাবস্থা তৈরি করা থেকে বিরত থাকতে হবে।
শুক্রবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
চলমান জ্বালানি সংকটের প্রসঙ্গে রিজভী আহমেদ বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট সৃষ্টি হয়েছে। তিনি উল্লেখ করেছেন, এর দায় বর্তমান সরকারের নয়। একই সঙ্গে তিনি বিরোধীদলের কাছে আহ্বান জানিয়েছেন যে, সংকট সমাধানে যদি তাদের কোনো সুনির্দিষ্ট প্রস্তাব থাকে, তাহলে তা তুলে ধরতে হবে।
বিরোধীদলের উদ্দেশ্যে তিনি বলেছেন, রাজপথে কর্মসূচি পালন করেই নয়, বরং সংকট সমাধানে নিজেদের পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করতে হবে। সত্য কথা বলা এবং জনমনে বিভ্রান্তি তৈরি করা থেকে বিরত থাকতে হবে।
তিনি আরও বলেন, সংসদকে কার্যকর করতে বিরোধীদলকে একটি ভূমিকা রাখতে হবে। সরকারের যৌক্তিক সমালোচনার পাশাপাশি যে কোনো জাতীয় সংকটের বিকল্প পরিকল্পনাও সংসদে উপস্থাপন করতে হবে।
গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধানে পরিকল্পনা না দিয়ে অতীতের পুনরাবৃত্তি না করার জন্য বিএনপির এই নেতা দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে বিনামূল্যে দেওয়া সামরিক সহায়তা ও অস্ত্রের অর্থ ফেরত নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, ইউরোপীয় দেশগুলো ইউক্রেন ও ন্যাটোকে দেওয়া বিপুল পরিমাণ গোলাবারুদের জন্য অর্থ পরিশোধ করত।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি দাবি করেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনকে বিনামূল্যে যুক্তরাষ্ট্রের বিশাল পরিমাণ গোলাবারুদ সরবরাহ করেছে।
ট্রাম্প বলেন, ইউক্রেন ও ন্যাটোকে দেওয়া গোলাবারুদের মূল্য ‘শত শত বিলিয়ন ডলার’। তাঁর মতে, এই অর্থ ইউরোপীয় দেশগুলো বহন করত, যদি তাদের অর্থ পরিশোধ করতে বলা হতো। তিনি জানান, কিছুটা দেরিতে হলেও যুক্তরাষ্ট্র সেই অর্থ ফেরত চাইবে।
যুক্তরাষ্ট্রের সামরিক গোলাবারুদের মজুত কমে যাওয়ার খবরটিও তিনি অস্বীকার করেন। ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সংঘাতের কারণে মার্কিন গোলাবারুদের মজুত মারাত্মকভাবে কমে যাওয়ার যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। বরং যুক্তরাষ্ট্র নিজস্ব উৎপাদন বাড়ানোর পাশাপাশি গোলাবারুদের মজুতও বৃদ্ধি করছে।
তিনি আরও বলেন, বর্তমানে মিত্রদেশগুলোর কাছে অস্ত্র বিক্রির পরিবর্তে যুক্তরাষ্ট্র নিজেদের প্রয়োজনকে অগ্রাধিকার দিচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে শিগগিরই মিত্রদের কাছে আবার অস্ত্র বিক্রি শুরু হবে বলেও জানান তিনি।
ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলোর অর্থায়নের বিষয়টিও ট্রাম্প তুলে ধরেন। গত বছর যুক্তরাষ্ট্র ও ন্যাটো ‘প্রায়োরিটাইজড ইউক্রেন রিকয়ারমেন্টস লিস্ট’ নামে একটি উদ্যোগ গ্রহণ করে। এর আওতায় ইউরোপীয় দেশগুলো অর্থ পরিশোধ করে ইউক্রেনের জন্য মার্কিন অস্ত্র কিনে থাকে।
এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, ইরানের সঙ্গে সংঘাতের সময় যুক্তরাষ্ট্র তাদের নির্ভুল দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বড় একটি অংশ ব্যবহার করেছে। এতে ভবিষ্যৎ সংঘাত মোকাবিলায় মার্কিন সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারেও চাপ সৃষ্টি হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা এবং তেহরানের বিরুদ্ধে ইসরায়েলের নতুন হুমকির মধ্যে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। তথ্যসূত্র: তাস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ৪৯৫ পিস ইয়াবা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার। এর আগে, বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের তত্ত্বাবধানে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকসংক্রান্ত অপরাধ দমনের লক্ষ্যে জেলার বিভিন্ন থানা ও বিট এলাকায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় মোট ২০টি অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে চারজন মাদক ব্যবসায়ী এবং নয়জন মাদকসেবী।
নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার আরও বলেন, অভিযানে সুধারাম থানা এলাকায় তিনজন, বেগমগঞ্জ মডেল থানা এলাকায় চারজন, সেনবাগ থানায় চারজন, চরজব্বর থানায় এলাকায় ৪৪৭ পিস ইয়াবাসহ একজন এবং কবিরহাট থানায় একজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চারটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে গ্রেপ্তার কয়েকজনের বিরুদ্ধে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন আতাহার এলাকায় মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে স্থানীয়দের সচেতন করতে এক বিশেষ প্রচার অভিযান ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ৪ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার) বেলা ২:৩০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অভিযানকালে ডিএনসির কর্মকর্তাগণ আতাহার এলাকার সাধারণ জনগণ, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের হাতে মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক লিফলেট তুলে দেন। এসময় মাদকাসক্তির ক্ষতিকর দিক তুলে ধরে সমাজকে মাদকমুক্ত করার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত স্থানীয় জনগণ মাদক নির্মূলে প্রশাসনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং এলাকার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দৃঢ অঙ্গীকার ব্যক্ত করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) জানান, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদক কারাবারিদের বিরুদ্ধে ডিএনসির এই নিয়মিত অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সম্প্রতি বলেছেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। তিনি উল্লেখ করেছেন যে, সাংবাদিকরা যেন কোনো ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সরকার সেই পরিবেশ নিশ্চিত করেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পাবলিক হলে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬’-এর ওরিয়েন্টেশন ক্লাস এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের পেশাগত কল্যাণ ও বিভিন্ন প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নির্ধারিত বাজেট বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি প্রেস কাউন্সিলের মাধ্যমে ‘হলুদ সাংবাদিকতা’ ও অপসাংবাদিকতা রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার কাজ চলছে।
এ সময় হাওর অঞ্চলের শিক্ষার্থীদের সুবিধা ও আলাদা একাডেমি ক্যালেন্ডার প্রণয়নের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে প্রতিমন্ত্রী বলেন, এটি একটি জাতীয় বিষয়। তিনি জানান, হাওরাঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াত ও পড়ালেখার সুবিধার বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সাথে পর্যালোচনা করছে এবং শিগগিরই ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, শুধু জিপিএ-৫ বা ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, শিক্ষার্থীদের মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তিনি বলেন, পরিবার, শিক্ষক ও দেশের প্রতি শ্রদ্ধাশীল থেকে নৈতিকতার চর্চা করলেই প্রকৃত সাফল্য আসবে। তিনি জানান, তৃণমূলের যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে মাঠের আধুনিকায়ন করা হচ্ছে এবং অনলাইনে ও টিভিতে চাইনিজ ও অ্যারাবিক ভাষা শিক্ষার বিশেষ কার্যক্রম চালু করা হচ্ছে।
নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী এবং জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।
সকাল ১০টায় শুরু হওয়া এই আয়োজনে কেন্দুয়া উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ