০৯:৩৪ এম
রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ও বন্যায় কবলিত পরিবারের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। শনিবার (১১ জুলাই) বিকেলে সদর সেনা জোনের উদ্যোগে রাঙামাটি শহর এবং কাউখালী উপজেলার তিনটি আশ্রয়কেন্দ্রের ৮০টি পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করেন রাঙামাটি সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত।
সেনা সদর জোন থেকে জানানো হয়েছে যে, রাঙামাটি সদর উপজেলার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আশ্রয়কেন্দ্র, সাপছড়ি ইউনিয়ন পরিষদ আশ্রয়কেন্দ্র এবং কাউখালী উপজেলার আর টি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘাগড়া আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন জোন কমান্ডার। তিনি ভুক্তভোগী মানুষের খোঁজখবর নেন এবং তিনটি আশ্রয় কেন্দ্রের ৮০টি পরিবারের ২০৪ জন সদস্যের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মানিকছড়ি সেনাক্যাম্প ও ঘাগড়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ, সাপছড়ি ইউনিয়ন পরিষদ ও ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা
সেনা সদর জোন থেকে আরও জানা গেছে যে, সেনাবাহিনীর পক্ষ থেকে পার্বত্য অঞ্চলে চলমান দুর্যোগ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত জনগণের উদ্ধার, নিরাপদ স্থানে স্থানান্তর এবং ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন