০৬:৩২ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাসস, ১৫ নভেম্বর ২০২৬ : কোচ হাজিমে মরিয়াসু বিশ্বাস করেন, জাপান একদিন বিশ্বের সেরা ফুটবল দল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, যা তারা দ্বিতীয়বারের মতো ব্রাজিলকে পরাজিত করার পর অনুভব করেছেন। তিনি আট বছর ধরে দায়িত্ব পালন করার পর বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে জাপান পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে একটি চমক প্রদর্শন করে। ইনজুরি সময়ে বদলি খেলোয়াড় তাতসুহিরো সাকামোতো জয়সূচক গোলটি করেন।
এক বছরের কিছু বেশি সময় আগে, টোকিওতে অনুষ্ঠিত প্রথম প্রীতি ম্যাচে জাপান ব্রাজিলকে পরাজিত করেছিল। তবে চলতি বছরের উত্তর আমেরিকা বিশ্বকাপে, জাপান ব্রাজিলের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে বিদায় নিতে বাধ্য হয়েছিল।
মরিয়াসু মঙ্গলবার প্যারাগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচের পর দায়িত্ব ছাড়বেন। তবে তিনি মনে করেন, জাপান বড় ফুটবল শক্তি হয়ে ওঠার সঠিক পথে রয়েছে।
তিনি বলেন, “খেলোয়াড়েরা আত্মবিশ্বাস ও সাহস দেখিয়েছে। যখন প্রয়োজন হয়েছে, তখন তারা দৃঢ়তার সঙ্গে লড়াই করেছে।”
“ভবিষ্যতের কোনো বিশ্বকাপে জাপান অবশ্যই বিশ্বের সেরা দল হতে পারে।”
জাপানের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী কোচ মরিয়াসুর আগামী জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিত এশিয়ান কাপেও দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। এরপর দায়িত্ব নেওয়ার কথা ছিল বর্তমান অনূর্ধ্ব-২৩ দলের কোচ গো ওইওয়ার।
তবে স্বাগতিক দেশকে লক্ষ্য করে হুতিদের হামলার পর ওই অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতির কারণে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) টুর্নামেন্টটি পিছিয়ে ২০২৭ সালের ডিসেম্বরে আয়োজনের ঘোষণা দেয়।
শুক্রবার জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) নিশ্চিত করেছে, আগামী সপ্তাহের ম্যাচটি হবে মরিয়াসুর অধীনে জাপানের শেষ ম্যাচ।
মরিয়াসু বলেন, “জয় ও উন্নতির লক্ষ্য নিয়ে আগের মতোই নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।”
বিশ্বকাপে ব্রাজিলের কাছে হৃদয়বিদারক হারের প্রতিশোধ নেওয়ার লক্ষ্য নিয়েই সিঙ্গাপুরে মাঠে নেমেছিল জাপান।
হিউস্টনে ম্যাচের ৯৫ মিনিটে গোল করে ব্রাজিলকে জয় এনে দিয়েছিলেন গ্যাব্রিয়েল মার্টিনেলি।
বিশ্বকাপের সেই ম্যাচে শেষ দিকে ভুল করে কান্নায় ভেঙে পড়া জাপানের মিডফিল্ডার আও তানাকা সিঙ্গাপুরে জয়ের পর বলেন, তিনি ‘শান্ত, তবে ভীষণ খুশি’।
লিডস ইউনাইটেডের এই মিডফিল্ডার বলেন, “ম্যাচ যত এগিয়ে আসছিল, নানা ঘটনা মনে পড়ছিল। স্বাভাবিকভাবেই সেই হতাশার স্মৃতিগুলোও মাথায় ঘুরছিল।”
ম্যাচে প্রথমে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল জাপান। পরে ব্রাজিল ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত দুটি গোলে সমতায় ফেরে।
ইনজুরি সময়ে সাকামোতোর গোলে জয় নিশ্চিত হয় জাপানের। গোলটির প্রতিবাদ করায় ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ও অধিনায়ক রাফিনিয়াকে লাল কার্ড দেখানো হয়।
৩০ বছর বয়সী সাকামোতো পাঁচ বছর পর প্রথমবারের মতো জাপানের হয়ে মাঠে নেমেছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যশোরের বিজিবি জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের সীমান্তে অনুপ্রবেশ প্রতিরোধে নিরাপত্তা শিল্ড গড়ে তোলা হয়েছে, যা নাইট ভিশন চশমা, ড্রোনসহ আধুনিক সরঞ্জাম ব্যবহার করে তৈরি করা হয়েছে। এছাড়াও, অতিরিক্ত ৩০টি চেকপোস্ট বসানোর খবরও পাওয়া গেছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই তথ্য প্রকাশ করা হয়।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান উল্লেখ করেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী এবং পলাতক আসামিরা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে অবস্থান করছে। শেখ হাসিনার ফেরার ঘোষণার কারণে তারা যশোর, সাতক্ষীরা, মেহেরপুর সীমান্ত দিয়ে ফেরার চেষ্টা করতে পারে, এই আশঙ্কায় সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় দিন-রাত বিশেষ টহল দেওয়ার পাশাপাশি রাতের নজরদারি কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানে সার্চ লাইট, নাইট ভিশন গগলস, থার্মাল ড্রোন, সিসি ক্যামেরা, নাইটভিশন বাইনোকুলার ও আধুনিক ডিজিটাল সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। তাছাড়া, গোয়েন্দা নজরদারি এবং অতিরিক্ত ৩০টি চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি গণমাধ্যমকর্মী এবং স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করে বলেন, অবৈধ অনুপ্রবেশের তথ্য প্রদান করলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং সীমান্ত এলাকায় যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এই কঠোর অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
মতবিনিময় সভায় বিজিবি অধিনায়কের সঙ্গে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ১৫ নভেম্বর, ২০২৬ : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, বাংলাদেশ ২০২৫-২৬ অর্থবছরে ১২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের ফল রপ্তানি করেছে।
আজ জাতীয় সংসদে অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজের (দিনাজপুর-২) তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, চীন, ভারত, জাপান, মালয়েশিয়া, সৌদি আরব, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে ফল রপ্তানি করে থাকে।
এছাড়া, তিনি জানান, বাংলাদেশ জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস, হংকং, আয়ারল্যান্ড, ইতালি, কুয়েত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, ওমান, পোল্যান্ড, পর্তুগাল, কাতার, সুইডেন, সিঙ্গাপুর এবং ভিয়েতনামসহ বিভিন্ন দেশ ও অঞ্চলে ফল রপ্তানি করছে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমসহ কৃষিপণ্যের রপ্তানি সম্প্রসারণের জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
মন্ত্রী উল্লেখ করেন, আম ও আমজাত পণ্যের রপ্তানি সম্ভাবনা, বাজার সম্প্রসারণ এবং পণ্যের বহুমুখীকরণের লক্ষ্যে ২০২৩ সালের ১৯ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জে ‘আম ও আমজাত পণ্যের রপ্তানি সুযোগ ও বহুমুখীকরণ’ শীর্ষক সেমিনার আয়োজন করে ইপিবি। এছাড়া, ২০২৫ সালের ২০ মে ইপিবির ভাইস চেয়ারম্যানের উপস্থিতিতে স্থানীয় আমচাষি, রপ্তানিকারক এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, বিশেষভাবে চীনে আম রপ্তানিসহ কৃষিপণ্যের রপ্তানি সম্প্রসারণে চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের (জিএসিসি) নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে রপ্তানিকারকদের সার্বিক সহযোগিতা দিয়েছে ইপিবি। চট্টগ্রামের মেরিডিয়ান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইপিবির সার্বিক সহযোগিতায় জিএসিসির নিবন্ধন লাভ করেছে।
তিনি আরও জানান, সেফ ইন্টারন্যাশনাল করপোরেশন এবং এমটিবি অ্যাগ্রো অ্যান্ড গার্ডেনের দাখিল করা প্রশ্নমালাও প্রক্রিয়াকরণ করে ২০২৩ সালের ৭ জুন চীনে বাংলাদেশ দূতাবাসের বাণিজ্য কাউন্সেলরের কাছে পাঠানো হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, কৃষিপণ্য রপ্তানির প্রয়োজনীয় অবকাঠামো ও প্রক্রিয়া পর্যালোচনার জন্য ইপিবির ভাইস চেয়ারম্যান ২০২৬ সালের ২২ জুলাই ঢাকার গাবতলীতে অবস্থিত ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন।
এছাড়া, ২০২৬ সালের ১০ আগস্ট চীনসহ আন্তর্জাতিক বাজারে আম, কাঁঠাল ও অন্যান্য কৃষিপণ্য রপ্তানি, জিএসিসি নিবন্ধন এবং বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে ইপিবির একটি সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, জিএসিসি নিবন্ধন ও অন্যান্য দেশে নিবন্ধন প্রক্রিয়া, উদ্ভিদ সঙ্গনিরোধসংক্রান্ত শর্ত এবং রপ্তানি বিধিবিধান সম্পর্কে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সংশ্লিষ্ট অংশীজন ও রপ্তানিকারকদের নিয়ে প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগ নিয়েছে ইপিবি।
এর অংশ হিসেবে ২০২৬ সালের ৯ মে বান্দরবানের লামায় আমচাষি, কৃষক ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়। এতে আম উৎপাদন, রোগবালাই ও পোকামাকড় ব্যবস্থাপনা, যথাসময়ে ফল সংগ্রহ, বাছাই ও প্যাকেজিং, সংগ্রহ-পরবর্তী ব্যবস্থাপনা, ভ্যাপার ও গরম পানির মাধ্যমে শোধন, রপ্তানি প্রক্রিয়া এবং বাজারজাতকরণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
মন্ত্রী আরও বলেন, দেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের রপ্তানি সম্ভাবনা যাচাইয়ের জন্য ইপিবি একটি সমীক্ষা গ্রহণ করেছে। এ সমীক্ষায় সম্ভাবনাময় জিআই পণ্যের উৎপাদন সক্ষমতা, গুণগত মান, আন্তর্জাতিক বাজারে চাহিদা, বিদ্যমান প্রতিবন্ধকতা, মান অনুসরণের শর্ত এবং সম্ভাব্য রপ্তানি গন্তব্য চিহ্নিত করা হবে। এ লক্ষ্যে সমীক্ষা প্রতিষ্ঠান নিয়োগের কার্যপরিধিও চূড়ান্ত করেছে ইপিবি।
তিনি জানান, আন্তর্জাতিক বাজারে জিআই পণ্য ও সম্ভাবনাময় কৃষিপণ্যের প্রচার, ব্র্যান্ডিং এবং রপ্তানি সম্প্রসারণে ২০২৬-২৭ অর্থবছরের কর্মসূচিতে ছয়টি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ অন্তর্ভুক্ত করেছে ইপিবি।
মেলাগুলোর মধ্যে রয়েছে চীনের ইউনান প্রদেশে ২০২৬ সালের মেকং-লানচাং ফ্রুটস ফেস্টিভ্যাল, ২২তম মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল প্রদর্শনী (মিহাস) ২০২৬, ডি-৮ হালাল এক্সপো ইন্দোনেশিয়া ২০২৬, অ্যাগ্রো ফুড জেদ্দা ২০২৬, আন্তর্জাতিক খাদ্য ও পানীয় প্রদর্শনী এবং আন্তর্জাতিক হালাল এক্সপো ও ওয়ার্ল্ড হালাল সামিট ২০২৬।
বাণিজ্যমন্ত্রী বলেন, এসব উদ্যোগের লক্ষ্য হচ্ছে কৃষিপণ্যের রপ্তানি বহুমুখীকরণ, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে সক্ষমতা বৃদ্ধি এবং বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ১৫ নভেম্বর, ২০২৬ : খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, খাদ্যে ভেজাল প্রতিরোধের জন্য বিদ্যমান আইনের পাশাপাশি আরও কঠোর আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে।
মন্ত্রী জানিয়েছেন, খাদ্যে ভেজাল শনাক্তের জন্য সরকারি বিভিন্ন পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হচ্ছে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এসব পরীক্ষার ফলস্বরূপ বিভিন্ন অনিয়মের কারণে প্রায় ৩ কোটি ৫৫ লাখ ২৩ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় সংসদে রাজশাহী-৪ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মো. আব্দুল বারী সরদারের এক সম্পূরক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, খাদ্যে ভেজাল প্রতিরোধে বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া খাদ্য নিরাপত্তা বিষয়ে শিশুদের সচেতন করা এবং নারীদের নিয়ে সভা-সমাবেশসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
খাদ্যে ভেজাল প্রতিরোধে সরকারের উদ্যোগের তথ্য তুলে ধরে খাদ্যমন্ত্রী জানান, সরকারি স্বীকৃত পরীক্ষাগারে ৭১৭টি, মোবাইল ল্যাবে ৪ হাজার ৭৮৭টি এবং জেলা পর্যায়ের মিনিল্যাবে ৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
তবে, খাদ্যমন্ত্রী উল্লেখ করেন, আইন প্রয়োগ ও জরিমানা করে খাদ্যে ভেজাল পুরোপুরি বন্ধ করা কঠিন। এজন্য তিনি মানুষের মধ্যে নৈতিকতা ও বিবেকবোধ জাগ্রত হওয়া প্রয়োজন বলে মনে করেন। খাদ্যে ভেজাল প্রতিরোধে আরও কঠোর আইন প্রণয়নের বিষয়টি আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
আইনমন্ত্রীর জবাবে বলা হয়, খাদ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো আইনের প্রস্তাব পাঠানো হলে তা যাচাই-বাছাই করে যুগোপযোগী ও জনকল্যাণমুখী করার উদ্যোগ নেওয়া হবে।
এদিকে, ময়মনসিংহ-১০ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামানের এক সম্পূরক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, খাদ্যপণ্যে বিভিন্ন রাসায়নিক উপাদান ও দূষক শনাক্তকরণে পরীক্ষাগারের সক্ষমতা বাড়ানোর কার্যক্রম চলমান রয়েছে।
মন্ত্রী বলেন, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় রাজধানী ঢাকায় একটি কেন্দ্রীয় রেফারেন্স ল্যাবরেটরি এবং খুলনা ও চট্টগ্রামে দুটি বিভাগীয় ল্যাবরেটরি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পরীক্ষাগারের যন্ত্রপাতি ও প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নের মাধ্যমে খাদ্যপণ্যের গুণগত মান ও নিরাপত্তা যাচাই আরও কার্যকর হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ