০২:৪৭ পি.এম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের কুখ্যাত রাইকার্স আইল্যান্ড কারাগার কমপ্লেক্স সম্পূর্ণরূপে বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন মেয়র জোহরান মামদানি। নতুন পরিকল্পনার আওতায়, ২০৩২ সালের শেষ নাগাদ বর্তমান কারাগারে বন্দি রাখার কার্যক্রম বন্ধ করে সেখানে থাকা সব বন্দিকে শহরের চারটি বরোতে নির্মিত ছোট ও আধুনিক কারাগারে স্থানান্তরিত করা হবে।
শুক্রবার প্রকাশিত এই পরিকল্পনাকে মামদানি প্রশাসন রাইকার্স আইল্যান্ড বন্ধের জন্য শহরের প্রথম পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা হিসেবে চিহ্নিত করেছে। এতে কারাগার বন্ধের পাশাপাশি বিচার-পূর্ব আটক কমানো, মামলার দীর্ঘসূত্রতা দূর করা, কারা বিভাগের আধুনিকায়ন এবং অপরাধীদের পুনর্বাসনে বিনিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এক বিবৃতিতে মামদানি বলেন, ‘রাইকার্স আইল্যান্ড বন্ধ করার সময় এসেছে। কয়েক দশক ধরে নিউইয়র্কবাসী নিরাপদ ও মানবিক কারাব্যবস্থার দাবি জানিয়ে আসছেন। এই পরিকল্পনা সেই লক্ষ্য অর্জনের পথ তৈরি করবে। এর মাধ্যমে রাইকার্স বন্ধ, বিচার-পূর্ব আটক কমানো, দ্রুত বিচার পাওয়ার অধিকার ক্ষুণ্ন করা মামলার জট দূর করা এবং কারাবন্দিত্বের চক্র ভাঙতে কার্যকর সহায়তা কর্মসূচিতে ১৪ কোটি ৬০ লাখ ডলার বিনিয়োগ করা হবে।’
আরও পড়ুন: ইরানের পরমাণু নীতির পরিবর্তন চায় না চীন ও রাশিয়া
তবে এই পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কারণ, নিউইয়র্ক সিটি কাউন্সিলের ২০১৯ সালের আইনে ২০২৭ সালের ৩১ আগস্টের মধ্যে রাইকার্স আইল্যান্ড বন্ধের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। নতুন সময়সীমা কার্যকর করতে সিটি কাউন্সিলকে আইন সংশোধন করে অনুমোদন দিতে হবে। মেয়র এককভাবে এ সময়সীমা পরিবর্তন করতে পারবেন না।
চার বরোতে নির্মিত হবে নতুন কারাগার
২০১৯ সালে তৎকালীন মেয়র বিল ডি ব্লাজিওর স্বাক্ষরে কার্যকর হওয়া আইনে রাইকার্স আইল্যান্ডের পরিবর্তে ব্রুকলিন, ব্রঙ্কস, কুইন্স ও ম্যানহাটনে চারটি ছোট ও আধুনিক কারাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু নির্মাণকাজে বিলম্ব এবং ২০২০ সালের পর থেকে নিউইয়র্কের কারাগারগুলোতে বন্দির সংখ্যা বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে রাইকার্স বন্ধ করা সম্ভব হচ্ছে না।
মামদানি প্রশাসনের পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে, ব্রুকলিনের নতুন কারাগারটি ২০২৯ সালে চালু হওয়ার কথা। এরপর ২০৩১ সালে ব্রঙ্কস ও কুইন্সের কারাগার এবং ২০৩২ সালে ম্যানহাটনের কারাগার চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু
চারটি কারাগারে মোট প্রায় ৪ হাজার ৫০০টি শয্যা থাকবে। অথচ নভেম্বরের শুরুতে রাইকার্স আইল্যান্ডসহ নিউইয়র্কের কারাগারগুলোতে প্রায় ৬ হাজার ৬০০ মানুষ আটক ছিলেন। ফলে নতুন কারাগারগুলোর ধারণক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রাখতে বন্দির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো জরুরি হয়ে পড়েছে।
পরিকল্পনার আওতায়, ২০২৯ সালে ব্রুকলিনের কারাগার চালুর সময় বন্দির সংখ্যা সর্বোচ্চ ৫ হাজার ৫০০-তে নামিয়ে আনা হবে। ২০৩২ সালের শেষ নাগাদ তা কমিয়ে ৪ হাজার ১০০ বা তার নিচে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মানসিক স্বাস্থ্য ও পুনর্বাসনে ১৪ কোটি ৬০ লাখ ডলার
কারাগার বন্ধের পাশাপাশি বন্দি ও অপরাধের শিকার ব্যক্তিদের জন্য বিভিন্ন সহায়তা কর্মসূচি চালুর পরিকল্পনা করেছে মামদানি প্রশাসন। আগামী অর্থবছরে এসব উদ্যোগে মোট ১৪ কোটি ৬০ লাখ ডলার বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সাবেক ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো
এর আওতায় গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যা এবং জটিল চিকিৎসার প্রয়োজন রয়েছে—এমন নিউইয়র্কবাসীর জন্য কয়েক শ বিশেষায়িত পরিচর্যা ও চিকিৎসার শয্যা তৈরি করা হবে। কারাগারের ভেতরে এবং কমিউনিটিভিত্তিক পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা, মাদকাসক্তির চিকিৎসা, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ বাড়ানো হবে। পাশাপাশি অপরাধের শিকার ব্যক্তি ও তাদের স্বজনদের জন্যও সহায়তা কর্মসূচি থাকবে।
পরিকল্পনায় ৫ কোটি ডলার ব্যয়ে কারাগার ও কমিউনিটিভিত্তিক এলাকায় কারিগরি প্রশিক্ষণ, শিক্ষামূলক কার্যক্রম, মানসিক স্বাস্থ্য পরামর্শ এবং মাদকাসক্তির চিকিৎসাসহ বিভিন্ন সেবা সম্প্রসারণের কথা বলা হয়েছে।
এ ছাড়া নিউইয়র্কবাসীর জন্য কমিউনিটিভিত্তিক সহায়তা বাড়াতে আরও ৭ কোটি ৬০ লাখ ডলার বিনিয়োগ করা হবে। এর মধ্যে কারাগার থেকে মুক্তি পাওয়া ব্যক্তিদের সমাজে পুনর্বাসন এবং সহায়তামূলক আবাসনের মতো কর্মসূচি সম্প্রসারণের বিষয়টি রয়েছে। অপরাধের শিকার ব্যক্তি ও তাদের স্বজনদের মানসিক স্বাস্থ্যসেবা এবং আইনি সহায়তা বাড়াতে ১ কোটি ৬০ লাখ ডলার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বিচার-পূর্ব আটক ও মামলার জট কমানোর উদ্যোগ
আরও পড়ুন: কুয়েতে বাস করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন যেসব অভিবাসী
রাইকার্স আইল্যান্ড বন্ধের পরিকল্পনায় বিচার-পূর্ব আটক কমানোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি মামলার দীর্ঘসূত্রতা দূর করে দ্রুত বিচার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এ জন্য বিকল্প ব্যবস্থা, কমিউনিটিভিত্তিক কর্মসূচি এবং পুনর্বাসনসেবার সুযোগ বাড়ানোর কথা বলা হয়েছে।
পরিকল্পনায় আরও বলা হয়েছে, ২০২৩ সাল থেকে বন্ধ থাকা অনলাইনে জামিনের অর্থ পরিশোধের ব্যবস্থা ২০২৭ সালে পুনরায় চালু করা হবে। এতে জামিন পাওয়া ব্যক্তিদের অর্থ পরিশোধের প্রক্রিয়া সহজ হবে বলে আশা করছে প্রশাসন।
কারাগারের কর্মী ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামোও ঢেলে সাজানো হবে। কর্মীদের দায়িত্ব বণ্টন আরও কার্যকর করা, তথ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি চালু এবং কারাগারে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া উন্নত করার পরিকল্পনা রয়েছে।
নতুন কারাগারগুলোতে যেন রাইকার্স আইল্যান্ডের বর্তমান অব্যবস্থাপনা ও পরিচালনাগত সমস্যাগুলো স্থানান্তরিত না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: অ্যাপেক সম্মেলনে ট্রাম্পের ঘুমিয়ে পড়া নিয়ে বিতর্ক, হোয়াইট হাউসের প্রতিবাদ
ফেডারেল আদালতের তদারকিতে রাইকার্স
দীর্ঘদিন ধরে রাইকার্স আইল্যান্ড কারাগারের বন্দিদের প্রতি আচরণ, অবকাঠামোগত দুরবস্থা, কর্মীসংকট, সহিংসতা এবং বন্দিদের মৃত্যুর ঘটনা নিয়ে সমালোচনা হয়ে আসছে। নাগরিক অধিকারকর্মী, স্থানীয় আইনপ্রণেতা ও বিভিন্ন সংগঠন কারাগারটির পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে।
গত বছর তৎকালীন মেয়র এরিক অ্যাডামসের আমলে একজন ফেডারেল বিচারক রাইকার্স আইল্যান্ডের ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করেন। কারাগারটির নিয়ন্ত্রণ নিউইয়র্ক নগর প্রশাসনের সরাসরি কর্তৃত্বের বাইরে নিয়ে একজন স্বাধীন কর্মকর্তার অধীনে দেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে ওই কর্মকর্তা নিয়োগ পান। কারাগারের ব্যবস্থাপনা ও পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে।
মামদানি প্রশাসনের পরিকল্পনায় বলা হয়েছে, এ কর্মসূচি বাস্তবায়নে সিটি কাউন্সিলের পাশাপাশি ফেডারেল আদালতের নিয়োগ করা তদারক কর্মকর্তা, রিমিডিয়েশন ম্যানেজার এবং সংশোধনাগারবিষয়ক বোর্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হবে।
আরও পড়ুন: গাজায় গণহত্যা সত্ত্বেও ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্যের পক্ষে রাহুল গান্ধী
মামদানি বলেন, ‘রাইকার্স বন্ধ করা আমাদের আইনগত ও নৈতিক দায়িত্ব। সিটি কাউন্সিল, আদালত ও অলাভজনক সংস্থাগুলোর সঙ্গে কাজ করে আমরা এ দায়িত্ব পালন করব—কারাগারে থাকা মানুষ, তাঁদের সেবায় নিয়োজিত কর্মী, অপরাধের শিকার ব্যক্তি এবং নিউইয়র্কের প্রতিটি নাগরিকের স্বার্থে।’
সময় বাড়ানোর পক্ষে সিটি কাউন্সিল স্পিকার
নতুন পরিকল্পনা প্রকাশের পর নিউইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন বলেন, আগের প্রশাসনগুলোর সময় নানা বিলম্বের কারণে রাইকার্স বন্ধের প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও সময় প্রয়োজন বলে স্পষ্ট হয়েছে।
তিনি বলেন, ২০১৯ সালে সিটি কাউন্সিল নিউইয়র্কবাসীর কাছে যে অঙ্গীকার করেছিল, তা পূরণ করতে সময় বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। রাইকার্সের ব্যবস্থাপনা এখন ফেডারেল আদালতের নির্দেশনায় পরিচালিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শহরের ইতিহাসের এই উদ্বেগজনক অধ্যায়ের অবসান ঘটাতে হবে।
তবে পরিকল্পনাটি কার্যকর করতে সিটি কাউন্সিলের অনুমোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন আইন পাস না হলে ২০২৭ সালের নির্ধারিত সময়সীমা পরিবর্তন করা সম্ভব হবে না।
দ্বীপটির ভবিষ্যৎ ব্যবহারের পরিকল্পনাও রয়েছে
রাইকার্স আইল্যান্ডের কারাগার বন্ধ হওয়ার পর দ্বীপটির ভবিষ্যৎ ব্যবহার নিয়েও পরিকল্পনা রয়েছে মামদানি প্রশাসনের। সেখানে নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশগত টেকসই উন্নয়ন প্রকল্পের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো পরিকল্পনা জানানো হয়নি।
মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাইকার্স বন্ধের প্রতিশ্রুতি দিয়ে আসছেন মামদানি। এ লক্ষ্যে তিনি ‘ক্লোজ রাইকার্স জার’ হিসেবে পরিচিত বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করেছেন। পাশাপাশি নিউইয়র্কের সংশোধন বিভাগের নেতৃত্বে স্ট্যানলি রিচার্ডসকে দায়িত্ব দিয়েছেন। কারাগারে থাকার অভিজ্ঞতা রয়েছে এমন প্রথম ব্যক্তি হিসেবে তিনি এ বিভাগের প্রধান হয়েছেন।
এর আগে গত জুনে রাইকার্স আইল্যান্ডের নর্থ ইনফার্মারি কমান্ড স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দেন মামদানি। ১৯৩২ সালে চালু হওয়া ওই স্থাপনাটি তখন খালি ছিল এবং সেখানে কোনো বন্দি রাখা হতো না। পরে স্থাপনাটি ও আরও দুটি কেন্দ্রের বড় অংশের দায়িত্ব নগর প্রশাসনের অন্য একটি বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
নতুন পরিকল্পনায় প্রতি তিন মাস অন্তর অগ্রগতির তথ্য প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছে মামদানি প্রশাসন। এ উদ্যোগের মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত ও স্বচ্ছভাবে জনসমক্ষে তুলে ধরা হবে।
মামদানি প্রশাসনের ভাষায়, শুক্রবার প্রকাশিত প্রতিবেদনটি কেবল শুরু। সব উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়েই রাইকার্স আইল্যান্ড কারাগার পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে। তবে নতুন সময়সীমা নির্ধারণ, বন্দির সংখ্যা কমানো এবং চারটি কারাগারের নির্মাণকাজ নির্ধারিত সময়ে শেষ করার ওপরই পরিকল্পনার সফলতা নির্ভর করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন