০২:৩১ পি.এম
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানার বিরুদ্ধে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হয়েই একটি স্বার্থান্বেষী চক্র পুলিশকে বিতর্কিত করার অপচেষ্টায় নেমেছে।
স্থানীয় সূত্রের ভাষ্য, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের আগে কোতোয়ালি মডেল থানাকেন্দ্রিক বিভিন্ন দালাল চক্র সক্রিয় ছিল। বর্তমানে তাদের অবৈধ স্বার্থে আঘাত লাগায় তারা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়েছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এসব সংবাদের বিরুদ্ধেও অনেকে অবস্থান নিয়েছেন। একাধিক নেটিজেন তাদের ফেসবুক পোস্ট ও মন্তব্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষে মতামত দিয়েছেন এবং প্রকাশিত সংবাদের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১
নেটিজেনদের মধ্যে কাজী মোহাম্মদ জাহাঙ্গীর তার ফেসবুক পোস্টে লিখেছেন, “কার ইশারায় কোতোয়ালি মডেল থানার ক্লিন ইমেজের ওসি আল মামুনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাকে জড়িয়ে বানোয়াট সংবাদ প্রচার করা হচ্ছে?” তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। এছাড়াও আরও অনেকেই ওসি আল মামুনের পক্ষে বিভিন্ন মতামত প্রকাশ করেছেন।
সংশ্লিষ্টদের দাবি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ দায়িত্ব গ্রহণের পর থেকে মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস দমন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব কর্মকাণ্ডের কারণে বিএমপি সর্বমহলে প্রশংসিত হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, “আমি কোতোয়ালি মডেল থানায় যোগদানের পর থেকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস দমন এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত কাজ করছি।”
তিনি আরও বলেন, “কারা বা কোন উদ্দেশ্যে পুলিশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তা আমার জানা নেই। তবে কারও অবৈধ স্বার্থে আঘাত লাগার কারণেই এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হতে পারে বলে আমি মনে করি।”
আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ
তবে পুলিশের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট অভিযোগকারীদের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন