রিপোর্ট-শাহ্ জালাল সরদার, কালকিনি,ডাসার(মাদারীপুর)
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং
০৭:১৩ পি.এম
মানুষের বিবেক ও মানবিকতা কতটা নিচে নামলে একজন অন্ধকারের যাত্রী, অসহায় পঙ্গু মানুষের সম্বলটুকুও কেড়ে নেওয়া যায়—কালকিনিতে ঘটে যাওয়া এক নৃশংস চুরি সেই প্রশ্নই তুলে ধরেছিল। তবে চুরি হওয়া চাল আর জমানো সামান্য অর্থ হারিয়ে চোখের জলে ভাসতে থাকা সেই অবলা প্রতিবন্ধী আব্দুল জলিলের পাশে এবার এসে দাঁড়িয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
উল্লেখ্য, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালাই সরদারের চর বেপারী কান্দির বাসিন্দা শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী আব্দুল জলিল। দীর্ঘ ৮-১০ বছর ধরে প্যারালাইজড হয়ে তার শরীরের ডান অংশ অকেজো। লাঠিতে ভর দিয়ে গ্রাম থেকে গ্রামে ভিক্ষা করে কোনোমতে জীবিকা নির্বাহ করেন তিনি। বোন এসে রান্না করে দিয়ে গেলে তবেই খাবার জোটে তার।
সম্প্রতি রাতে চোরেরা চতুরতার সাথে আব্দুল জলিলের ঘরের সামনের দরজায় তালা লাগিয়ে পেছনের অংশ দিয়ে সিঁধ কেটে প্রবেশ করে। এরপর তার ভিক্ষা করে জমানো শেষ সম্বল—কিছু চাল ও সামান্য খুচরো টাকা লুটে নিয়ে যায়। সকালে উঠে নিজের সবটুকু অবলম্বন হারানোর দৃশ্য দেখে অঝোর ধারায় কেঁদে ওঠেন জলিল, যা দেখে স্তব্ধ ও ক্ষুব্ধ হয়ে পড়েন স্থানীয়রা।
প্রতিবন্ধী আব্দুল জলিলের এই করুণ পরিণতি ও আর্তনাদ নিয়ে সংবাদ প্রকাশ হলে বিষয়টি মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে ফোনে বিষয়টি সম্পর্কে খোঁজ-খবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
সংবাদ প্রকাশের পর আজ শুক্রবার বিকেলে এমপি আনিসুর রহমান তালুকদার খোকন নিজে কালকিনিতে অসহায় আব্দুল জলিলের কুঁড়েঘরে ছুটে যান। তিনি জলিলকে তাৎক্ষণিক আর্থিক ও খাদ্য সহযোগিতা প্রদান করেন এবং ভবিষ্যতে সর্বদা তার পাশে থাকার প্রতিশ্রুতি দেন। শুধু তাই নয়, আব্দুল জলিলের জরাজীর্ণ বসতঘরের ভিটা ও ফ্লোর পাকা করে দেওয়ার ঘোষণা দেন সংসদ সদস্য। পাশাপাশি তার চিকিৎসা যেন সঠিকভাবে চলে, সে জন্য তিনি ও তার রাজনৈতিক নেতা-কর্মীরা সার্বিক তদারকি করবেন বলেও জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাশ, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারি, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি এবং উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
সংসদ সদস্যের এই দ্রুত পদক্ষেপ ও মানবিক সহায়তায় আবেগাপ্লুত হয়ে পড়েন এলাকাবাসী। তারা জানান, একজন জনপ্রতিনিধি যখন এভাবে অসহায় ও প্রান্তিক মানুষের পাশে এসে দাঁড়ান, তখন সমাজে মানবিকতার আলো আবারও প্রজ্জ্বলিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম মন্তব্য করেছেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতে রোগ প্রতিরোধকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, "ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।" এই উদ্দেশ্যে দেশের স্বনামধন্য চিকিৎসকদের সমন্বয়ে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট তৈরি করা হয়েছে, যা নিয়মিতভাবে দেশব্যাপী বিতরণ করা হচ্ছে।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার (২৩ অক্টোবর) মুন্সিগঞ্জে সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
লিফলেট বিতরণকালে সাধারণ মানুষকে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির কারণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিত করা হয়।
ডা. মো. রফিকুল ইসলাম আরও জানান, অতীতে ডেঙ্গুর মৌসুমে স্যালাইনের সংকট দেখা দিলেও এবারের জন্য পর্যাপ্ত স্যালাইন মজুত রয়েছে। তিনি বলেন, সরকারিভাবে ডেঙ্গুর পরীক্ষা বিনা মূল্যে করার ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্যখাতে জনবল সংকট নিরসনে ৫ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া পর্যায়ক্রমে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগও চলমান রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, ডেঙ্গু মোকাবেলায় সরকারি উদ্যোগের পাশাপাশি নতুন প্রজন্মসহ জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা এবং জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব। জনস্বাস্থ্য সুরক্ষায় দেশব্যাপী এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়ার ৩৮তম জন্মদিন উপলক্ষে তার স্বামী রাঘব চাড্ডা উষ্ণ ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন। স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি নিজেকে ‘বিশ্বের সবচেয়ে ভাগ্যবান স্বামী’ হিসেবে উল্লেখ করেছেন।
পরিণীতির জন্মদিন ছিল ২২ অক্টোবর। এই বিশেষ দিনটি উদযাপন করতে রাঘব তাদের একসঙ্গে রেস্তোরাঁয় কাটানো কিছু মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। ছবিগুলোতে তাদের একসঙ্গে খাবার উপভোগ করতে এবং আনন্দের মুহূর্ত কাটাতে দেখা যায়।
ছবির ক্যাপশনে রাঘব পরিণীতিকে ‘নীরের মাম্মা’ বলে সম্বোধন করেছেন। বার্তার শেষে তিনি নিজেকে ‘বিশ্বের সবচেয়ে ভাগ্যবান স্বামী’ হিসেবে উল্লেখ করেন। রাঘবের এই হৃদয়গ্রাহী বার্তার জবাবে পরিণীতি চোখে হৃদয়ের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান।
অন্যদিকে, এই দম্পতি ১৯ অক্টোবর তাদের ছেলে নীরের প্রথম জন্মদিন উদযাপন করেছেন। পরিণীতির জন্মদিন উদযাপন মাত্র তিন দিন পরে হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান এবং ওয়াহাজ আলী অভিনীত ধারাবাহিক মিট্টি দে বাওয়ে নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। সম্প্রতি প্রচারিত নতুন পর্বগুলোতে নাটকের নাটকীয় মোড়, অভিনয় এবং জাতপাতের বৈষম্যের নির্মম চিত্র দর্শকদের আবেগে ভাসিয়ে দিয়েছে।
গ্রিন এন্টারটেইনমেন্টের মাধ্যমে প্রচারিত এই ধারাবাহিকটি প্রতি বুধবার ও বৃহস্পতিবার সম্প্রচারিত হয়। সপ্তম ও অষ্টম পর্বের সম্প্রচার পর, সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটির গল্প ও অভিনয় নিয়ে দর্শকদের বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
ধারাবাহিকটিতে বালা চরিত্রে ওয়াহাজ আলীর অভিনয় বিশেষ প্রশংসা অর্জন করেছে। অন্যদিকে, বিলকিস বানু বা বিল্লো চরিত্রে মাহিরা খানের অভিনয়ও দর্শকদের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে। অভিনয়ের পাশাপাশি, জাতপাতের বিভেদ, পারিবারিক সম্মানবোধ এবং সামাজিক ভণ্ডামির কঠোর চিত্র তুলে ধরার জন্যও নাটকটি প্রশংসিত হচ্ছে।
দুই পর্বের গল্পে বড় মোড়
সপ্তম পর্বের শেষের দিকে রেলক্রসিংয়ে গোলাগুলির ঘটনায় বালার ভাই আসলাম বা আচি নিহত হয়। ভাইকে হারানোর ফলে বালার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যায়। অষ্টম পর্বে দেখা যায়, শোকাহত বালা ধীরে ধীরে কঠোর মানসিকতার বালা গুজরাতিতে পরিণত হচ্ছে। এই পরিবর্তনের ফলে সে ফাজ্জা নামের এক গ্যাংস্টারের সঙ্গে জড়িয়ে পড়ে। ফাজ্জা চরিত্রে অভিনয় করেছেন সোহেল আহমেদ।
ভাইয়ের মৃত্যুর পর ভেঙে পড়া বালা থেকে প্রতিশোধপরায়ণ এক কঠোর মানুষ হয়ে ওঠার দৃশ্য দর্শকদের গভীরভাবে নাড়া দিয়েছে। অনেকের মতে, ওয়াহাজ আলীর অভিনয়ের জন্যই বালা চরিত্রটি তৈরি হয়েছে।
বালার স্ত্রী জারিনা চরিত্রে অভিনয় করেছেন আমর খান। তার অভিনয়ও ব্যাপক প্রশংসা পাচ্ছে। অনেক দর্শক তাকে ধারাবাহিকটির অন্যতম আলোচিত মুখ হিসেবে দেখছেন। আবার অনেকে জারিনার চরিত্রের পরিস্থিতি ও মানসিক টানাপোড়েনের সঙ্গে নিজেদের একাত্ম করতে পারছেন।
বিল্লোকে নিয়ে দর্শকের দ্বিধা
মাহিরা খানের অভিনীত বিল্লো চরিত্রটি নিয়েও দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। চরিত্রটির মধ্যে একই সঙ্গে নির্যাতিত এবং নির্যাতনকারীর বৈশিষ্ট্য থাকায় দর্শকেরা তার অবস্থান নিয়ে দ্বিধায় পড়ছেন।
কৈশোরে বালার প্রতি ভালোবাসার কারণে বিল্লোকে পরবর্তী সময়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। একপর্যায়ে তার শ্বশুর তাকে নিজের বাড়ি থেকে বের করে দেন। ধারাবাহিকটিতে ধর্মীয় অনুশাসন ও নৈতিকতার কথা বলা হলেও কীভাবে সেগুলো ক্ষমা করার বদলে কাউকে অপমান করতে ব্যবহার করা হয়, তা-ও তুলে ধরা হয়েছে।
জাতপাত ও পারিবারিক সম্মানের সংঘাত
মিট্টি দে বাওয়ে ধারাবাহিকটির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো জাতপাতের বিভেদ। শাহ ও মিরাসি সম্প্রদায়ের মধ্যে সামাজিক ব্যবধান গল্পের বিভিন্ন বিশ্বাসঘাতকতা ও দ্বন্দ্বের পেছনে ভূমিকা রাখে। শাহ বলতে প্রভু বা ক্ষমতাবান শ্রেণিকে বোঝানো হয়েছে, আর মিরাসিরা বংশপরম্পরায় সংগীতচর্চার সঙ্গে যুক্ত।
বিল্লোর অতীতকে তার শ্বশুরবাড়ির লোকজন নৈতিকতার প্রশ্ন হিসেবে নয়, বরং নিজেদের বংশের মর্যাদা রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। অন্যদিকে, বালা সারাজীবন নিজের বংশপরিচয়ের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করে।
দর্শকদের একাংশের মতে, জাতপাতভিত্তিক বৈষম্য, অপূর্ণ ভালোবাসা ও সামাজিক শ্রেণিবিভেদের কারণে ধারাবাহিকটির গল্পের সঙ্গে এমিলি ব্রন্টির বিখ্যাত উপন্যাস ওয়াদারিং হাইটস-এর কিছুটা মিল রয়েছে। প্রতিশোধের নেশা কীভাবে মানুষকে অন্ধ করে দেয় এবং শেষ পর্যন্ত ভয়াবহ পরিণতি ডেকে আনে, সেটিও গল্পে স্পষ্টভাবে উঠে এসেছে।
সৈয়দ ওয়াজাহাত হুসাইন পরিচালিত এবং ফায়জা ইফতিখারের লেখা এই ধারাবাহিকটি তাই কেবল প্রতিশোধের গল্পে সীমাবদ্ধ থাকছে না। শক্তিশালী অভিনয় ও সাহসী গল্প বলার মাধ্যমে জাতপাত, পারিবারিক সম্মান এবং সামাজিক ভণ্ডামি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে মিট্টি দে বাওয়ে।
সূত্র: ডাউন ইমেজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনটি শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) দিনব্যাপী আয়োজিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এমপি উল্লেখ করেন, "আমাদের মূল লক্ষ্য হলো আল্লাহর জান্নাত লাভ করা।" তিনি জানান, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ৭০ ভাগ মানুষ অংশগ্রহণ করেছে, যারা দিন আনে দিন খায়। আল্লাহর পথে দিনমজুর ও মেহনতি মানুষের এই অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডা. শফিকুর রহমান রুকনদের উদ্দেশে অতীতের দায়িত্বশীলদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেন এবং বর্তমানের স্বাধীন কর্মপরিবেশে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, "মহান আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে এবং নবী ইবরাহিম (আ.) ও ইসমাইল (আ.)-এর ত্যাগের আদর্শ অনুসরণ করে প্রতি মুহূর্তে আল্লাহর সাহায্য কামনা করতে হবে।"
জাতীয় নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান মন্তব্য করেন, জনগণ আমাদের ভোট দিলেও তা রক্ষা করা যায়নি। তিনি বলেন, "এটি আমাদের নিজেদের দুর্বলতা ছিল।" অতীতের ভুলত্রুটি ও দুর্বলতাগুলো চিহ্নিত করে আগামীতে একই ভুলের পুনরাবৃত্তি রোধে সতর্ক থাকতে হবে। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, "আমরা বসে বসে তামাশা দেখব না; যেখানে সামর্থ্য থাকবে, সেখানেই সংগত প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলব। এই দেশ কুরআনের ভিত্তিতে পরিচালিত হবে, ইনশাআল্লাহ।" সম্মেলন শেষে তিনি ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে নাগরিকদের জন্য ৫০টিরও বেশি সেবামূলক সুবিধা সংবলিত ‘নাগরিক সেবা’ নামক একটি মোবাইল অ্যাপের উদ্বোধন করেন।
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, "রুকনিয়াত কোনো পদ-পদবি বা ক্ষমতা নয়, এটি জীবন ও নীতি-নৈতিকতার একটি মানদণ্ড।" তিনি আরও বলেন, "রুকন হিসেবে আমাদের মান ও রুহানিয়াত যত শক্তিশালী হবে, সংগঠন তত মজবুত হবে।"
ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন ও নুরুল ইসলাম বুলবুল এমপি প্রমুখ।
সম্মেলনটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে সকাল পৌনে ১০টা থেকে ১১টা পর্যন্ত ২০২৭-২০২৮ সেশনের জন্য ঢাকা মহানগরী উত্তর আমীর নির্বাচনে ১৩ সহস্রাধিক রুকন সদস্য ভোট প্রদান করেন। নির্বাচন পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন; তাঁকে সহায়তা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এমপি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আ. সবুর ফকির। এরপর বেলা ১১টা থেকে শুরু হয় মূল সাংগঠনিক সেশন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ