ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

যুবকের ধাক্কায় ‘মেজাজ হারাল’ রোবট, দেখাল অদ্ভুত প্রতিক্রিয়া!


যুবকের ধাক্কায় ‘মেজাজ হারাল’ রোবট, দেখাল অদ্ভুত প্রতিক্রিয়া!

রাশিয়ার একটি ইলেকট্রনিকস দোকানে মানবাকৃতির (হিউম্যানয়েড) একটি রোবট এবং এক ক্রেতার মধ্যে ঘটে যাওয়া একটি অদ্ভুত ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরিহিত একজন ব্যক্তি রোবটটির কাছে গিয়ে তাকে ধাক্কা দেন। কিছু সময় পরে, রোবটটি হঠাৎ করে তার একটি পা ওই ব্যক্তির দিকে এগিয়ে দেয়। অনেকের কাছে এটি মনে হয়েছে, যেন রোবটটি ক্রেতাকে লাথি মারার চেষ্টা করছে।

ভিডিওটি শেয়ার করা একটি সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট দাবি করেছে যে, ঘটনার পর রোবটটির গতিবিধি নিয়ন্ত্রণে আনতে কর্মীদের বেশ কষ্ট করতে হয়েছে। এক পর্যায়ে, তারা রোবটটিকে বন্ধ করে দিতে বাধ্য হন।

আরও পড়ুন: প্রকাশ রাজের শান্তিপূর্ণ প্রতিবাদের ঘোষণা, সিইসি অপসারণের দাবি

ভিডিওটি প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন হাস্যরসাত্মক মন্তব্য দেখা যায়। একজন ব্যবহারকারী মজা করে লিখেছেন, "এতদিন মানুষ ভাবছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, কিন্তু ভিডিওটি দেখে মনে হচ্ছে মানুষই এআইয়ের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে।"

তবে ভিডিওটির সত্যতা এবং এর সঙ্গে করা দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া, রোবটটি ধাক্কার প্রতিক্রিয়ায় স্বয়ংক্রিয়ভাবে পা তুলেছিল কি না, কিংবা অন্য কোনো কারণে এমন আচরণ করেছে, সেটিও পরিষ্কার নয়।

সূত্র: সামা টিভি অনলাইন

আরও পড়ুন: কাজের সময় হঠাৎ লুটিয়ে পড়লেন পোশাক শ্রমিক, সিসিটিভি ফুটেজে দেখা গেল খারাপ আচরণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইকুয়েডরের সন্দেহভাজন মাদকচক্রের তৃতীয় নৌযান ডুবিয়ে দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৬ এম


ইকুয়েডরের সন্দেহভাজন মাদকচক্রের তৃতীয় নৌযান ডুবিয়ে দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রশান্ত মহাসাগরে ইকুয়েডরের অপরাধী চক্র ‘লস চোনেরোস’-এর সঙ্গে সম্পর্কিত সন্দেহভাজন একটি নৌযান ডুবিয়ে দিয়েছে। মার্কিন সাউদার্ন কমান্ড জানায়, এটি এক সপ্তাহের মধ্যে এ ধরনের তৃতীয় নৌযান ধ্বংসের ঘটনা।

বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, বৃহস্পতিবারের এই অভিযান যুক্তরাষ্ট্রের একটি বৃহত্তর অভিযানের অংশ। গত বছর থেকে মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহভাজন বিভিন্ন নৌযানে হামলা চালিয়ে আসছে মার্কিন বাহিনী, যার ফলে ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় অবৈধ মাদক পাচারে ব্যবহৃত একটি ভাসমান জ্বালানি সরবরাহকারী নৌযান তারা সফলভাবে আটক করেছে।

সাউদার্ন কমান্ড আরও জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত করা হয়েছে যে, নৌযানটি ‘লস চোনেরোস’ নামক সহিংস মাদকচক্রের কার্যক্রমে সহায়তা করছিল।

নৌযানটিতে থাকা কয়েকজনকে ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের নিরাপদে ইকুয়েডরের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে। তবে কতজনকে হস্তান্তর করা হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

মার্কিন বাহিনী প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি হেলিকপ্টার ও সামরিক সদস্য বহনকারী একটি নৌযান সন্দেহভাজন নৌযানটিকে আটক করে। পরে বিস্ফোরণের মাধ্যমে নৌযানটি ধ্বংস করা হয়, যার ফলে আকাশে ব্যাপক ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

গত শুক্রবারের পর থেকে ‘লস চোনেরোস’-এর সঙ্গে সংশ্লিষ্ট তৃতীয় নৌযান এটি, যা মার্কিন বাহিনী ডুবিয়েছে। এই অপরাধী চক্রের সঙ্গে মেক্সিকোর কুখ্যাত সিনালোয়া কার্টেলের যোগাযোগ রয়েছে বলে ধারণা করা হয়।

ইকুয়েডরের নৌবাহিনী শুক্রবার জানিয়েছে, তারা মার্কিন অভিযানে সহায়তা করেছে। ‘কনকুইস্তা-২’ ও ‘ওএম-২’ নামে চিহ্নিত দুটি নৌযান থেকে মোট ২৮ জন ক্রু সদস্যকে তারা গ্রহণ করেছে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখনো প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় অঞ্চলে যেসব নৌযানকে লক্ষ্যবস্তু করা হয়েছে, সেগুলো মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল—এমন চূড়ান্ত প্রমাণ প্রকাশ করেনি।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ গত জুলাইয়ে জানিয়েছিল, জানুয়ারি থেকে মার্চের মধ্যে মার্কিন বাহিনী ইকুয়েডরের আরও তিনটি নৌযানে হামলা চালানোর পর অন্তত আটজন নিখোঁজ হয়েছেন। তবে ওয়াশিংটন এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

ইকুয়েডরের ডানপন্থী প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া লাতিন আমেরিকায় ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।

গত মার্চে মাদক পাচার মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত ‘শিল্ড অব দ্য আমেরিকাস’ জোটে যোগ দেয় ইকুয়েডর। এই অঞ্চলে মাদক পাচার বন্ধ করাই এই উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের সঙ্গে সম্পর্কের অভিযোগে তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৭ এম


ইরানের সঙ্গে সম্পর্কের অভিযোগে তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় শুক্রবার তুরস্কের একটি ব্যাংকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সম্পর্কিত হওয়ার অভিযোগে করা হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার ছয় মাস পর ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার প্রচেষ্টার অংশ হিসেবে ওয়াশিংটন এই পদক্ষেপ গ্রহণ করেছে।

এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, নতুন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংক এবং এর কিছু সহযোগী প্রতিষ্ঠান। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের দাবি, এই প্রতিষ্ঠানগুলো আইআরজিসির হয়ে কয়েক কোটি ডলারের আর্থিক লেনদেন পরিচালনা বা সহজতর করেছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ রয়েছে যে, ব্যাংকটি তেহরানকে গুরুত্বপূর্ণ ‘করেসপন্ডেন্ট ব্যাংকিং’ সুবিধা প্রদান করেছে। এই ব্যবস্থার মাধ্যমে ইরান আন্তর্জাতিকভাবে অর্থ স্থানান্তর করতে সক্ষম হয়।

ওয়াশিংটনের এই পদক্ষেপের এক সপ্তাহ আগে, সংযুক্ত আরব আমিরাতে কার্যক্রম পরিচালনাকারী মিসরের একটি বড় ব্যাংককে মার্কিন আর্থিক ব্যবস্থার বাইরে নিয়ে যাওয়ার দিকে এগিয়েছিল যুক্তরাষ্ট্র।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে উল্লেখ করেন, ‘আর্থিক প্রতিষ্ঠানগুলো কঠোরভাবে বুঝতে পারছে যে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নিয়ে আমরা কতটা কঠোর।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করি আর কোনো ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে না। তবে সেটি শেষ পর্যন্ত নির্ভর করছে আন্তর্জাতিক সম্প্রদায় কত দ্রুত বাস্তবতা উপলব্ধি করে এবং হত্যাযজ্ঞ চালানো ইরানি শাসনব্যবস্থাকে সমর্থন করা বন্ধ করে তার ওপর।’

এর আগে, মঙ্গলবার বেসেন্ট জানিয়েছিলেন যে, চলতি সপ্তাহে একটি এবং পরের সপ্তাহে আরও একটি ব্যাংকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করা হতে পারে। এর মাধ্যমে ইরানকে অর্থনৈতিকভাবে আরও চাপে ফেলার অঙ্গীকার করেছিলেন তিনি।

উত্তর ক্যারোলাইনার অ্যাশভিলে অনুষ্ঠিত জি-২০ অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকের ফাঁকে তিনি এই কথা বলেন। সেখানে চলমান সংঘাতে ইরানের ওপর চাপ বাড়াতে মিত্র দেশগুলোর সমর্থন আদায়ের চেষ্টা করেন তিনি।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হয়েছে। ওই সময় যুক্তরাষ্ট্র ও ইসরাইল আকস্মিক বিমান হামলা চালায়, যার ফলে ইরানের সর্বোচ্চ নেতা নিহত হন।

সম্প্রতি, বেসেন্ট ঘোষণা করেছেন যে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক ডি-ডে’ শুরু করছে। এই অভিযানে অংশ না নেওয়া দেশগুলোর জন্য কঠোর পরিণতিরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ জেলার পোরশায় নকল নবীস আমির উদ্দিন বাবু সাময়িক বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

পোরশা (নওগাঁ ) প্রতিনিধি

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১০ এম


নওগাঁ জেলার পোরশায় নকল নবীস আমির উদ্দিন বাবু সাময়িক বরখাস্ত

বালাম বইয়ে নথি টেম্পারিংয়ের অভিযোগের বিষয়ে তদন্ত চলছে, এমন তথ্য পাওয়া গেছে জেলা রেজিস্ট্রার অফিসের সূত্র থেকে। নওগাঁর পোরশা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবীস আমির উদ্দিন বাবুকে গুরুত্বপূর্ণ সরকারি নথিতে কাটাছেঁড়া বা টেম্পারিংয়ের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় আরও দুজনকে সাময়িক বরখাস্ত করার খবরও পাওয়া গেছে জেলা রেজিস্ট্রার অফিসের সূত্রে।

জেলা রেজিস্ট্রার অফিসের তথ্য ও সংশ্লিষ্ট নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৯ মে পোরশা উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে জেলা রেজিস্ট্রার কার্যালয়ে একটি চিঠি প্রেরণ করা হয়। ওই চিঠিতে উল্লেখ করা হয়, ১৪২১/৪৭১ নম্বর বালাম বইয়ের একটি স্থানে ‘১২৫’ সংখ্যাটি কেটে ‘১৩৫’ করা হয়েছে। সরকারি রেকর্ডে এ ধরনের পরিবর্তন নজরে আসার পর পোরশা সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে রেকর্ডরুমের রেজিস্টার যাচাই করা হয়।

রেজিস্টার পর্যালোচনায় দেখা যায়, সংশ্লিষ্ট বালামটি পর্যায়ক্রমে ইসমত আলী, রাবেয়া বেগম এবং সর্বশেষ ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি নকল নবীস আমির উদ্দিন বাবু বের করেছিলেন। এরপর তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাদের দাখিল করা জবাব সন্তোষজনক না হওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয় বলে জানা গেছে জেলা রেজিস্ট্রার অফিসের সূত্রে।

পরবর্তীতে জেলা রেজিস্ট্রার কার্যালয়ের নির্দেশে বিষয়টি তদন্তের জন্য ধামইরহাটের সংশ্লিষ্ট রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়। তদন্তের সময় সংশ্লিষ্ট নথির হাতের লেখা ও অন্যান্য বিষয় পর্যালোচনা করা হলেও বিষয়টি বৈজ্ঞানিকভাবে নিশ্চিত হওয়ার প্রয়োজন দেখা দেয়। এ কারণে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে বিষয়টি যাচাই করার সুপারিশ করা হয় এবং জেলা রেজিস্ট্রার কার্যালয়ে প্রতিবেদন দেওয়া হয়। পরে অধিকতর তদন্তের জন্য বিষয়টি মান্দার সংশ্লিষ্ট রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে জেলা রেজিস্ট্রার অফিসের সূত্রে।

প্রতিবেদন লেখা পর্যন্ত বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং কথিত নথি টেম্পারিংয়ের সঙ্গে কারা সরাসরি জড়িত সে বিষয়ে তদন্তের চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি। এদিকে, গত ২৩ আগস্ট ২০২৬ পোরশা সদর ইউনিয়ন ভূমি অফিসে কথিত দালাল সিন্ডিকেট নিয়ে সংবাদ সংগ্রহের সময় আমির উদ্দিন বাবুসহ কয়েকজনের উপস্থিতি দেখা যায়। পরে ওই ভূমি অফিসকেন্দ্রিক দালাল সিন্ডিকেটের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়।

স্থানীয় কয়েকজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, আমির উদ্দিন বাবু সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ভূমি অফিসে দালালি করেন এবং ভূমি-সংক্রান্ত কাজে সাধারণ মানুষকে হয়রানি করে অর্থ আদায়ের চেষ্টা করেন। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। নথি টেম্পারিং এবং দালালি সংক্রান্ত অভিযোগের বিষয়ে আমির উদ্দিন বাবুর বক্তব্য পাওয়া যায়নি। জেলা রেজিস্ট্রার সাইফুল ইসলাম জানান, ইতিমধ্যেই অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা এবং নিয়মিত মামলা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তমশাহাদাতবার্ষিকী আজ

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৩ এম


বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তমশাহাদাতবার্ষিকী আজ
মুক্তিযুদ্ধের রণাঙ্গণের সাহসী সন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ (৫ সেপ্টেম্বর)। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শাহাদাতববরণ করেন তিনি। এদিন পাকবাহিনীর গুলিতে সহযোদ্ধা নান্নু মিয়া গুরুতর আহত হলেও হাতে এলএমজি এবং আহত নান্নুকে কাঁধে নিয়ে শত্রুপক্ষের দিকে গুলি ছুঁড়তে থাকেন নূর মোহাম্মদ। হঠাৎ পাকবাহিনীর মর্টারের আঘাতে তার হাঁটু ভেঙ্গে যায়। তবুও গুলি চালাতে থাকেন তিনি। এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন নূর মোহাম্মদ শেখ। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত হন তিনি। লাল-সবুজের মাঝে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে প্রতিটি মানুষের হৃদয়ে আজো বেঁচে আছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ।    

এদিকে, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মোহাম্মদ আমানত শেখ ও মা জেন্নাতুন্নেছা, মতান্তরে জেন্নাতা খানম। বাল্যকালেই বাবা-মাকে হারান তিনি। সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। তার দুই স্ত্রীর কেউই বেঁচে নেই। বর্তমানে এক ছেলে ও তিন মেয়ে আছেন। তারা নড়াইল ও যশোরে বসবাস করেন।
 
নূর মোহাম্মদ শেখের জীবনী থেকে জানা যায়, ১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর) যোগদান করেন। বর্তমানে ‘বর্ডার গার্ড অব বাংলাদেশ’ (বিজিবি)। দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে চাকরি করার পরে ১৯৭০ সালের ১০ জুলাই যশোর সেক্টরে বদলি হন তিনি। ল্যান্স নায়েকে পদোন্নতি পান। ১৯৭১ সালে যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেন। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ৮নম্বর সেক্টর কমান্ডার ছিলেন কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরী এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত মেজর এস এ মঞ্জুর। নূর মোহাম্মদ যশোরের শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের বয়রা অঞ্চলে ক্যাপ্টেন নাজমুল হুদার নের্তৃত্বে পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ শত্রুমুক্ত করেন।

এদিকে, এই বীরশ্রেষ্ঠের গ্রামের নাম পরিবর্তন করে ২০০৮ সালের ১৮ মার্চ ‘নূর মোহাম্মদ নগর’ করা হয়। সেই থেকে উন্নয়নের ছোঁয়া লেগেছে গ্রামটিতে। এখানে নির্মিত হয়েছে-বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। এছাড়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ। ২০০৮ সালের ১৮ মার্চ জাদুঘরটি উদ্বোধন হয়। এছাড়াও নূর মোহাম্মদের বসতভিটায় নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম জানান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আজ (৫ সেপ্টেম্বর) নূর মোহাম্মদ নগরে কোরআন তেলাওয়াত, শোভাযাত্রা, স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং রোববার জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে নূর মোহাম্মদের জীবনীভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হবে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%