ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন ঐকমত্য


তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন ঐকমত্য

তিস্তাসহ দেশের বিভিন্ন নদীর আধুনিক ও দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনায় বাংলাদেশ ও চীন ঐকমত্যে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় বেইজিংয়ের রাষ্ট্রীয় ‘দিয়াওইউতাই’ অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চীনের পানিসম্পদ মন্ত্রী লি গুয়েইং এর বৈঠক হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে বন্যার ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের যথাযথ ব্যবহারের লক্ষ্যে দেশের অভ্যন্তরে চলমান ব্যাপক নদী খনন (ড্রেজিং) কর্মসূচির কথা উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের সামগ্রিক পানিসম্পদ ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা কামনা করেন। বিশেষ করে ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে চীন সরকারের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন সরকারপ্রধান।

আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি

জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং পানিসম্পদ সুরক্ষায় বাংলাদেশ সরকারের নেয়া উদ্যোগে বেইজিংয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি ২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক তথা গত বছর চীনের পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের বিষয়টি উল্লেখ করে বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর।

লি গোওইং বলেন, পানি ব্যবস্থাপনায় বাংলাদেশ চীনের দীর্ঘদিনের সফল অভিজ্ঞতা ও প্রযুক্তিকে কাজে লাগাতে পারে। এজন্য তিনি বাংলাদেশের পানি বিশেষজ্ঞ এবং খাত সংশ্লিষ্ট কর্মকর্তাদেরচীনে গিয়ে উচ্চতর প্রশিক্ষণ নেয়ার আহ্বান জানান।

বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: হাসনাত আবদুল্লাহর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার শিকার প্রতিমন্ত্রী ইশরাক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০১:১০ পি.এম


মধুপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান। এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জল বৈরাগী, ডাঃ মোঃ নাহিদুল হক, ডাঃ বিশ্বজিৎ চন্দ্র দাস, মধুপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন,সহ-সভাপতি আঃ হামিদ, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান প্রমূখ।
সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের লক্ষ্য, কর্মপদ্ধতি এবং শিশুদের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়।
বক্তব্যে ডাঃ সাইদুর রহমান ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণে নির্ধারিত বয়সী সকল শিশুকে ক্যাম্পেইনের আওতায় আনার জন্য অভিভাবকদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামী ২৮ জুন দেশব্যাপী অনুষ্ঠিত হবে। সভায় ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
এসময় সাংবাদিক সহ হাসপাতালের বিভিন্ন ডাক্তার, নার্সগন উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলায় এত শক্তিশালী ভূমিকম্পের কারণ কী?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


ভেনেজুয়েলায় এত শক্তিশালী ভূমিকম্পের কারণ কী?

ভেনেজুয়েলা হলো একটি ভূকম্পন বেশি সক্রিয় এলাকা, যেখানে ক্যারিবীয় ও দক্ষিণ আমেরিকান এই দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থল বিদ্যমান।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অনুযায়ী, বুধবার (২৪ জুন) দিনটি দুইটি ভূমিকম্পের আঘাতের ঘটনার সাক্ষী। এর মধ্যে দ্বিতীয় ভূমিকম্পটি ছিল তুলনামূলকভাবে বড় এবং এটি ঘটেছে প্লেটগুলোর সীমান্তসংলগ্ন অঞ্চলে 'অগভীর স্ট্রাইক-স্লিপ ফল্টিং'-এর কারণে। এই তথ্য প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদন অনুসারে, এই পরিস্থিতিটি এমন, যেখানে ফল্ট বা প্লেটগুলোর মধ্যকার ফাটলগুলো অনুভূমিকভাবে গতিশীল হয়। যখন এই গতির প্রক্রিয়া দ্রুত ঘটে, তখন ভূমিকম্প তৈরি হয়।

ইউএসজিএস একটি বিবৃতি প্রকাশ করে বলেছে, আজকের এই দুটি ভূমিকম্প 'সম্ভবত একটি জটিল ভঙ্গুরতা-বিস্তার প্রক্রিয়ার ইঙ্গিত' দেয়।

তাছাড়া তারা আরো বলেছেন, পরবর্তীতে যে ধাক্কা বা আফটারশক আসতে পারে, তার মধ্যে 'কিছু ক্ষেত্রে শক্তিশালী কম্পনও থাকতে পারে', সেজন্য এখনো ঘটনার আশঙ্কা বিদ্যমান।

বিশেষজ্ঞরা ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সচেতন থাকতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে আহ্বান জানিয়েছেন।

বিবিসি জানিয়েছে, ভেনেজুয়েলায় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় এক মিনিটের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২, যার কেন্দ্র ছিল ইয়ারাকুয়ি অঙ্গরাজ্যের সান ফেলিপে। এর ৩৯ সেকেন্ড পর ঘটে আরও একটি শক্তিশালী ভূমিকম্প, যার মাত্রা ৭ দশমিক ৫ ছিল বলে জানান জিওলজিক্যাল সার্ভে। দ্বিতীয় ভূমিকম্পটির কেন্দ্র ভেনেজুয়েলার ইউমারে শহর থেকে প্রায় ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

ইউএসজিএস জানাচ্ছে, ভেনেজুয়েলায় ব্যাপক হতাহত এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা বিদ্যমান। দ্বিতীয় প্রধান ভূমিকম্পের পর ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা ৪৪ শতাংশ এবং এক লাখের বেশি মানুষ প্রাণ হারানোর আশঙ্কা ৩০ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিল দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


ব্রাজিল দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার

প্রায় তিন বছর অপেক্ষার পর অবশেষে ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরে এলেন নেইমার। সেই প্রত্যাবর্তনের দৃশ্যটি হয়ে উঠেছিল আবেগঘন এক মুহূর্ত।

ম্যাচের শুরুর আগে ব্রাজিলের বেঞ্চের সামনে ফটোগ্রাফারদের ভিড় লক্ষ্য করা যায়। তাদের নজর ছিল বিশেষভাবে এক ব্যক্তির দিকে—'নেইমার'। দীর্ঘ প্রতীক্ষার পরে তিনি আবার জাতীয় দলে ফিরছেন, যিনি ব্রাজিলের ইতিহাসের সর্বাধিক গোলদাতা।

অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এসে যায়। ম্যাচের ৭৫তম মিনিটে ম্যাথিউস কুনহার বদলি হিসেবে মাঠে প্রবেশ করেন নেইমার। ৯৮১ দিন পর আবারও দেখা যায় তাকে ব্রাজিলের জার্সিতে। সেই সময় ব্রাজিল ছিল ৩-০ গোলে এগিয়ে, ফলে দলের জয় অনেকটাই নিশ্চিত ছিল।

মাঠে নেমে যদিও বড় কোনো প্রভাব রাখতে পারছিলেন না, ম্যাচ শেষে ছিলেন আলোচনা কেন্দ্রে। শেষ বাঁশি বাজার পর নেইমার গ্যালারির দিকে এগিয়ে যান। সেখানে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হওয়ার পর তিনি আবেগ ধরে রাখতে পারেননি।

গ্যালারিতে উপস্থিত ছিলেন তার স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি, যিনি বর্তমানে তাদের সন্তানের অপেক্ষায় রয়েছেন। তাঁর বড় ছেলে ডেভি লুকাওও সেখানে ছিলেন। বাবার কাছে যেতে গিয়ে নিরাপত্তাকর্মীদের বাধার সম্মুখীন হলেও, পরে পরিস্থিতি পরিষ্কার হলে বাবা ও ছেলের আবেগঘন আলিঙ্গনে ফের পুরো স্টেডিয়াম আবেগাপ্লুত হয়ে ওঠে।

ম্যাচ শেষে নিজের অনুভূতি বর্ণনা করতে গিয়ে নেইমার বলেন, 'খেলার পর আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। পরিবারের সঙ্গে দেখা করার পর সবাই কাঁদছিল, হাসছিল, আনন্দ করছিল। এটা ছিল অসাধারণ এক অনুভূতি।'

জাতীয় দলে ফেরার স্বপ্ন পূরণ হওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেইমার বলেন, 'আমার লক্ষ্য ছিল বিশ্বকাপে খেলা এবং আবার ব্রাজিল দলে ফেরা। এই জার্সি পরতে আমি সবসময় ভালোবাসি। জাতীয় দলের হয়ে খেলাটা আমার জন্য বিশেষ কিছু।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাকচালককে হত্যা: পেছালো শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির দিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০১:২০ পি.এম


ট্রাকচালককে হত্যা: পেছালো শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির দিন

২০২৪ সালের জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরে মো. হোসেন নামে এক ট্রাকচালককে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন করার বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৬ জুলাই নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ জুন) শুনানি শেষে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালত এই তারিখটি নির্ধারণ করেন।

আসামিপক্ষের আইনজীবী গোলাম মঈনউদ্দীন চিশতী এই তথ্য নিশ্চিত করে জানান, মামলার অন্যান্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না, এজন্য রাষ্ট্রপক্ষ চার্জগঠন শুনানি পিছানোর জন্য সময়ের আবেদন করেন। বিচারক আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৬ জুলাই তারিখটি নির্ধারণ করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মোহাম্মদ হোসেন। তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন। গুলিবিদ্ধ হওয়ার সময় তিনি গাবতলীতে তার ট্রাক রেখে বাসায় ফিরছিলেন এবং ঘটনাস্থলে মারা যান। এই ঘটনার পর ২০২৪ সালের ৩১ আগস্ট নিহত ব্যক্তির মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলাটি করেন।

২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

মামলার অপর আসামিরা হলেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু, তোফায়েল সিদ্দিক ওরফে তুহিন, রহমান মিয়া ওরফে এ কে এম অহিদুর রহমান, পলাশ, ওলিউর রহমান, খলিলুর রহমান, ইমন, এস এম রিয়াজুল হক তামিম, মাসুদুর রহমান বিপ্লব, আব্দুস সাত্তার ভূইয়া ওরফে এম এ সাত্তার, পারভেজ ওরফে গোল্ডেন পারভেজ, সুমন মিয়া ওরফে কাইল্লা সুমন, মিলন হোসেন, সোহেল ওরফে ভূইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল, সলিম উল্লাহ সলু, ইরফান, মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামান, ফুরকান হোসেন, শাহজাহান খান, সাজ্জাদ হোসেন, ফারুক হোসেন অভি, নাইমুল হাসান রাসেল। বর্তমানে আসামিদের মধ্যে পলক, সাদেক, ফুরকান ও শাহজাহান কারাগারে আটক রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%