ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকান, মার্কেট ও বাণিজ্য মেলা


রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকান, মার্কেট ও বাণিজ্য মেলা

সরকার দেশের সকল শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত পুনরায় কার্যকর করার নির্দেশনা প্রদান করেছে। একই সঙ্গে, রাত ৮টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে ১৯ আগস্ট ২০২৬ তারিখে একটি স্মারক জারি করা হয়, যেখানে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

স্মারকে উল্লেখ করা হয়েছে, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ১২ আগস্ট ২০২৬ থেকে দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

এছাড়া, সকল প্রকার আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে এবং সকল ধরনের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে চলমান কিংবা অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে আবশ্যিকভাবে বন্ধ রাখতে হবে।

তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরি সেবাসংক্রান্ত প্রতিষ্ঠান এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

সরকারের এ সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়ন ও প্রতিপালনের জন্য দেশের সকল সিটি কর্পোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়া স্বাক্ষরিত স্মারকে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া, বিষয়টি অবগতির জন্য মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বিভিন্ন বিদ্যুৎ বিতরণকারী সংস্থা এবং দোকান মালিক সমিতির সংশ্লিষ্ট প্রতিনিধিদের কাছে অনুলিপি পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

'পিংক বাসে' ভ্রমণ করলেন নারী এমপিরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে গত ১৮ আগস্ট থেকে বিশেষ 'পিংক বাস' সার্ভিস চালু করা হয়েছে। বাসগুলো নারী চালক ও কন্ডাক্টর দ্বারা পরিচালিত হচ্ছে। সেই বাসে এবার নারী এমপিরা একসঙ্গে ভ্রমণ করেছেন।

রোববার (৩০ আগস্ট) অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (পাবনা-সিরাজগঞ্জ) এমপি তার ভেরিফায়েড ফেসবুক পেজে কিছু ছবি দিয়ে এই পোস্ট দেন তিনি।

পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! মাননীয় প্রধানমন্ত্রীর অবদান। ঢাকার রাজপথে নারীর জন‍্য বিশেষ পিংকবাস। নারী সংসদ সদস্যদের পিংকবাসে ভ্রমণ।’

এই পোস্টের সাঙ্গে কিছু ছবি যুক্ত করেছেন তিনি। তবে তারা কোন জায়গা থেকে কোথায় গেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু লেখেননি তিনি।

বিআরটিসির তথ্য অনুযায়ী, রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা সংযুক্ত করে এসব বাসের রুট নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ঢাকার ১০টি রুটে ১০টি বাস চলাচল করবে। এসব রুটে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বাসগুলো। এসব বাসের চালক ও কন্ডাক্টরও নারী। ঢাকাসহ বগুড়া ও চট্টগ্রামেও দুটি করে গোলাপি বাস চলাচল করবে।

ঢাকায় যেসব রুটে চলবে এসব ‘পিংক বাস’
নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল: এ রুটে চলাচলকারী বাসটি কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্যবাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন, গুলিস্তান ও মতিঝিল এলাকায় থামবে।

তালতলা-মতিঝিল: এ রুটের বাসটি তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় এলাকায় যাতায়াত করবে।

ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও: এ রুটে চলা গোলাপি বাসটি ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশেরপুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড় (সায়েদাবাদ), ওয়ারি (বলধা গার্ডেন), গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন এলাকায় যাত্রী পরিবহন করবে।

মিরপুর ১০-মতিঝিল: এ রুটের বাসে মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ, পল্টন ও মতিঝিল এলাকার যাত্রীরা চলাচল করতে পারবেন।

মিরপুর-মতিঝিল: এ রুটে মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান ও মতিঝিল এলাকায় যাত্রাবিরতি নির্ধারণ করা হয়েছে।

মিরপুর ১২-মতিঝিল: এ রুটে মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব, গুলিস্তান ও মতিঝিল এলাকায় বাস থামবে।

নারায়ণগঞ্জ-ঢাকা: এ রুটে চাষাঢ়া, শিবুমার্কেট, স্টেডিয়াম, জালকুড়ি, ভুইগড়, সাইনবোর্ড, রায়েরবাগ, শনির আখড়া, টিকাটুলি, গুলিস্তান ও মতিঝিল যাত্রাবিরতির স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে।

মোহাম্মদপুর-মতিঝিল: মোহাম্মদপুর, শঙ্কর, ধানমন্ডি-১৫, সিটি কলেজ, নিউমার্কেট, অ্যালিফ্যান্ট রোড, শাহবাগ, পল্টন, মতিঝিল, কমলাপুর রুটে যাত্রী পরিবহন করবে একটি বাস।

আব্দুল্লাহপুর-মতিঝিল: এই রুটের বাসটি আব্দুল্লাহপুর, আজমপুর, এয়ারপোর্ট, খিলক্ষেত, বিশ্বরোড, কুর্মিটোলা, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, গুলিস্তান, মতিঝিল রুটে চলাচল করবে।

গাজীপুর-বিমানবন্দর: গাজীপুর শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজ গেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর, আজমপুর, বিমানবন্দর রুটেও চলবে একটি বাস।

নারীদের জন্য নির্ধারিত এসব রুট রাজধানী ও আশপাশের এলাকার গুরুত্বপূর্ণ কর্মস্থল, আবাসিক এলাকা ও পরিবহন কেন্দ্রের সঙ্গে সংযোগ তৈরি করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

Posted by Facebook on Date:

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রেভিস ঝড়ে জিম্বাবুয়েকে হারালো দক্ষিণ আফ্রিকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


ব্রেভিস ঝড়ে জিম্বাবুয়েকে হারালো দক্ষিণ আফ্রিকা

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ : ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে হারলেও, নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

গতরাতে ডেওয়াল্ড ব্রেভিসের ঝড়ো ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে। স্বাগতিক নামিবিয়ার কাছে সিরিজের প্রথম ম্যাচে ১৮ রানে হেরেছিল প্রোটিয়ারা।

উইন্ডহুকে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩১ বলে ৪৫ রানের সূচনা করে জিম্বাবুয়ে। জুটিতে ১২ বলে ২৪ রান অবদান রেখে আউট হন বেন কারান।

দ্বিতীয় উইকেটে ডিওন মায়ার্সকে নিয়ে ৩১ রানের জুটি গড়েন আরেক ওপেনার ব্রায়ান বেনেট। দলীয় ৮০ রানের মধ্যে সাজঘরে ফেরেন বেনেট ও মায়ার্স। বেনেট ৩৪ এবং মায়ার্স ১৭ রানে ফিরেন।

এরপর মিডল অর্ডারে তিন ব্যাটার বড় ইনিংস খেলতে না পারলে, বড় সংগ্রহের পথ হারায় জিম্বাবুয়ে। শেষ দিকে তাদিওয়ানশে মারুমানির ১৩ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩০ রানের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রানের লড়াকু সংগ্রহ পায় জিম্বাবুয়ে।

দক্ষিণ আফ্রিকার ডুয়ান জানসেন ৪৫ রানে ৩ উইকেট নেন।

জবাবে ৬১ রানে দুই ওপেনারকে হারায় দক্ষিণ আফ্রিকা। সমান ১৩ বল করে খেলে লুহান ড্রি-প্রিটোরিয়াস ২২ এবং জর্ডান হারমান ২০ রান করেন।

তৃতীয় উইকেটে টনি ডি জর্জিকে নিয়ে ৩১ বলে ৪৬ এবং চতুর্থ উইকেটে রুবিন হারমানের সাথে ১৬ বলে অবিচ্ছিন্ন ৩৯ রান যোগ করে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন ব্রেভিস।

জর্জি ১৫ রানে আউট হলে, ব্রেভিসের সাথে ১১ রানে অপরাজিত থাকেন রুবিন।  

মাত্র ২৪ বলে টি-টোয়েন্টিতে তৃতীয় হাফ-সেঞ্চুরি করেন ব্রেভিস। ৭ চার ও ৬ ছক্কায় ২৩৪ স্ট্রাইক রেটে ৩২ বলে অপরাজিত ৭৫ রান করে ম্যাচ সেরা হন ব্রেভিস।

জিম্বাবুয়ের তিন বোলার ১টি করে উইকেট নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাটের চিমটিবিল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

নিহতের নাম সোহাগ মিয়া (২০)। তিনি চিমটিবিল সীমান্ত এলাকার শফিক মিয়ার ছেলে।

নিহতের চাচা আব্দুল কাদির জানান, সকালে সোহাগ সীমান্ত এলাকায় গরু রাখতে গেলে বিএসএফ অতর্কিতভাবে তার ওপর গুলি চালায়। খবর পেয়ে খোঁজাখুঁজি করে সীমান্ত এলাকা থেকে তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ঘটনাটি ভারতের অভ্যন্তরে ঘটেছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, যুবকের মরদেহ হাসপাতালে রয়েছে। নিহেতর সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থানার ভেতর ‘জয় বাংলা’ স্লোগান, আ. লীগ নেতার ৫ স্বজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


থানার ভেতর ‘জয় বাংলা’ স্লোগান, আ. লীগ নেতার ৫ স্বজন আটক

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার পুলিশ স্থানীয় কৃষক লীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে। আদালতে নেওয়ার সময় থানার ভেতরে আসামির স্বজনরা জয় বাংলা স্লোগান দেন।

 

রবিবার (৩০ আগস্ট) দুপুরে টঙ্গী পূর্ব থানায় এই ঘটনা ঘটে। পুলিশ গ্রেপ্তার আসামির পাঁচ স্বজনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে রয়েছেন টঙ্গীর মরকুন এলাকার আতিকুর রহমানের ছেলে মো. মাহদী হাসান (২৬), মৃত আব্দুর রউফের ছেলে হারুনর রশীদ (৩৪), মজিবুর রহমানের মেয়ে জহুরা বেগম (৫৫), মো. কাউছার আলীর মেয়ে শারমিন সুলতানা (৩৭) এবং মৃত শহীদ মিয়ার মেয়ে শাহিদা আক্তার (৩৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, টঙ্গী পূর্ব থানার পুলিশ গত রাতে অভিযান চালিয়ে টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আ. মতিনকে (৪৭) গ্রেপ্তার করে।

 

আজ দুপুরে আদালতে নেওয়ার সময় প্রিজনভ্যানে আসামিকে ওঠানোর সময় আসামির স্বজন ও সমর্থকদের মধ্যে কয়েকজন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা’ স্লোগান দেন। এরপর পুলিশ পাঁচজনকে আটক করে। এই ঘটনার পর টঙ্গী পূর্ব থানার এসআই হাবিবুর রহমান সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছেন। মামলায় আটক পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, দুজন পলাতক এবং ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

 

টঙ্গী পূর্ব থানার ওসি মাকসুদুল আলম কালের কণ্ঠকে জানিয়েছেন, থানার ভেতরে এই ধরনের স্লোগান আইনসিদ্ধ নয়। এই কারণে আটকদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%