ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মীরসরাইয়ে হাসপাতালের লাইনে দাঁড়িয়ে স্বর্ণালংকার চুরির চক্রের ৭ নারী গ্রেফতার, স্বর্ণ উদ্ধার


মীরসরাইয়ে হাসপাতালের লাইনে দাঁড়িয়ে স্বর্ণালংকার চুরির চক্রের ৭ নারী গ্রেফতার, স্বর্ণ উদ্ধার

চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ছদ্মবেশে লাইনে দাঁড়িয়ে অভিনব কায়দায় স্বর্ণালংকার চুরির সংঘবদ্ধ চক্রের ৭ জন নারী সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
রবিবার (২৫ অক্টোবর ২০২৬) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর টিকেট কাউন্টারে এই চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল অনুমান ১১টা ১০ মিনিটের দিকে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরের টিকেট কাউন্টরের সামনে সাধারণ চিকিৎসা সেবা প্রার্থীরা লাইনে দাঁড়িয়ে টিকেট নিচ্ছিলেন। এ সময় রোগী বা সেবাপ্রার্থীর ছদ্মবেশে ১০-১১ জন নারী লাইনে দাঁড়িয়ে ইচ্ছাকৃতভাবে ভিড় ও ঠেলাঠেলি শুরু করে। এই হট্টগোলের সুযোগে তারা চিকিৎসা নিতে আসা তিন নারীর গলায় পরিহিত ৩টি স্বর্ণের চেইন (ওজন অনুমান ১৭ আনা ২ রতি ১ পয়েন্ট) কেটে চুরি করে নিয়ে যায়।
ঘটনার তাৎক্ষণিক সংবাদ পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহায়তায় ৭ জন নারী চোরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৬ আনা ২ রতি ১ পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. আমেনা খাতুন (২৫), স্বামী- জুয়েল মিয়া, সাং- ধরমন্ডল (৮নং ওয়ার্ড), থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
২. সালমা প্রঃ তানিয়া বেগম (২৫), স্বামী- মোঃ আমির হোসেন, সাং- ধরমন্ডল (নিরাবদা পাড়া), থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
৩. অজুফা বেগম (২৫), স্বামী- মোঃ তোফাজ্জল হোসেন, সাং- ধরমন্ডল (নিরাবদা পাড়া), থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
৪. মোসাঃ হালিমা (৩০), স্বামী- মোঃ জুনাইদ, সাং- ধরমন্ডল (আগলা বাড়ী), থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
৫. মোছাঃ শানজিলা প্রঃ সাদিয়া (২৩), স্বামী- বাবু মিয়া, সাং- ধরমন্ডল (মোল্লা বাড়ী), থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
৬. তাহমিনা আক্তার (২০), স্বামী- মোঃ রাজু, সাং- ধরমন্ডল (৮নং ওয়ার্ড), থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
৭. আমিনা খাতুন (৩৬), স্বামী- ফজলুল হক, সাং- হাছন ফাতেমাপুর (বরকত উল্লাহ বাড়ী), মীরপুর ইউপি, থানা- জগন্নাথপুর, জেলা- সুনামগঞ্জ।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা একটি সংঘবদ্ধ ও পেশাদার স্বর্ণালংকার চোর চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন এলাকার মেলা, হাটবাজার ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের ভিড়কে কাজে লাগিয়ে সাধারণ মানুষের টাকা-পয়সা ও স্বর্ণালংকার চুরি করে জীবিকা নির্বাহ করে আসছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
এ ঘটনায় জোরারগঞ্জ থানায় দণ্ডবিধির ৩৭৯/৪১১/৩৪ ধারায় একটি নিয়মিত মামলা (নম্বর-২৫, তারিখ- ২৫/১০/২০২৬ খ্রি.) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে ৬ মাদক কারবারি সহ গ্রেফতার ২০

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


রাজশাহীতে ৬ মাদক কারবারি সহ গ্রেফতার ২০

 রাজশাহী নগরীতে পৃথক অভিযানে নারীসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসব অভিযানে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাও জব্দ করেছে পুলিশ। এদিকে, নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আরও ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, শনিবার (২৪ অক্টোবর) বিকাল সোয়া ৩টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ বড় পুকুরিয়া এলাকা থেকে ১০ বোতল এসকাফ সিরাপ সহ মোঃ কালু (৪৪) ও তাঁর স্ত্রী শরিফা বেগমকে (৪০) গ্রেফতার করে।
একই দিন সন্ধ্যায় চন্দ্রিমা থানা পুলিশ খড়খড়ি বাইপাস মোড় থেকে সাত পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১ হাজার ৮৩০ টাকা নুর ইসলামকে (৩৫) গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত সাতটি ও জুয়া আইনে একটি মামলা রয়েছে।
রাত সাড়ে ১০টার দিকে মেহেরচণ্ডী উত্তরপাড়া থেকে নয় পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ পাভেলকে (২৯) গ্রেফতার করা হয়। এদিন রাতে দুই পিস ইয়াবাসহ বোয়ালিয়া থানা পুলিশ রামচন্দ্রপুর বৌবাজার এলাকা থেকে শাহিন আলী ওরফে সদাকে (৩৫) গ্রেফতার করে। একই রাত সোয়া ১টার দিকে ডিবি পুলিশ মেহেরচণ্ডী কড়াইতলা এলাকা থেকে ১০পিস ইয়াবাসহ রবিউল ইসলাম মানিককে (৩০) গ্রেফতার করে। এছাড়া পৃথক অভিযানে গ্রেফতার ১৪ জনের মধ্যে সাতজন ওয়ারেন্টভুক্ত, চারজন মাদক মামলার আসামি এবং তিনজন অন্যান্য মামলার আসামি।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।
রবিবার সকালে সকল আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০ বছর পলাতক থাকার পর গ্রেফতার হলেন ১৪ বছরের সাজাপ্রাপ্ত হুমায়ূন কবির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


২০ বছর পলাতক থাকার পর গ্রেফতার হলেন ১৪ বছরের সাজাপ্রাপ্ত হুমায়ূন কবির

কুমিল্লার নাঙ্গলকোটে ১৪ বছরের সাজা থেকে বাঁচতে মো. হুমায়ূন কবির নামে এক ব্যক্তি ২০ বছর ধরে পালিয়ে ছিলেন; তবে তার শেষ রক্ষা হলো না।

শনিবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে ফেনীর পরশুরাম উপজেলার টেটেশ্বর বাজার থেকে পুলিশ ১৪ বছরের সাজাপ্রাপ্ত মো. হুমায়ূন কবিরকে গ্রেফতার করেছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে তাকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার হওয়া হুমায়ূন কবির নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বড়া ফুলগাঁও গ্রামের মরহুম আনু মিয়ার ছেলে।

নাঙ্গলকোট থানার এএসআই শাহাদাত হোসেন জানান, শনিবার রাত ১০টার দিকে এসআই সোহরাব হোসেনের নেতৃত্বে পরশুরাম থানা পুলিশের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে টেটেশ্বর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হুমায়ূন কবিরকে গ্রেফতার করে নাঙ্গলকোট থানায় নিয়ে আসা হয়।

তিনি আরো জানান, হুমায়ূন কবিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। দণ্ডবিধির ৩০৭ ও ৩২৬ ধারায় দায়ের করা দুটি মামলায় তিনি ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি। সাজা এড়াতে তিনি দীর্ঘ ২০ বছর ধরে বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ১৬ ডিসেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন সচিবালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন।

রোববার (২৫ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এই তথ্য প্রকাশিত হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এমপি’র সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি, মো. লুৎফুজ্জামান বাবর এমপি, শেখ মজিবুর রহমান ইকবাল এমপি, এম মঞ্জুরুল করিম রনি এমপি, মো. রুহুল আমিন এমপি এবং মো. তাজউদ্দীন খান এমপি। বৈঠকের শুরুতে প্রথম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। এরপর মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রথম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি বিস্তারিত উপস্থাপন করা হয়।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরস্থানের মূল অবকাঠামো পুনঃনির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার সুপারিশ করা হয়। তদসংলগ্ন উদ্যান/প্রাঙ্গণের অসমাপ্ত সৌন্দর্যবর্ধন ও পরিস্কার পরিচ্ছন্নতার কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। কমিটির গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে জানানো হয় যে, কবরস্থানের মূল অবকাঠামো পুনঃনির্মাণের কাজ দ্রুত সম্পাদনের লক্ষ্যে বিবিধ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ডিসেম্বর মাসের মধ্যে এ কাজ সম্পাদন করা সম্ভব হবে।

এছাড়া, সরকারি ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের জন্য সরকারি অবকাঠামোতে রুফটপ সোলার পিপি-এর মাধ্যমে পরিচ্ছন্ন জ্বালানি প্রাপ্তি বৃদ্ধি শীর্ষক প্রকল্পের ডিপিপি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে। এই রুফটপ সোলার প্যানেলের মাধ্যমে ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। সংশ্লিষ্ট ভবনসমূহে ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা সম্ভব হবে বলে জানানো হয়। সভায় জানানো হয় যে, আগামী ১৬ ডিসেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করার লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে।

জাতীয় সংসদ ভবন কেন্দ্রিক গণপূর্ত অধিদপ্তর চলতি বছরে সম্পন্ন করা সকল পূর্ত কাজের বিস্তারিত উপস্থাপন করা হয়। জাতীয় সংসদের যথাযথ রক্ষণাবেক্ষণ, পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মহান সংসদের যথাযথ ভাবগাম্ভীর্য বজায় রাখার লক্ষ্যে সর্বোচ্চ গুরুত্বসহকারে সংশ্লিষ্টদের কাজ করার নির্দেশনা প্রদান করা হয়। সভায় জানানো হয়, গত ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গুলশান আবাসিক এলাকা, বনানী আবাসিক এলাকা, উত্তরা আবাসিক এলাকা, পূর্বাচল নতুন শহর প্রকল্প এবং ঝিলমিল আবাসিক এলাকায় রাজনৈতিক বিবেচনায় মোট ১৪১৩টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে সর্বাধিক ৯৪৪টি বরাদ্দ দেওয়া হয়েছে পূর্বাচল নতুন শহর প্রকল্পে।

রাজউক কর্তৃক এ সময়ে প্লটসমূহ বরাদ্দের ক্ষেত্রে কোনো অনিয়ম/বিধি বহির্ভূত কাজ হয়েছে কিনা সে বিষয়ে প্রতিবেদন দাখিলের নিমিত্ত হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশনের রুল অনুযায়ী গঠিত কমিটি রাজউকের বিভিন্ন প্রকল্পে বরাদ্দকৃত প্লটের নথিপত্র যাচাই বাছাই করে প্রতিবেদন মন্ত্রণালয়ে প্রেরণ করে। এ পর্যন্ত পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৮৭৪টি এবং ঝিলমিল আবাসিক এলাকায় ২০০টি প্লটের অনিয়ম সংক্রান্ত প্রতিবেদন পাওয়া গিয়েছে। বর্ণিত প্লটগুলোর নথির কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে বলে সভায় জানানো হয়।

রাজনৈতিক বিবেচনা এবং অনিয়মের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার বিবেচনাপূর্বক এসকল বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মর্মে সভায় আলোচনা হয়। বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব; মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ মন্ত্রণালয়ের অধীনস্ত দপ্তর সংস্থাসমূহের প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফার্নান্দেসকে বেঞ্চে বসিয়ে কঠোর বার্তা দিলেন কারিক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


ফার্নান্দেসকে বেঞ্চে বসিয়ে কঠোর বার্তা দিলেন কারিক

ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসকে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বোর্নমাউথের বিরুদ্ধে একাদশে রাখেননি কোচ মাইকেল কারিক। কোমোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে দলের কৌশলের সমালোচনা করার পর ফার্নান্দেসকে বেঞ্চে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কারিক জানিয়েছেন, এই সিদ্ধান্তের সঙ্গে ফার্নান্দেসের মন্তব্যের কোনো সম্পর্ক নেই; এটি তাঁর ভাষায়, ‘খাঁটি ফুটবল’-সংক্রান্ত সিদ্ধান্ত।

ম্যানচেস্টার ইউনাইটেড কোমোর কাছে ১-৪ গোলের হারের পর ফার্নান্দেস প্রকাশ্যে দলের চাপ প্রয়োগের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি উল্লেখ করেছিলেন, দলকে আরও সাহসী হয়ে প্রতিপক্ষের ওপর উঁচু থেকে চাপ তৈরি করতে হবে। কারিক তখন তাঁর মন্তব্যের প্রেক্ষিতে কোনো সিদ্ধান্তের কথা জানাননি। বরং তিনি বলেছিলেন, ক্লাবের স্বার্থে যা ভালো মনে হবে, সেটিই করবেন।

ফার্নান্দেসের মাঠের সাম্প্রতিক পরিসংখ্যানও তাঁর একাদশ থেকে বাদ পড়ার সিদ্ধান্তকে কিছুটা ব্যাখ্যা করছে। গত মৌসুমে প্রতি ৯০ মিনিটে সতীর্থদের জন্য ৩.৯৯টি সুযোগ তৈরি করেছিলেন তিনি, যা চলতি মৌসুমে ২.২৯-এ নেমে এসেছে। একই সময়ে তাঁর সহায়তা প্রতি ৯০ মিনিটে ০.৬২ থেকে কমে ০.১৪ হয়েছে। প্রত্যাশিত সহায়তার হারও ০.৩৬ থেকে কমে ০.২১ হয়েছে। সবচেয়ে বড় পতন দেখা গেছে বড় সুযোগ তৈরিতে—গত মৌসুমে প্রতি ৯০ মিনিটে ০.৯৭টি বড় সুযোগ তৈরি করলেও চলতি মৌসুমে সেই সংখ্যা মাত্র ০.১৪।

গত মৌসুমে ফার্নান্দেস প্রতি ৯৩ মিনিটে একটি করে বড় সুযোগ তৈরি করেছিলেন। অথচ চলতি মৌসুমে ইংলিশ শীর্ষ স্তরে প্রায় সাড়ে ১০ ঘণ্টা খেলার পর তাঁর তৈরি বড় সুযোগের সংখ্যা মাত্র একটি। বল এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পাসও প্রতি ৯০ মিনিটে ১৬.৮ থেকে কমে ১৪.১ হয়েছে।

গোলের দিক থেকেও ইউনাইটেড অধিনায়ক খুব একটা স্বস্তিতে নেই। চলতি মৌসুমে মাত্র দুটি ম্যাচে গোল করেছেন তিনি—ইপ্সউইচ টাউনের বিপক্ষে হ্যাটট্রিক এবং আজারবাইজানের সাবাহর বিপক্ষে ৪-০ ব্যবধানের জয়ে একটি গোল। তবে কারিকের দৃষ্টিতে সবচেয়ে বড় সমস্যা বল পায়ে নয়, বরং বলের বাইরে ফার্নান্দেসের ভূমিকা। কোমোর বিপক্ষে দলের নির্দিষ্ট কৌশল অনুযায়ী প্রতিপক্ষকে একের বিপরীতে এক চাপ প্রয়োগ না করার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপরও ফার্নান্দেস এককভাবে সামনে চাপ দিতে গিয়ে অনেকটা দৌড়েছেন, কিন্তু কার্যকরভাবে বল পুনরুদ্ধারের সুযোগ তৈরি করতে পারেননি।

কারিকও এ বিষয়টি তুলে ধরে বলেছেন, দ্বিতীয়ার্ধে দল যখন আংশিকভাবে একের বিপরীতে এক চাপ প্রয়োগ করেছিল, তখন সেখান থেকেই একটি গোল হজম করতে হয়েছিল। ফলে ফার্নান্দেসের প্রকাশ্য সমালোচনা, মাঠের সাম্প্রতিক পারফরম্যান্স এবং দলের কৌশলের মধ্যে তৈরি হওয়া টানাপোড়েন এখন ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যতম আলোচিত বিষয়। বোর্নমাউথের বিপক্ষে তাঁকে বেঞ্চে রাখার সিদ্ধান্ত তাই শুধু শাস্তিমূলক পদক্ষেপ কি না, নাকি পুরোপুরিই মাঠের পারফরম্যান্সভিত্তিক—সেটিই এখন আলোচনার কেন্দ্রে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%