০৯:৪৪ এম
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের কেন্দ্রস্থলে অবস্থিত একটি নির্মাণাধীন বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ফলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। কয়েক ঘণ্টা ব্যাপী চলা শ্বাসরুদ্ধকর অভিযান শেষে ভবনের লিফট শ্যাফটের ভেতর আটকে থাকা একটি লিফট থেকে ওই মরদেহগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার (১৪ জুলাই) এই তথ্য নিশ্চিত করে।
স্থানীয় সময় সকাল ৮টার দিকে শহরের ঐতিহাসিক গ্র্যান্ড প্লেস চত্বরের নিকটে অবস্থিত ‘অক্সি টাওয়ার’ নামের নির্মাণাধীন ভবনটিতে আগুন লাগে। দমকলকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও, এর মধ্যে ধোঁয়া ও আগুন লিফটের শ্যাফট (সুড়ঙ্গ) পর্যন্ত ছড়িয়ে পড়ে। দুইটি লিফট সেখানে আটকে যায়।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
পরে উদ্ধারকর্মীরা একটি লিফট জোরপূর্বক খুলে নিখোঁজ ছয়জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
ব্রাসেলস শ্রম প্রসিকিউটর অফিসের মুখপাত্র ব্রেখট স্পেইব্রুক জানান, উদ্ধার হওয়া ছয়জন সম্ভবত আগে থেকেই নিখোঁজ থাকা ব্যক্তিরা হতে পারেন। যদিও অন্য লিফটে অথবা ভবনের অন্য কোথাও আরও কেউ আটকে আছেন কি না, সেই বিষয়টি এখন খতিয়ে দেখা হচ্ছে। এই দুর্ঘটনায় গুরুতর দগ্ধ দুইজন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া উদ্ধারকাজ চলাকালীন সময়ে প্রচণ্ড তাপে অসুস্থ হয়ে পড়া এক দমকলকর্মীকে ঘটনাস্থলে মেডিকেল সেবা প্রদান করা হয়েছে।
ভয়াবহ এই দুর্ঘটনার খবর পেয়ে বেলজিয়ামের রাজা ফিলিপ এবং দেশের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান। উদ্ধারকর্মীদের সাহসিকতা ও কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন ব্রাসেলসের মেয়র ফিলিপ ক্লোজ। তবে ভবনটিতে কিভাবে আগুন লেগেছে, সে সম্পর্কে তথ্য এখনও পরিষ্কার নয়। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
উল্লেখ্য, নির্মাণাধীন অক্সি টাওয়ারটিতে ফ্ল্যাট, হোটেল, রেস্টুরেন্ট ও বার তৈরির কাজ চলছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন