ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

রাজশাহী সুগার মিল উত্তরবঙ্গের কৃষি অর্থনীতির চালিকা শক্তি: এমপি মিলন


রাজশাহী সুগার মিল উত্তরবঙ্গের কৃষি অর্থনীতির চালিকা শক্তি: এমপি মিলন

রাজশাহী, ১৩ নভেম্বর, ২০২৬ : রাজশাহী সুগার মিল উত্তরবঙ্গের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এই চিনিকলকে লাভজনক ও টেকসই করার জন্য আখের উৎপাদন বৃদ্ধি এবং কারখানার কারিগরি দক্ষতা নিশ্চিত করা আবশ্যক। কৃষক, শ্রমিক এবং চিনিকলের স্বার্থ রক্ষায় সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলন।

আজ বিকেলে রাজশাহী সুগার মিলস লিমিটেডের ২০২৬-২৭ অর্থবছরের ৬২তম আখমাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব মন্তব্য করেন। উৎসবমুখর পরিবেশে রাচিক কেইন কেরিয়ার প্রাঙ্গণে ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন এমপি মিলন। চলতি মৌসুমে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৭শ’ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ।

এমপি মিলন বলেন, রাজশাহী বিভাগের ভারী শিল্প হিসেবে পরিচিত এই চিনিকল উত্তরবঙ্গের কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। চিনিশিল্পকে লাভজনক ও টেকসই করতে হলে কাঁচামাল অর্থাৎ আখের উৎপাদন বৃদ্ধি এবং মিলের কারিগরি দক্ষতা নিশ্চিত করার বিকল্প নেই। এই শিল্পের সঙ্গে জড়িত হাজারো কৃষক, শ্রমিক ও তাদের পরিবারের জীবন-জীবিকা। তাই চিনিকলের উন্নয়নের পাশাপাশি সংশ্লিষ্ট সবার স্বার্থ রক্ষা করা অত্যন্ত জরুরি।

আরও পড়ুন: হুইপ অপুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘শেষ কাতারের সৈনিক’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা দেশপ্রেমিক নেতা তারেক রহমানের নির্দেশে কাজ করি। আমরা কোনো জেল-জুলুম, ফাঁসি বা মৃত্যুকে ভয় পাই না।’

রাজশাহী সুগার মিল কর্তৃপক্ষ জানায়, ২০২৫-২৬ রোপণ মৌসুমে মিলের অধীনে ৫ হাজার ৬১৯ জন নিবন্ধিত আখচাষী মোট ৫ হাজার ৫৪৪ একর জমিতে আখ আবাদ করেছেন। তাদের উৎপাদিত আখ দিয়ে চলতি মৌসুমের মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হলে দেশের অর্থনীতিতে চিনি উৎপাদন গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাছুমা আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মো. মুজিবুর রহমান, যুগ্মসচিব মো. সাইফুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বেলায়েত হোসেন এবং পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন।

পরে আখচাষীদের হাতে পুরস্কার তুলে দেন মাছুমা আক্তার জাহান। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এতে চিনিকলের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক ও স্থানীয় আখচাষীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: হিলিতে হাতকড়াসহ আসামির পলায়ন, ১৪ ঘণ্টা পর জয়পুরহাটে গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের দিশাহারা পরিস্থিতি দিন দিন বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


চীনের দিশাহারা পরিস্থিতি দিন দিন বাড়ছে

বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ চীন বর্তমানে একটি গভীর জনসংখ্যাগত সংকটের দিকে ধাবিত হচ্ছে। বৃদ্ধ মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে, জন্মহার কমে যাচ্ছে এবং তরুণদের মধ্যে বিয়ের প্রতি অনাগ্রহ দেশটির ভবিষ্যৎ অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠেছে। রাজনৈতিক স্থবিরতা এবং প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ক্রমবর্ধমান একক নেতৃত্বও এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

চীনবিষয়ক গবেষক কার্ল মিনজনার এসব পরিস্থিতির সম্মিলিত প্রভাব সম্পর্কে সতর্ক করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, মধ্য একবিংশ শতাব্দীতে চীন আরও দুর্বল, অনমনীয় ও ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হতে পারে। ‘ফরেন অ্যাফেয়ার্স’ সাময়িকীতে প্রকাশিত ‘চায়নাস লং টোয়াইলাইট’ শীর্ষক প্রবন্ধে তিনি বলেন, ২০২১ সালে চীনের জনসংখ্যা প্রায় ১৪০ কোটিতে পৌঁছায় এবং এরপর থেকে এটি কমতে শুরু করে। বর্তমানে প্রতিবছর দেশটির জনসংখ্যা ৩০ থেকে ৪০ লাখ করে কমছে, যা লস অ্যাঞ্জেলেস শহরের জনসংখ্যা হারানোর সমান।

মিনজনারের পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে চীনের মানুষের মধ্যম বয়স ৫০ বছরে পৌঁছাতে পারে। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি। শতাব্দীর মাঝামাঝি নাগাদ এ হার বেড়ে ৩০ শতাংশ হতে পারে, এবং শতাব্দীর শেষভাগে তা ৪০ থেকে ৫০ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

চীনের জন্মহার কমে যাওয়ার পেছনে কয়েকটি কারণ তুলে ধরেছেন মিনজনার। সন্তান লালন-পালনের ব্যয় বৃদ্ধি, নারীদের কর্মজীবনের আকাঙ্ক্ষা, বিয়েতে অনাগ্রহ এবং রক্ষণশীল সামাজিক কাঠামো এর মধ্যে অন্যতম। পূর্ব এশিয়ার দেশগুলোতে বিয়ের বাইরে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা খুব কম, ফলে তরুণদের বিয়ের হার কমে যাওয়ায় জন্মহার আরও নিচে নেমেছে।

১৯৮০-এর দশকে চীন এক সন্তান নীতি চালু করে। পরে ২০১৬ সালে দুই সন্তান এবং ২০২১ সালে সন্তান জন্মদানে উৎসাহ দিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। মাতৃত্বকালীন ছুটি, শিশু পরিচর্যাকেন্দ্র ও আর্থিক প্রণোদনা চালু করেও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।

মিনজনারের মতে, সমস্যার বড় অংশ হলো রাজনৈতিক নেতৃত্বের বাস্তবতা অনুধাবনে ব্যর্থতা। তরুণদের কর্মসংস্থান, আবাসন ব্যয় ও নারীদের সামাজিক অবস্থানের মতো বিষয়গুলো সমাধানের বদলে সরকার অনেক ক্ষেত্রে জাতীয়তাবাদ ও রক্ষণশীল পারিবারিক মূল্যবোধকে উৎসাহিত করছে।

তিনি আরো বলেন, জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান অভিবাসী শ্রমিক এনে বয়স্ক মানুষের পরিচর্যা ও শ্রমিকসংকট মোকাবেলার চেষ্টা করছে। কিন্তু চীনে বিদেশি অভিবাসী গ্রহণের ক্ষেত্রে সামাজিক ও রাজনৈতিক বাধা রয়েছে। শহর ও গ্রামের মানুষের পেনশন ও স্বাস্থ্যসেবায় ব্যাপক বৈষম্যও লক্ষ্য করা যাচ্ছে।

মিনজনারের আশঙ্কা, জনসংখ্যা সংকট ও রাজনৈতিক স্থবিরতা একসঙ্গে চীনের সামাজিক অসন্তোষ বাড়াতে পারে। এর ফলে দেশটির বৈদেশিক নীতি ও কমিউনিস্ট পার্টির ক্ষমতার স্থায়িত্বে প্রভাব পড়তে পারে। তিনি যুক্তরাষ্ট্রকেও সতর্ক করে বলেছেন, অভিবাসনবিরোধী ও আত্মকেন্দ্রিক নীতি গ্রহণ করলে একই ধরনের জনসংখ্যাগত সংকট দেশটির জন্যও আরো জটিল হয়ে উঠতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে ইউএনওর উদ্যোগে দুই বাল্যবিবাহ বন্ধ, পরিবারকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


বরিশালে ইউএনওর উদ্যোগে দুই বাল্যবিবাহ বন্ধ, পরিবারকে জরিমানা

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে নবম শ্রেণির দুই ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করে বিয়ে দুটি বন্ধ করা হয়। এ ঘটনার জন্য দুই ছাত্রীর পরিবারের সদস্যদের জরিমানা করা হয়েছে।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার রাজিহার গ্রামের আব্দুর রহমানের কন্যা ও রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রিমা মনিরের বিয়ের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে ইউএনও নিরুপম মজুমদার আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) আল আমীন খালাসি, গ্রামপুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বাল্যবিবাহটি বন্ধ করেন।

তথ্য গোপন করে ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরি এবং বাল্যবিবাহের আয়োজন করার অভিযোগে রিমার বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, বিয়ের জন্য প্রস্তুত করা খাবার নিকটবর্তী একটি এতিমখানায় দেওয়ার নির্দেশনা ইউএনও প্রদান করেন।

অন্যদিকে, উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের আবু কালাম মাতুব্বরের পুত্র শওকত মাতুব্বরের সঙ্গে একই উপজেলার ইউছুফ মিয়ার কন্যা ও রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তারের (১৫) বিয়ের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে ইউএনও পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান। পরে সেখানে ছেলের ভাই আল-আমিন মাতুব্বর ও মেয়ের নানিকে পাওয়া যায়। তাদের ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার মন্তব্য করেন, "বাল্যবিবাহ এক ধরনের অভিশাপ। এটি প্রতিরোধে নিয়মিত নজরদারি ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদার করা হয়েছে। বাল্যবিবাহের সঙ্গে কোনো আপস নেই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু, জামায়াতের শোক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু, জামায়াতের শোক

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরা অঞ্চলে ঘটে যাওয়া একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু এবং ৩০ জনের আহত হওয়ার ঘটনা নিয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার তিনি গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে এই শোক প্রকাশ করেন।

শোকবাণীতে মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, সড়ক দুর্ঘটনায় এত বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। তিনি বলেন, "আমি এ দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।" একই সঙ্গে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানের সঙ্গে আপস নয়, কাজ শেষের নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


মানের সঙ্গে আপস নয়, কাজ শেষের নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট সিটি করপোরেশনের (সিসিক) চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। আজ শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার ও উন্নয়নকাজ পরিদর্শন করেন তিনি।

মন্ত্রী সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৩১ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় যান। সেখানে আরসিসি পদ্ধতিতে চলমান সড়ক উন্নয়নকাজের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের দ্রুত কাজ শেষ করার নির্দেশনা প্রদান করেন।

মন্ত্রী এসময় বলেন, "সরকারি উন্নয়নকাজে কোনোভাবেই গুণগত মানের সঙ্গে আপস করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে হবে।" নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে উন্নয়নকাজ দ্রুত শেষ করার ওপরও গুরুত্ব দেন তিনি।

পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী নগরীর উন্নয়নকাজের অগ্রগতি ও গুণগত মান বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এসময় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরীর সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং নগরীর সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে সিটি করপোরেশনের নেওয়া উদ্যোগ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রজি উদ্দিন খান ও শামসুল হক পাটোয়ারী, সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%