১১:৫৩ এম
কাতার কর্তৃক উপহার দেওয়া একটি উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ উন্মোচন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শুক্রবার (১৯ জুন) মার্কিন বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ ক্ষমতা ও সুরক্ষাযুক্ত নতুন ‘ভিসি-২৫বি ব্রিজ’ উড়োজাহাজটি প্রেসিডেন্সিয়াল এয়ারলিফট গ্রুপের কাছে সফলভাবে হস্তান্তর করা হয়েছে। উড়োজাহাজটি এখন প্রাথমিক পরীক্ষামূলক উড্ডয়ন শুরু করবে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, প্রায় ৪০ কোটি ডলার মূল্যের এই বিলাসবহুল জেটটির প্রয়োজনীয় পরিবর্তন এবং আধুনিকায়নের কাজ সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
শুক্রবার জয়েন্ট বেস অ্যান্ড্রুজে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প উল্লেখ করেন, ‘এই বিমানটিকে এমন এক উড়ন্ত হোয়াইট হাউসে রূপান্তর করা হয়েছে, যার বিলাসিতা আগে কেউ দেখেনি।’
কাতারকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘এটি সত্যিই একটি সম্মানের বিষয়। এ জন্য আমি কাতারের আমিরকে ধন্যবাদ জানাই।’
মার্কিন বিমানবাহিনী জানায়, বিমানটি প্রেসিডেন্টের যাতায়াতে ব্যবহারের আগে পরীক্ষামূলক উড্ডয়ন অথবা কমিশনিং ফ্লাইট সম্পন্ন করবে। এসব পরীক্ষার মাধ্যমে বিমানটির নতুন সংযোজন এবং পরিবর্তনগুলো যাচাই করা হবে।
বিমানটিতে নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ যোগাযোগ প্রযুক্তি, লজিস্টিক সহায়তা এবং আধুনিক প্রযুক্তিগত সক্ষমতায় বড় ধরনের উন্নয়ন আনা হয়েছে। বিমানবাহিনীর দাবি, পূর্বে ব্যবহৃত এই বিমানে সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা ঝুঁকি দূর করা হয়েছে।
আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা
বিমানের অভ্যন্তরীণ নকশায় খুব বেশি পরিবর্তন আনা হয়নি। তবে এর বাইরের অংশে নতুনভাবে লাল, সাদা, নীল এবং সোনালি রঙের আকর্ষণীয় নকশা করা হয়েছে।
২০২৫ সালের মে মাসে কাতারের রাজপরিবার এই বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮ বিমানটি মার্কিন প্রতিরক্ষা দফতরকে উপহার দেয়, যাতে এটি প্রেসিডেন্টের সরকারি বিমান বহরে ব্যবহার করা যায়।
তবে বিমানটি উপহার হিসেবে গ্রহণের বিষয়টি প্রকাশ্যে আসার পর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। ট্রাম্পের কিছু সমর্থকসহ বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠে যে, এত মূল্যবান উপহার গ্রহণ স্বার্থের সংঘাত তৈরি করতে পারে এবং এটি সাংবিধানিক প্রশ্নও উত্থাপন করতে পারে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুযায়ী, সরকারি কর্মকর্তারা ৪৮০ ডলারের বেশি মূল্যের উপহার গ্রহণ করতে পারেন না, তবে হোয়াইট হাউস দাবি করেছে, বিমানটি গ্রহণ সম্পূর্ণ বৈধ। পাশাপাশি ট্রাম্পের মেয়াদ শেষে এটি তার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে হস্তান্তর করা হবে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন