০৭:০৭ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে মন্তব্য করেছেন যে, বিগত দেড় দশকের স্বৈরাচারী শাসনামলে দেশের স্বাস্থ্য খাতকে ধ্বংস করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে জনগণকে একটি বিশেষ দেশে গিয়ে চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছিল। তিনি দেশের শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রধান ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের সরকারের পরিকল্পনার কথাও ঘোষণা করেছেন।
সোমবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা জানান। তিনি উল্লেখ করেন, এক যুগেরও বেশি সময় ধরে চলা স্বৈরাচারের দুঃসহ শাসনে দেশের জ্বালানি খাতকে বিদেশের ওপর নির্ভরশীল করে ফেলা হয়েছিল। দেশের খনিজ সম্পদ জনগণের স্বার্থে কাজে লাগানোর পরিবর্তে সবকিছুকে আমদানি-নির্ভর করে তোলা হয়েছিল। এমনকি পরিকল্পিত নীতির মাধ্যমে দেশীয় শিল্পের স্বাভাবিক বিকাশও রুদ্ধ করা হয়েছিল।
স্বাস্থ্য খাতের ধ্বংসের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারের সময়ে চিকিৎসাব্যবস্থাকে ধীরে ধীরে ধ্বংস করা হয়েছে। গণতান্ত্রিক সরকারের সময়ে গ্রামীণ স্বাস্থ্যসেবার যে কাঠামো গড়ে উঠেছিল, তা স্বৈরাচারের সময়ে ধ্বংস করে দেওয়া হয়। এই খাতটিকে এমনভাবে ধ্বংস করা হয়েছিল, যেন দেশের মানুষকে বাধ্য হয়ে একটি বিশেষ দেশে গিয়ে চিকিৎসা নিতে হয়। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, কিছুদিন আগে সংসদে বিরোধীদলীয় নেতাও চিকিৎসাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
আরও পড়ুন: বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান
বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং প্রতিটি শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বাস্থ্যসেবায় নতুন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি সংসদকে অবহিত করে বলেন, দেশের শ্রমজীবী মানুষের উন্নত চিকিৎসার জন্য সরকার প্রাথমিক পর্যায়ে প্রধান ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যার ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে।
প্রধানমন্ত্রী শিল্পাঞ্চলগুলোর নাম উল্লেখ করে জানান, প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার এবং চট্টগ্রামে এই হাসপাতালগুলো নির্মাণ করা হবে। এই হাসপাতালগুলো শুধুমাত্র শ্রমিকদের চিকিৎসা সেবায় নিয়োজিত থাকবে এবং সেভাবেই এগুলোর অবকাঠামো ও নামকরণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন