০১:০৫ পি.এম
ঢাকার নবাবগঞ্জ থানা এলাকায় ২৪ বছর আগে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে আদালত তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন। এ ছাড়া প্রত্যেকের এক লাখ টাকা করে জরিমানা এবং অনদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। যে তিনজন যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন তারা হলেন– সুজন, জুলহাস ও মাহাম্মদ।
বিচারক তার রায়ে উল্লেখ করেন, আসামিদের স্থাবর/অস্থাবর সম্পত্তি বিক্রয় করে জরিমানার টাকা আদায় করে ভিকটিম অথবা তার পরিবারের কাছে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেট বা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম (জর্জ) এ তথ্য নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আদালতে আসামি সুজন ও মাহাম্মদ উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের সাজাপ্রাপ্তির পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জুলহাস পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায় যে, ২০০২ সালের ২২ মার্চ রাত ৮ টায় ভিকটিমের ৮ বছর বয়সী ফুপাতো বোন প্রকৃতির ডাকে সাড়া দিতে চাইলে ভিকটিম তাকে নিয়ে যায় তার বসত বাড়ির পেছনে পাট কাঠির বেড়ার টয়লেটে।
ফুপাতো বোনকে টয়লেটে বসানো অবস্থায় আসামি সুজন পেছন দিক থেকে ভিকটিমকে জড়িয়ে ধরে মুখ চেপে ধরে বাড়ির পেছনে উত্তর দিকে নিয়ে যায়। সেখানে আসামি জুলহাস ও মাহাম্মদ আগে থেকেই অবস্থান করছিলেন। তারা ভিকটিমকে ভয় দেখিয়ে সোনাপুর সার্কিনস্থ গরবাকান্দার বর্মিজ উদ্দিনের বোরো ধান ক্ষেতে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং পরে ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দিয়ে চলে যায়। ওই ঘটনায় ভিকটিম নবাবগঞ্জ থানায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে একই বছরের ১৮ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানা উপপরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ। এরপর ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ প্রদান করে। মামলাটি বিচারকালীন সময় ৭ জনের সাক্ষ্যগ্রহণও করেন ট্রাইব্যুনাল।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন