০৪:৪২ পি.এম
নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে মো. আতাউর রহমান খান যোগদান করেছেন। এর পূর্বে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন। গত ২৫ মে তিনি সরকারের সচিব পদে পদোন্নতি লাভ করেন।
মো. আতাউর রহমান খান বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৮তম ব্যাচের কর্মকর্তা। ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পরিকল্পনা মন্ত্রণালয়ে যোগদানের মাধ্যমে তার সরকারি কর্মজীবন শুরু হয়। দীর্ঘ কর্মজীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।
তার কর্মজীবনের উল্লেখযোগ্য দায়িত্বগুলোর মধ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি), ভৌত অবকাঠামো বিভাগ, শিল্প ও জ্বালানি বিভাগ এবং বাংলাদেশ পরিকল্পনা কমিশনের প্রোগ্রামিং বিভাগে কাজ করা অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগে দায়িত্ব পালনকালে তিনি দেশের ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি তিনি বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেডের (বিডিসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও কাজ করেছেন। এই সময় তিনি দেশের ডিজিটাল অবকাঠামো ও ডেটা সেন্টার সেবার উন্নয়নে কৌশলগত নেতৃত্ব প্রদান করেন।
সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি আতাউর রহমান খান দেশে ও বিদেশে বিভিন্ন বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ইতালি, জার্মানি, নেদারল্যান্ডস, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ নিয়েছেন। সরকারি বিনিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনা, আলোচনা ও সমঝোতার কৌশল, আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মানদণ্ড (আইএফআরএস), বৈদেশিক বাণিজ্য উন্নয়ন, ডিজিটাল যুগে নীতিনির্ধারণ এবং উন্নয়ন প্রকল্পের আর্থিক ও অর্থনৈতিক মূল্যায়ন ছিল এসব প্রশিক্ষণের উল্লেখযোগ্য বিষয়।
শিক্ষাজীবনে আতাউর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর—উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। পরে তিনি জাপানের ন্যাশনাল গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ (গ্রিপস) থেকে জাপান-এশীয় উন্নয়ন ব্যাংকের যৌথ বৃত্তি কর্মসূচির আওতায় পাবলিক পলিসিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। যুক্তরাজ্যের লিভারপুল হোপ ইউনিভার্সিটি থেকে পরিবেশ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন তিনি। এ ছাড়া ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) সম্পন্ন করেছেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব পালনকালে দেশের নৌপরিবহন খাতের উন্নয়ন, সমুদ্র ও নৌবন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং নৌপথের কার্যকর ব্যবস্থাপনাকে গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আতাউর রহমান খান। তিনি নিরাপদ, আধুনিক ও দক্ষ নৌপরিবহন ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের কার্যক্রম আরো গতিশীল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও জানিয়েছেন।
আরও পড়ুন: হাসনাত আবদুল্লাহর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার শিকার প্রতিমন্ত্রী ইশরাক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন