০৯:৪৪ পি.এম
বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। এরই মধ্যে প্রিয় দলকে ঘিরে উন্মাদনায় মেতে উঠেছেন ভক্ত-সমর্থকেরা।
দেশের বিভিন্ন স্থানের মতো মৌলভীবাজারেও শুরু হয়েছে বিশ্বকাপের আমেজ। তবে এই উন্মাদনার মধ্যেই ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক ইমরান খান আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সমর্থক শিবিরে। আর তাকে বরণ করে নিতে দুধ দিয়ে গোসল করিয়ে অভিনব আয়োজন করেন আর্জেন্টিনা সমর্থকরা।
শনিবার (৬ জুন) মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে এই ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয়। বিশ্বকাপ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে ‘আর্জেন্টিনা ফ্যানস গ্রুপ অব মৌলভীবাজার’।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
আর্জেন্টিনা সমর্থক ইমরান খান জানান, ‘ছোটবেলা থেকেই তিনি ব্রাজিল দলের সমর্থক ছিলেন। প্রতিটি বড় টুর্নামেন্টে বুকভরা আশা নিয়ে প্রিয় দলকে সমর্থন করলেও সাম্প্রতিক বছরগুলোতে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় হতাশ হয়ে পড়েন।
তিনি বলেন, ‘কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ—কোথাও ব্রাজিল কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না। দীর্ঘদিন ধরে হতাশ ছিলাম। তাই এবার আর্জেন্টিনার সমর্থক হিসেবে নতুন যাত্রা শুরু করলাম।’
বিশ্বকাপকে সামনে রেখে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয় রাজনগরে। কেক কেটে আর্জেন্টিনা দলের জন্য শুভকামনা জানান সমর্থকেরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল শিকদার, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম বকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
পরে বাদ্যযন্ত্রের তালে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় নাচ-গান ও নানা আয়োজনে উৎসব উদযাপন করেন আর্জেন্টিনা সমর্থকেরা।
আর্জেন্টিনা ফ্যানস গ্রুপ অব মৌলভীবাজারের অ্যাডমিন ফুয়াদ আহমদ মুরাদ বলেন, ‘বিশ্বকাপের আগে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে। প্রিয় দলের সাফল্য কামনায় আমাদের এই আয়োজন। তবে এবারের অনুষ্ঠানের সবচেয়ে ব্যতিক্রমী দিক ছিল একজন ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনা শিবিরে যোগদান এবং তাকে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করে নেওয়া।’
চার বছর পর আগামী ১১ জুন শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের মহারণ। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর মতো বাংলাদেশের সমর্থকেরাও এখন অপেক্ষার প্রহর গুনছেন। কার হাতে উঠবে বিশ্বকাপের সোনালি ট্রফি—সেই প্রশ্নের উত্তর মিলবে আগামী ১৯ জুলাইয়ের ফাইনালের পর। তবে তার আগেই রাজনগরের এই ব্যতিক্রমী আয়োজন প্রমাণ করে দিয়েছে, বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আবেগ ও উন্মাদনা বিশ্বকাপের সঙ্গে কতটা গভীরভাবে জড়িয়ে আছে।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন