সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০১:৩০ পি.এম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিছিল ও গুলিবর্ষণের ঘটনায় সোহেলী তামান্না নামের এক ব্যক্তির হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা মামলার আসামি, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন (৫৫) আবারও গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। ভাটারা থানার উপপরিদর্শক মো. আমিনুর রহমান আসামিকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এ বিষয়ে নিশ্চিত করেছেন।
এদিন ছানোয়ারকে আদালতে উপস্থাপন করা হলে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন, যা শুনানি হয়। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ৫ আগস্ট সকালে ভাটারা থানার ১-৮ নম্বর আসামিদের নেতৃত্বে ২০০ থেকে ৩০০ জন আওয়ামী লীগের নেতাকর্মী অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। সেই সময় গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্রের আঘাতে সোহেলী তামান্না বাঁ হাতের কব্জিতে গুরুতর আঘাত পান এবং পিঠে গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর সোহেলী তামান্না বাদী হয়ে ভাটারা থানায় হত্যাচেষ্টা মামলা করেন।
গ্রেপ্তার দেখানোর আবেদনে উল্লেখ করা হয়েছে, মামলার তদন্তকালে তথ্য-প্রমাণ ও সাক্ষ্যে দেখা যায়, ছানোয়ার হোসেন ঘটনার সময় স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অস্ত্রধারী নেতাকর্মীদের উসকানিমূলক বক্তব্য দিয়ে হামলায় সরাসরি সহযোগিতা করেছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাশিয়ার একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিভিন্ন স্থানে রবিবার অন্তত আটজনের মৃত্যু হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, মস্কো যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পর হামলার তীব্রতা বৃদ্ধি পেয়েছে।
এএফপি সূত্রে জানা যায়, হামলার ফলে উত্তরাঞ্চলীয় সুমি শহরে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। সেখানে একটি শিশু কেন্দ্রে হামলার ফলে তিনজন নিহত হয়েছেন। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কির তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে একজন ১৬ বছরের কিশোরী রয়েছে। এছাড়া, জাপোরিঝঝিয়া অঞ্চলে রাতের হামলায় তিনজন নিহত হওয়ার খবর জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাজধানী কিয়েভে ড্রোন হামলায় এক ব্যক্তি এবং ওদেসা অঞ্চলে ব্যাপক হামলায় আরো একজন নিহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকোর দেওয়া তথ্যে জানা যায়, রাজধানীতে এক নারী ও ১৬ বছর বয়সী দুই কিশোর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আঞ্চলিক প্রশাসন জানায়, হামলায় ১৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে ১২টি আবাসিক ভবন, একটি গুদাম ও একটি উৎপাদন কেন্দ্র অন্তর্ভুক্ত রয়েছে।
ওদেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার বলেন, হামলায় কয়েকটি আবাসিক ভবনের পাশাপাশি একটি দোকান, হোটেল, চিকিৎসাকেন্দ্র ও শস্যগুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলেনস্কি জানিয়েছেন, গত সাত দিনে ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে রাশিয়া প্রায় ৩ হাজার ৯০০টি ড্রোন, আকাশ থেকে নিক্ষেপযোগ্য বোমা ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ওই সময়ে রাশিয়া ২ হাজার ২০০টির বেশি আক্রমণাত্মক ড্রোন, প্রায় ১ হাজার ৬৫০টি আকাশ বোমা এবং বিভিন্ন ধরনের ৩৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। উল্লেখযোগ্যসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছিল বলেও তিনি দাবি করেন।
জেলেনস্কির দাবি, এসব হামলায় ইউক্রেনের বিভিন্ন এলাকায় দুটি কিন্ডারগার্টেন, দুটি স্কুল, আবাসিক ভবনসহ বেশ কিছু বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়া যদি সত্যিই যুদ্ধের তীব্রতা কমানোর উদ্যোগ নিতে চাইত, তাহলে সাম্প্রতিক সময়ে ‘শাহেদ’ ড্রোনের ধারাবাহিক হামলা দেখা যেত না।
তবে মস্কো বরাবরই বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করে এসেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিয়েভভিত্তিক কিয়েভস্টার ও ওমেগা টেলিকমের দুটি ডেটা সেন্টারে হামলা চালানো হয়েছে। মস্কোর দাবি, এসব প্রতিষ্ঠান ইউক্রেনীয় সামরিক বাহিনীকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করছিল। এ হামলার সঙ্গে সংশ্লিষ্ট একটি ড্রোনের ছবিও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
জাতিসংঘের সাধারণ পরিষদে শনিবার দেওয়া বক্তব্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, মস্কো সামরিক অভিযান ‘শেষ পর্যন্ত’ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। ইউক্রেনের খারকিভ অঞ্চলের সীমান্তবর্তী খ্রিপুনি গ্রাম দখলের দাবিও করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে খারকিভ অঞ্চলকে রাশিয়া নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে না। যুদ্ধের সময় অঞ্চলের কিছু এলাকায় রুশ বাহিনী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
রাশিয়া ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসন অঞ্চলকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে। একই সঙ্গে পূর্ব ইউক্রেনের বাকি এলাকাগুলো নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্যও মস্কো প্রকাশ্যে জানিয়েছে। অন্যদিকে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান কূটনৈতিক উদ্যোগ এখনও বড় কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সংঘাত দীর্ঘায়িত হওয়ায় ইউক্রেনে বেসামরিক মানুষের হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণও বৃদ্ধি পাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনার পাইকগাছায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে ২৮ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের সভাপতিত্বে। সভায় "এক সাথে আরও শক্তিশালী - জলাতঙ্ক মুক্ত বিশ্ব গড়ি" এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ, জুনিয়র কনসালটেন্ট গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সুজন কুমার সরকার, মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার মন্ডল, ডা. প্রান্ত সরকার, ডা. নয়ন কুমার সরকার এবং ডা. তানভীর আহমেদ। বক্তব্য রাখেন নার্স সুপারভাইজার হামিদা খাতুন, প্রধান সহকারী দেবব্রত সরকার এবং পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম। সভায় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ উল্লেখ করেন, আজ বিশ্ব জলাতঙ্ক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের উপজেলাতেও দিবসটি যথাযথভাবে পালন করা হচ্ছে। তিনি বলেন, জলাতঙ্ক একটি অত্যন্ত মারাত্মক ও প্রাণঘাতী রোগ, তবে আশার কথা হলো, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ ও সতর্কতার মাধ্যমে এই রোগ শতভাগ প্রতিরোধযোগ্য।
ডা. আহসানারা আরও বলেন, জলাতঙ্ক মূলত আক্রান্ত কুকুর, বিড়াল, শিয়াল, বেজি বা বাঁদরের কামড় বা আঁচড়ের মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়। এই রোগের জীবাণু শরীরে প্রবেশ করলে একবার উপসর্গ দেখা দিলে মৃত্যু প্রায় অবধারিত। তাই এ রোগ নিয়ে অবহেলা বা কুসংস্কারের কোনো সুযোগ নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের প্রতিষেধক টিকা বা এর চিকিৎসার ব্যবস্থা রয়েছে বলেও জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীল এই কর্মকর্তা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনবল নিয়োগের জন্য সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ১০ নম্বর ক্রমিকে উল্লেখিত ‘উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)’ পদের শিক্ষাগত যোগ্যতা সংশোধন করে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)।
এই দাবি সোমবার (২৮ সেপ্টেম্বর) সংগঠনটির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেনের সই করা একটি চিঠির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) বরাবর জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে ১০ম গ্রেডের ‘উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)’ পদের জন্য ডিপ্লোমাধারীদের পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারিং (স্নাতক) ডিগ্রিধারীদেরও আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। আইডিইবির দাবি, এটি সরকারের বিদ্যমান আইন ও প্রজ্ঞাপনের সরাসরি লঙ্ঘন।
আইডিইবি জানায়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং-সম (বিধি-২) পদোন্নতি ২৭/৯৪-১৬৪ (তারিখ: ১৯/১১/১৯৯৪) এবং অর্থ মন্ত্রণালয়ের ০৩/১২/১৯৯৪ তারিখের স্মারক অনুযায়ী ১০ম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদগুলো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদধারীদের জন্য নির্ধারিত।
এছাড়া, অর্থ মন্ত্রণালয়ের ১৯৭৮ সালের প্রজ্ঞাপন অনুযায়ী দেশের সব দপ্তর ও সংস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে ইউনিফর্ম পদবী দেওয়ার সুস্পষ্ট বাধ্যবাধকতা রয়েছে বলেও সংগঠনটি উল্লেখ করেছে।
আইডিইবির নেতৃবৃন্দ অভিযোগ করেন, সরকারি নির্দেশনা উপেক্ষা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত দেশের ৮ লাখ ডিপ্লোমা প্রকৌশলী ও ৪ লাখ শিক্ষার্থীকে ক্ষুব্ধ করেছে। তারা অবিলম্বে নিয়োগ বিজ্ঞপ্তির ১০ নম্বর ক্রমিক সংশোধন করে উপ-সহকারী প্রকৌশলী পদে শুধুমাত্র কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ রেখে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের চতুর্থ দিনে সংস্কারকাজ শুরু হয়েছে। একই সঙ্গে দখলদারদের লাগানো সাইনবোর্ডটি সরিয়ে প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ড পুনরায় টাঙানো হয়েছে।
আজ সোমবার সকালে সংস্কারকাজ এবং পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম খোলা আকাশের নিচে চলছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের তত্ত্বাবধানে এই সংস্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রাজ্জাক। তিনি উল্লেখ করেন, স্বাস্থ্যসেবা দ্রুততার সঙ্গে পরিচালনার জন্য আগামী এক সপ্তাহের মধ্যে স্বাস্থ্যকেন্দ্রটি নির্মাণ করা হবে।
এদিকে, সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও মায়ের ডাকের সানজিদা ইসলাম তুলি।
তিনি বলেন, হামলার ঘটনার পেছনে কারা জড়িত, তা নিয়ে তদন্ত চলছে। সরকার যথাযথ ব্যবস্থা নেবে।
এর আগে, গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, হামলার পর তাদের প্রতিষ্ঠানের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছিল।
এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে। ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ