০৭:৫৫ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তার এবং মাদক নিয়ন্ত্রণ নিয়ে গোলাগুলির ঘটনায় দুইদিন পর নিখোঁজ রিফাত- (২৮) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় নরসিংদী জেলার করিমপুর এলাকায় মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বুধবার (১৭ জুন) সকালে নিহতের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের সঙ্গে মরদেহ হস্তান্তর করা হয়। নিহত রিফাতের স্ত্রী এবং তিন মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
এলাকাবাসী ও স্থানীয় সূত্র জানায়, নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল দাসপাড়ায় গত রোববার গোলাগুলির ঘটনার সময় রিফাত-(২৮) নামে এক যুবক গুরুতর আহত হন। এই ঘটনার পর থেকে রিফাত নিখোঁজ হয়ে যান। এ ছাড়া গুলির ঘটনায় কনিকা রানী দাস-(৩৫) নামে এক নারীও গুলিবিদ্ধ হন। পরে মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদী জেলার করিমপুর এলাকায় মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। রাতের বেলায় রিফাতের বোন মুক্তা লাশটি শনাক্ত করেছেন।
নিহত রিফাতের বোন মুক্তা বেগম অভিযোগ করে বলেন, তার ভাইকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। মরদেহে একাধিক গুলির চিহ্ন দেখা গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের আলামত রয়েছে। পোস্টমর্টাম ও দাফনের পর এই ঘটনার জন্য তারা মামলা দায়ের করবেন।
আরও পড়ুন: আলফাডাঙ্গায় ১৬১ অসহায় পরিবার পেল হাঁস-মুরগি, স্বাবলম্বী হওয়ার স্বপ্ন
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ জানান, রিফাতের লাশ উদ্ধারের বিষয়টি আমরা জেনেছি। ঘটনার খবর পেয়ে সোমবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী স্যার সহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোন মামলা করা হয়নি।
মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন