ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

ঢাকায় কুশ চাষের গোপন ল্যাব, যুক্তরাষ্ট্রে বসে নিয়ন্ত্রণ করতেন তৌসিফ


ঢাকায় কুশ চাষের গোপন ল্যাব, যুক্তরাষ্ট্রে বসে নিয়ন্ত্রণ করতেন তৌসিফ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অবস্থান থেকে দূরনিয়ন্ত্রিত প্রযুক্তির সাহায্যে রাজধানীর ওয়ারীতে গড়ে উঠা অত্যাধুনিক ‘কুশ’ চাষের ল্যাবের নিয়ন্ত্রণ করতেন তৌসিফ হাসান (২২)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার সকাল ৯টার দিকে ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিটের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০টি মেথামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসান জানান, চলতি বছরের জানুয়ারি মাসে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচারের চেষ্টা সংক্রান্ত ঘটনার অনুসন্ধান করতে গিয়ে তৌসিফের সংশ্লিষ্টতা সামনে আসে। পরে ওয়ারীর ওই বাসায় অভিযান চালিয়ে অপ্রচলিত সিনথেটিক মাদক কুশ চাষের জন্য বিশেষভাবে তৈরি ল্যাবের সন্ধান পান অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানে যুক্তরাষ্ট্র থেকে আনা কুশের বীজ, চাষ করা গাছ, সদ্য সংগ্রহ করা কুশ, চাষের বিভিন্ন উপকরণ, সিসা সেবনের সরঞ্জাম ও বিদেশি মদ উদ্ধার করা হয়। বাসার ছাদে টিন ও ফয়েল পেপার দিয়ে তৈরি তাপমাত্রা নিয়ন্ত্রিত বিশেষ কক্ষে একাধিক টবে কুশ চাষের প্রমাণ পাওয়া যায়।

আরও পড়ুন: লিফট ব্যবহারের অনুমতি নেই, মাথায় ব্লক নিয়ে ২১ তলা উঠলেন শ্রমিক

ডিএনসির কর্মকর্তারা জানান, তৌসিফ যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কুশ চাষের কৌশল রপ্ত করেন। পরে দেশে ফিরে নিজের বাসায় বিশেষায়িত ল্যাব স্থাপন করেন এবং বিদেশে অবস্থান করেও প্রযুক্তির মাধ্যমে ল্যাবের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করতেন। তদন্তে উঠে এসেছে যে, এ কাজে তার এক বান্ধবীও সহযোগিতা করতেন।

সূত্র জানায়, ওই বান্ধবীর মাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসে ৩২টি ইয়াবা যুক্তরাষ্ট্রে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। ডিএনসির অভিযানে সেই ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ওই ঘটনায় তৌসিফের বান্ধবী ও বাসার তত্ত্বাবধায়ককে গ্রেপ্তার করা হয়েছিল এবং টঙ্গী পশ্চিম থানায় দায়ের করা মামলায় তৌসিফকে পলাতক আসামি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তাঁকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল ডিএনসি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌসিফ ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে ইয়াবা ও কুশ সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন। তার মাদক সংগ্রহ ও সরবরাহের উৎস এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্তে অনুসন্ধান চলছে। এ ঘটনায় ওয়ারী থানায় একটি নতুন মামলা দায়ের করা হয়েছে।

ডিএনসির কর্মকর্তারা আরও জানান, কুশ হলো বিশ্বে জনপ্রিয় ও তীব্র প্রতিক্রিয়াশীল এক ধরনের বিশেষ গাঁজা বা ক্যানাবিস ইন্ডিকা প্রজাতিভুক্ত মাদক, যা সাধারণ গাঁজার তুলনায় অনেক বেশি শক্তিশালী। আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের সীমান্ত অঞ্চলে অবস্থিত হিন্দুকুশ পর্বতমালা থেকে এই বিশেষ জাতের গাঁজার উৎপত্তি হওয়ায় এর নামকরণ করা হয়েছে ‘কুশ’। কুশ মূলত ফুল শুকিয়ে ধোঁয়া বা ভেপের মাধ্যমে সেবন করা হয়। এটি অত্যন্ত প্রাণঘাতী একটি মাদক।

আরও পড়ুন: ওয়াশিংটন ডিসিতে রাবি অ্যালামনাইয়ের পক্ষ থেকে ড. মেহেদীকে ফুলেল শুভেচ্ছা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনার নেভি অ্যাংকরেজ কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ অর্জন ২১ জনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০২ এম


খুলনার নেভি অ্যাংকরেজ কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ অর্জন ২১ জনের

যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় খুলনার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ অসাধারণ কৃতিত্বের মাধ্যমে শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে। ইংরেজি ভার্সনের এই প্রতিষ্ঠানে অংশগ্রহণকারী ৬১ জন শিক্ষার্থীর সবাই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন এবং তাদের মধ্যে ২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) অর্জন করেছেন।

দক্ষিণ অঞ্চলে মানসম্মত শিক্ষা প্রদানে এবং সুশৃঙ্খল পরিবেশে শিক্ষাদানে অগ্রণী ভূমিকা পালন করে আসা এই প্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য প্রদর্শন করেছে।

এ বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে মাত্র তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাসের গৌরব অর্জন করেছে, যার মধ্যে নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ অন্যতম।

এর আগে, প্রতিষ্ঠানটি ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬’-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল) হিসেবে তৃতীয় স্থান অধিকার করে এবং এর অধ্যক্ষ কমান্ডার মো. মাহবুব-ই-জামান (শিক্ষা) বিএন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান (কলেজ) হওয়ার গৌরব অর্জন করেন।

পরীক্ষায় এই অভূতপূর্ব সাফল্যের জন্য স্কুল পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি (কমান্ডার, খুলনা নৌ অঞ্চল), অধ্যক্ষ, সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি, আগামী দিনগুলোতেও সফলতার এই ধারাবাহিকতা বজায় রাখতে গভর্নিং বডির সভাপতি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবির জগন্নাথ হল থেকে ছাত্রলীগ নেতা অর্ক সাহা আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০২ এম


ঢাবির জগন্নাথ হল থেকে ছাত্রলীগ নেতা অর্ক সাহা আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল থেকে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমাজসেবা সম্পাদক অর্ক সাহাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা।

রোববার (১ নভেম্বর) বিকালে হলের একটি ক্যান্টিন থেকে তাকে আটক করা হয়। পরে মারধরের শিকার অবস্থায় অর্ক সাহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। সেখান থেকে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, অর্ক সাহা প্রায়ই জগন্নাথ হলে যাতায়াত করতেন। রোববার বিকালে হলের একটি ক্যান্টিনে খাবার খাওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা তাকে দেখে আটক করেন। পরে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, "ছাত্রলীগের পদধারী কারো নামেই হলে এখন কোনো আসন বরাদ্দ নেই। তাদের সবার আসন আগেই বাতিল করা হয়েছে।" তিনি জানান, অর্ক সাহা মাঝে মাঝে হলে যাতায়াত করতেন। রোববার তাকে দেখে শিক্ষার্থীরা আটক করেন।

তিনি আরও উল্লেখ করেন, "হলে এ ধরনের অন্য কেউ অবৈধভাবে অবস্থান করছেন কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে হল প্রশাসন। অর্ক সাহাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশ দেখবে।"

ঘটনার বিষয়ে জগন্নাথ হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ধ্রুব রায় জানান, দীর্ঘদিন ধরে অর্ক সাহা রাতে হলে লুকিয়ে অবস্থান করছিলেন। রোববার দিনের বেলায় তাকে দেখতে পেয়ে তারা আটক করেন। সম্প্রতি জগন্নাথ হলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় অর্ক সাহা জড়িত থাকতে পারেন বলেও অভিযোগ করেন তিনি।

শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান এ বিষয়ে বলেন, অর্ক সাহা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনানীতে নলকূপ খননে গ্যাস বেরিয়ে আগুন, মজুদ নিরূপণে জরিপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০২ এম


ইনানীতে নলকূপ খননে গ্যাস বেরিয়ে আগুন, মজুদ নিরূপণে জরিপ

কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে আগুন লেগে যায়। গ্যাসের সম্ভাব্য মজুদ নিরূপণের জন্য ভূতাত্ত্বিক জরিপ এবং ২ডি সিসমিক জরিপসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

রবিবার (১ নভেম্বর) পেট্রোবাংলার পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পেট্রোবাংলা জানায়, গত ২৭ অক্টোবর কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতুর কাছে এই ঘটনা ঘটে। এক হাজার ফুট খননের পর ভূগর্ভ থেকে গ্যাস বের হয়ে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার পরপরই বাপেক্সের দুইজন ভূতত্ত্ববিদ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা কক্সবাজারে অবস্থান করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, আগুন ছড়িয়ে পড়া রোধ করতে গ্যাস উন্মুক্তভাবে নির্গমনের সুযোগ দেওয়া হচ্ছে। আনুমানিক ১৫ দিনের মধ্যে আগুনের প্রবাহ ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা রয়েছে।

পেট্রোবাংলা জানায়, যদি আগুনের প্রবাহ যথানিয়মে কমে না আসে, তবে বিশেষজ্ঞ টিমের মাধ্যমে বিকল্প ব্যবস্থা হিসেবে অগ্নিনির্বাপণ এবং গ্যাস প্রবাহ বন্ধের কার্যক্রম গ্রহণ করা হবে।

সতর্কতা হিসেবে ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। পেট্রোবাংলা, বাপেক্স এবং স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক মনিটরিং করছে।

এ বিষয়ে জনগণের প্রতি আতঙ্কিত না হওয়ার এবং প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরফ্যাশনে ৪৫৫ একর জমি নিয়ে ২৩০ ভূমিহীন পরিবার এমপির কাছে আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১১ এম


চরফ্যাশনে ৪৫৫ একর জমি নিয়ে ২৩০ ভূমিহীন পরিবার এমপির কাছে আবেদন

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় সরকারের বন্দোবস্ত দেওয়া প্রায় ৪৫৫ একর জমি স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে জোরপূর্বক জবরদখলের অভিযোগ উঠেছে। এর ফলে ২৩০টি ভূমিহীন পরিবার দীর্ঘদিন ধরে জমি থেকে বঞ্চিত হয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে জমির বৈধ দখল ফিরে পেতে এবং জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় সংসদ সদস্যের কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৪-২০০৫ অর্থবছরে সরকারি নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই শেষে চরফ্যাশন উপজেলার ১০১ নম্বর চর আইচা মৌজার ০৮ নম্বর শিটে ২৩০ জন ভূমিহীন প্রজার অনুকূলে প্রায় ৪৫৫ একর জমি বন্দোবস্ত দেয় সরকার। বন্দোবস্ত পাওয়ার পর থেকে প্রজারা নিয়মিত সরকারি খাজনা পরিশোধ করে জমিতে চাষাবাদ ও ভোগদখল করে আসছিলেন। কিন্তু পরবর্তী সময়ে একটি প্রভাবশালী মহল নানা কৌশলে এসব জমি জবরদখল করে নেয়।

অভিযোগে বলা হয়েছে, জমি আত্মসাতের উদ্দেশ্যে একটি বিত্তশালী মহল নামে-বেনামে ভুয়া কাগজপত্র তৈরি করে ভূমিহীনদের জমি দখল করে রেখেছে। ফলে পরিবারগুলোর জীবিকা ও আর্থিক নিরাপত্তা আজ হুমকির মুখে পড়েছে। জমি উদ্ধারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার সালিশ-মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্তরা তা মানেননি। উল্টো তাদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে বিতাড়িত করার চেষ্টা চলছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে মো. আলমগীর মুন্সি, মো. রবি আলম, ৯ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. আলমগীর চৌকিদার, মো. কমলু, মো. রফিকুল, মো. শফিকুল ইসলাম (লোটাস) ও মো. নূরমলীর নাম উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ভুক্তভোগীদের পক্ষে আবেদনকারীদের মধ্যে রয়েছেন মো. নুরুল আমিন, মো. মুসলিম জমাদার, মো. হাল্লাদ দফাদার, মো. আলাউদ্দিন পাটোয়ারী, মো. আলাউদ্দিন মিঝি ও মো. কামাল ডাক্তার প্রমুখ।

অভিযোগকারী নুরুল আমিন দাবি করেন, চর মানিকা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ আলমগীর চৌকিদারের নেতৃত্বে একটি চক্র বিগত সরকারের আমলে স্থানীয় এক প্রভাবশালী নেতার নাম ব্যবহার করে বন্দোবস্তীয় জমিগুলো দখল করেছিল। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর অভিযুক্তরা নতুন মহলের নাম ভাঙিয়ে এখনো জমিগুলো অবৈধভাবে ভোগদখল করে আসছেন।

তবে অভিযোগ অস্বীকার করে গ্রাম পুলিশ মো. আলমগীর চৌকিদার বলেন, আমরা যে জমিতে চাষাবাদ করছি, সেগুলো অভিযোগকারীদের জমি নয়। এগুলো ভিন্ন মৌজার জমি। এরপরও বিষয়টি নিয়ে থানায় বসার সিদ্ধান্ত হয়েছে। যাঁদের কাছে প্রকৃত বৈধ কাগজপত্র থাকবে, তারাই জমির ফসল পাবেন।

দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির জানান, ভুক্তভোগীরা ভোলা-৪ আসনের সংসদ সদস্য বরাবর একটি আবেদন করেছেন এবং এমপি মহোদয় সেটিতে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আজ ভুক্তভোগীরা আবেদনটি থানায় নিয়ে আসার পর এসআই দিদারকে উভয় পক্ষকে ডেকে বিষয়টি নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে চলা এই বিরোধ নিরসন করে প্রকৃত কাগজপত্র যাচাইপূর্বক জমিগুলো অবৈধ দখলমুক্ত করা এবং অসহায় পরিবারগুলোর চাষাবাদ নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%