ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রাম ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডে আজ অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা


চট্টগ্রাম ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডে আজ অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে দিনভর আন্দোলন সত্ত্বেও বুধবার (১৫ জুলাই) চট্টগ্রাম বিভাগ ছাড়া অন্য সব বোর্ডে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে শিক্ষা প্রশাসন অটল রয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ফেসবুক পোস্টের মাধ্যমে সরকারের এই অবস্থান স্পষ্ট করে দিয়েছেন।

তিনি উল্লেখ করেছেন, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের অন্যসব বোর্ডের আওতাধীন এলাকায় পরীক্ষার অনুকূল পরিবেশ বিদ্যমান।

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

মাহদী আমিন আরো জানিয়েছেন, বিরূপ আবহাওয়ায় পরীক্ষা নেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় গত কয়েক দিন ধরে আবহাওয়া অধিদপ্তর এবং প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে। মঙ্গলবার সকালের দিকে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। সব পক্ষের সর্বসম্মত মতামতের ভিত্তিতে পরীক্ষার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ভারী বর্ষণে সাময়িক জলাবদ্ধতা তৈরি হলেও সার্বিক পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি—এই পাঁচ জেলায় আগামী ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। অন্যদিকে, বাকি সব বোর্ডে পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের সুরক্ষার স্বার্থে স্থানীয় প্রশাসনকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। মাহদী আমিন জানান, যদি কোথাও যাতায়াত বা জলাবদ্ধতার কারণে কোনও সমস্যা হয় তাহলে স্থানীয় প্রশাসন প্রয়োজনে কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত কিংবা সময় বাড়ানোর সিদ্ধান্ত নেবে। এছাড়া, বিরূপ আবহাওয়ার কারণে যদি কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারে তবে তিনি চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার সঙ্গে একই দিনে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।

পরীক্ষার্থীদের প্রসঙ্গে মাহদী আমিন মন্তব্য করেন, পরীক্ষার্থীরা আমাদের সন্তানতুল্য। তাদের ভবিষ্যৎ, স্বপ্ন ও মানসিক অবস্থার গুরুত্ব সরকার গভীরভাবে উপলব্ধি করে। নিরাপদ পরিবেশে পরীক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। একই সঙ্গে, শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রস্তুতির মূল্যায়ন করে যথাসময়ে পরীক্ষা সম্পন্ন করাও সরকারের দায়বদ্ধতা।

আরও পড়ুন: দেশে ধারাবাহিকভাবে বেড়েই চলেছে দরিদ্র মানুষের সংখ্যা

পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে দুটি ভুল পাওয়া গেছে বলে স্বীকার করে মাহদী আমিন জানান, ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ছবি ও ভিডিও ছড়িয়ে অপপ্রচার এবং রাজনৈতিক উসকানির বিরুদ্ধে সতর্কবার্তা দেন। উল্লেখযোগ্য, বৈরী আবহাওয়ায় পরীক্ষা নেওয়া এবং প্রশ্নপত্রে ভুলের প্রতিবাদে গতকাল মঙ্গলবার ঢাকায় এইচএসসি পরীক্ষার্থীরা দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। রাতে শিক্ষামন্ত্রী পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দিলে আন্দোলন সাময়িকভাবে স্থগিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা, ভারতের প্রতিক্রিয়া কী?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৭ এম


শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা, ভারতের প্রতিক্রিয়া কী?

চলতি বছর ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনা করছেন, বলেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেয়া এক বিশেষ টেলিফোন সাক্ষাৎকারে তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন। দীর্ঘ এক ঘণ্টার ওই সাক্ষাৎকারে ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশের অভ্যন্তরে ফেরার সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছেন।

শেখ হাসিনা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন যে, ডিসেম্বর মাসে তিনি দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে দেশে ফিরবেন এবং স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করবেন।

সাবেক প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর, বিষয়টি নিয়ে কথা বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৪ জুলাই) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, ‘এই ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হয়নি। যে কোনো প্রত্যাবাসন ইস্যু সম্পূর্ণ একটি আইনগত ব্যাপার। এটি সেই আইনি প্রক্রিয়া অনুযায়ীই ব্যবস্থা নেয়া হবে।’

উল্লেখ্য, শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে দেশ ছাড়েন এবং এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। বর্তমানে তিনি দেশটির রাজধানী দিল্লির একটি গোপন স্থানে রয়েছেন বলে জানা গেছে। এরই মধ্যে ভারতে তার অবস্থানের প্রায় দুই বছর পূর্ণ হতে চলেছে। বাংলাদেশে আদালতে জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে।

আদালতের এই রায়ের পর এবং ভারতে প্রায় দুই বছর কাটানোর পর, আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার এই ঘোষণা নতুন করে রাজনৈতিক মহলে কৌতূহল ও জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লঘুচাপের আশঙ্কা, ৫ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:১১ এম


লঘুচাপের আশঙ্কা, ৫ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যেই সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে,

বুধবার (১৫ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি ঘটতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।

এদিকে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। হাসপাতাল ছাড়াও দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়ার আরো খবর,

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাংশে সক্রিয় এবং দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজমান রয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র একটি ‘জলদস্যু’ রাষ্ট্রে পরিণত হবে: লুলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৯ এম


যুক্তরাষ্ট্র একটি ‘জলদস্যু’ রাষ্ট্রে পরিণত হবে: লুলা

হরমুজ প্রণালি, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর মাধ্যমে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ২০ শতাংশ ফি ধার্য করার মার্কিন পরিকল্পনাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা।

ওয়াশিংটনের এই পদক্ষেপের কঠোর সমালোচনা করে তিনি বলেছেন, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে মার্কিন যুক্তরাষ্ট্র একটি ‘জলদস্যু’ রাষ্ট্রে পরিণত হবে। দীর্ঘদিন ধরে জলদস্যুতার বিরুদ্ধে লড়াই করা একটি পরাশক্তি নিজেই এখন জলদস্যুর ভূমিকা নিতে পারে না বলে তিনি মন্তব্য করেন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি হরমুজ প্রণালিতে ইরানের বন্দরগুলোর ওপর আবারও নৌ-অবরোধ আরোপ করতে যাচ্ছেন। একই সাথে এই সংকীর্ণ ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথটি উন্মুক্ত রাখতে, এর মধ্য দিয়ে যাতায়াতকারী সমস্ত কার্গো জাহাজ থেকে ২০ শতাংশ মাশুল আদায় করা হবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।

ট্রাম্পের এই ঘোষণার পরিপ্রেক্ষিতে সাও পাওলোতে আয়োজিত এক জনসভায় অভ্যন্তরীণ ক্ষোভ প্রকাশ করেন ব্রাজিলের প্রবীণ এই বামপন্থী নেতা। লুলা বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি হরমুজ প্রণালী অবমুক্ত করবেন, কিন্তু এর বিনিময়ে সেখান দিয়ে পার হওয়া প্রতিটি জাহাজের তেলের মালিককে ২০ শতাংশ অর্থ দিতে হবে। অতীতে এ ধরনের কাজকে জলদস্যুতা হিসেবে গণ্য করা হতো। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি বড় দেশের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এছাড়াও, চলমান এই সংঘাতের কারণে, ব্রাজিলের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের পাশাপাশি চাল, ডাল, টমেটো ও পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণের দাম আকাশচুম্বী হচ্ছে বলে সতর্কবার্তা দেন লুলা।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের হামলার পর ইরান এই গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটি অবরোধ করে। পরবর্তীতে জুনে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়, তবে নতুন করে উত্তেজনা শুরু হওয়ার ফলে ট্রাম্প আবারও অবরোধ এবং কঠোর মাশুল আরোপের হুমকি দিচ্ছেন।

আগামী অক্টোবরে ব্রাজিলের সাধারণ নির্বাচনে চতুর্থ মেয়াদের জন্য লড়তে যাওয়া ৮০ বছর বয়সি লুলা জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় দেশের সাধারণ মানুষকে স্বস্তি দিতে তাঁর সরকার ইতোমধ্যে জ্বালানির ওপর বিশেষ কর মওকুফসহ বেশ কিছু জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে।

সূত্র: আরব নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৮ এম


নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ

আজ বুধবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় পে স্কেল প্রণয়নের লক্ষ্যে গঠিত সচিব কমিটি আবার বৈঠকে বসছে।

বহুল আলোচিত এ বৈঠকে নতুন বেতনকাঠামোর সম্ভাব্য রূপরেখা, আর্থিক প্রভাব ও বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

২০১৫ সালের পে স্কেল কার্যকর থাকায় দীর্ঘ এক দশক ধরে নতুন বেতনকাঠামো নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন পে স্কেল নির্ধারণে তিনটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে—ক্রমবর্ধমান মূল্যস্ফীতির প্রভাব, বিভিন্ন গ্রেডের মধ্যে বেতনবৈষম্য এবং সরকারের আর্থিক সক্ষমতা।

গত কয়েক বছরে খাদ্যপণ্য, বাসাভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় সরকারি চাকরিজীবীদের প্রকৃত ক্রয়ক্ষমতা কমেছে।

ফলে বেতনকাঠামো পুনর্বিন্যাসের দাবি জোরালো হয়েছে। জন প্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শুধু বেতন বৃদ্ধি নয়, বরং পুরো বেতনকাঠামোকে আরো যুগোপযোগী ও কার্যকর করার বিষয়েও আলোচনা হচ্ছে।

বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বাস্তবসম্মত করা, পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির সম্পর্ক শক্তিশালী করা এবং বিভিন্ন ভাতা পুনর্বিবেচনার প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে বাংলাদেশ সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদলও নতুন পে স্কেল নিয়ে সরকারের পরিকল্পনা সম্পর্কে অবহিত হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আইএমএফকে জানিয়েছেন যে নতুন পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে, যাতে একবারে বড় আর্থিক চাপ তৈরি না হয়।

আইএমএফ মূলত জানতে চেয়েছে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের ফলে সরকারের ব্যয় কত বাড়বে এবং তা কিভাবে সামাল দেওয়া হবে।

সাম্প্রতিক সময়ে আলোচনায় আইএমএফ বাংলাদেশকে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা, রাজস্ব আহরণ বাড়ানো এবং ব্যয় ব্যবস্থাপনায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

সংস্থাটি মনে করে, স্থায়ী রাজস্বভিত্তি শক্তিশালী না করে বড় বিশেষ ব্যয় বৃদ্ধি দীর্ঘ মেয়াদে আর্থিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

একই সঙ্গে তারা ধাপে ধাপে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পক্ষে মত দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%